Logo

ধর্ম

রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠের ফযিলত

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:০১

রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠের ফযিলত

মুমিনের অন্যতম বড় সৌভাগ্য হলো প্রিয় নবি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর উপর দরুদ পাঠ করা। কুরআন ও হাদিসে এর বিশেষ ফযিলতের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আল্লাহ তাআলা কুরআনে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর উপর অনুগ্রহ করেন ও তাঁর ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ! তোমরাও তাঁর উপর দরুদ ও সালাম প্রেরণ করো।’ (সূরা আল-আহযাব, আয়াত : ৫৬)

হাদিসে দরূদের ফযিলত

হজরত আব্দুর রহমান ইবনে আবু লাইলা (রহ.) বর্ণনা করেন, কা’ব ইবনে উজরা (রা.) আমাকে বললেন, আমি কি আপনাকে একটি উপহার দেব না, যা আমি রাসূলুল্লাহ (সা.) থেকে শুনেছি?

আমি বললাম, হ্যাঁ দিন।

তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম ‘হে আল্লাহর রাসূল! আমরা কীভাবে আপনার ও আহলে বাইতের উপর দরুদ পাঠ করব? কেননা, আল্লাহ তো শুধু আমাদের শিখিয়েছেন কীভাবে সালাম জানাতে হবে।’ রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘তোমরা এভাবে বলবে-

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

অর্থঃ ‘হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এবং ইবরাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী।

হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বংশধরদের উপর বরকত দান করুন; যেভাবে আপনি বরকত দান করেছেন ইবরাহিম আলাইহিস সালাম এবং ইবরাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ)

দরুদ পাঠের বিশেষ উপকারিতা

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৩৮৪)

আরেক হাদিসে এসেছে- ‘তোমরা যেখানেই থাক, আমার উপর দরূদ পাঠ করো। নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে।’ (সুনান আবু দাউদ, হাদিস : ২০৪২)

কিয়ামতের দিন তাঁর নিকটবর্তী কে হবেন- এই সুসংবাদ দিয়ে নবী করীম (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিনে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে সেই, যে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করেছে।’ (সুনান তিরমিজি, হাদিস : ৪৮৪)

রাসূলুল্লাহ (সা.)-এর উপর দরুদ পাঠ করা আল্লাহর ভালোবাসা অর্জনের এক মহান মাধ্যম। তাই প্রতিটি মুমিনের উচিত প্রতিদিন অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া এবং এর মাধ্যমে নিজের আমলনামা উজ্জ্বল করা।

 আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন