Logo

ধর্ম

রাসূল (সা.)-এর পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮

রাসূল (সা.)-এর পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

পৃথিবীর জন্য রহমত হয়েই আগমন করেছেন প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসলেই আল্লাহর প্রিয় হওয়া যায়। তাই তো পৃথিবীর সবকিছু থেকে অধিক ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবীকে। আমরা নবীজিকে দেখিনি, দেখিনি আমাদের প্রতি নবীজির ভালোবাসা ও দরদ। তবে নবীজিকে না দেখেও তাকে অনুভব করার সুযোগ করে দিয়েছে হাদিসে নববি। আমরা হাদিস থেকে জানতে পেরেছি নবীজির প্রতিটি কথা, নবীজির ব্যথা, নবীজির ভালো লাগা ও ভালোবাসার সবকিছু। সেই ভালোবাসার দিশা দিতে প্রকাশিত হয়েছে নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।

বইটিতে হাদিস ও প্রামাণ্য গ্রন্থ থেকে তুলে ধরা হয়েছে নবীজির ভালো লাগা ও প্রিয় বিষয়গুলো। যেমন- তিনি কী খেতে ভালোবাসতেন, কোন বাহনে চলাফেরা করতেন, কেমন পোশাক পরতেন, কোন পাত্রে পানি পান করতেন, কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কিংবা কোন নাতিকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

বইটির লেখক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, বইটি সাবলীল ও সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে বড়রা যেমন গভীরভাবে উপকৃত হবেন, ছোটরাও আনন্দের সঙ্গে পড়ে নবীপ্রেমে ভরে উঠবে। আপনার সন্তানদের সিরাতের প্রতি আকৃষ্ট করতে এবং প্রিয় নবীর ভালোবাসায় গড়ে তুলতে এ বই হতে পারে একটি মূল্যবান উপহার।

পাঠক এখানে তথ্যের পাশাপাশি নবীজির ভালোবাসা ও দরদের এক অনন্য চিত্র এক মলাটে পাবেন। পাঠকের হৃদয় নবীপ্রেমে ভরে উঠবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে উদ্বুদ্ধ হবে।

সীরাতুন্নবী সা.-এর বৈচিত্র্যময় গ্রন্থ প্রকাশিত হচ্ছে নবীজির ওফাতের হাজার বছর পরও। এটিও নবীজির মোজেজা বলে উল্লেখ করেছেন লেখক। তাঁর মতে, নবীকে জানার ও পাঠ করার তৃষ্ণা কখনো কমেনি, কেয়ামত পর্যন্তও কমবে না।

বইটির প্রকাশক ও তাজদিদ পাবলিকেশনের চেয়ারম্যান আহমাদ রিফাত বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবনই মানবতার শান্তি ও মুক্তির সংবিধান। মুসলিম উম্মাহর পরিপূর্ণ আদর্শ। মুমিনজীবনের আয়না।

তাঁর প্রতিটি কথা, কাজ, পছন্দ-অপছন্দ, আচার-অভ্যাস ও মৌন সম্মতিই ছিল আমাদের জন্য বিধান ও শিক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আশেকে রাসুল দাবি করলেও জানি না, কোন কাজগুলো ছিল তাঁর প্রিয় ও পছন্দের; কোন বিষয়গুলো তিনি ভালোবাসতেন!

‘নবীজির প্রিয় ১০০’ বইটি এই দৃষ্টিকোণ থেকে বাংলাভাষীদের জন্য একদমই ব্যতিক্রমী প্রয়াস, সন্দেহ নেই। বইটি শুধু ইতিহাস বা সিরাতের ধারাবাহিক বর্ণনা নয়, বরং নবীজীবনের নানামুখী বর্ণচ্ছটায় তৈরি সুবিন্যস্ত এক পুষ্পস্তবক। পাঠকমাত্রই বইয়ের পাতায় পাতায় আবিষ্কার করবেন নবীজির প্রিয় ও পছন্দের কাজ, থরে থরে সাজানো ভালোবাসার দাস্তান! আশা করছি, বইটি পাঠকদের উদ্বেলিত করবে।

লেখক পরিচিতি

‘নবীজির প্রিয় ১০০’ বইটির রচয়িতা মুফতি আবদুল্লাহ তামিমের জন্ম কুমিল্লা সিটি কর্পোরেশনের একদম পূর্ব দিকের গ্রাম পাঠানকোটে। ছোটবেলা থেকে পড়াশোনার শুরুটা মাদরাসায় হলেও ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স আলিয়া থেকে তাফসিরে কামিল সম্পন্ন করেন তিনি। কওমি মাদরাসা থেকে ইফতাও সম্পন্ন করেছেন। তার বাবাও একজন আলেমেদীন। শিক্ষাজীবনের সমাপ্ত করে কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা ঢাকা ও ঢাকা আইডিয়াল সিটেজন মাদরাসাতেও শিক্ষকতা করেছেন। ২০১৫ সালে সাংবাদিকতা শুরু করেন আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমে। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক ছিলেন দীর্ঘ অর্ধ যুগ। বর্তমানে দেশের টপ রেকিং স্যাটেলাইট টিভি চ্যানেল সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি। 

এ ছাড়াও মারকাযুশ শায়েখ আরশাদ আল মাদানি ঢাকা মাদরাসায় দাওরায়ে হাদিস-পরবর্তী উচ্চতর ইসলামি গবেষণা বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবেও নিয়োজিত আছেন। উপদেষ্টা হিসেবে আছেন জনপ্রিয় অনলাইন কুরআন শিক্ষা প্ল্যাটফর্ম বাংলা ইকরা একাডেমিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের ১৬৫ দেশের বিগ মুসলিম কমিউনিটি ‘আলফাফা’ বাংলাদেশ পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার।

বই পরিচিতি

বই: নবীজির প্রিয় ১০০

লেখক: মুফতি আবদুল্লাহ তামিম

প্রকাশনী: তাজদিদ পাবলিকেশন

মলাট মূল্য: ৩৪৭


ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন