পবিত্র কোরআনেই রয়েছে সত্য ও নির্ভুল এক জীবনব্যবস্থা
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০
মানুষের জীবন সংগ্রামের মূল চালিকাশক্তি হলো সত্যের অনুসন্ধান। কোনটা সঠিক আর কোনটা ভুল- তা নির্ণয়ে মানুষ বারবার বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তি দূর করার জন্যই আল্লাহ তাআলা মানবজাতির জন্য নবী-রাসূল পাঠিয়েছেন। আর তাদের দিয়েছেন বিধান। উম্মতে মুহাম্মদের জন্য যেমন রয়েছে কোরআনুল কারিম। এই বিধান সত্য ও নির্ভুল, তাই আল্লাহ ঘোষণা করে- ‘এই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; মুত্তাকীদের জন্য হিদায়াত।’ (সুরা বাকারা, আয়াত ২)
হিদায়াতের এই মহাগ্রন্থ মানুষের জীবনযাপনের পূর্ণাঙ্গ দিশারি। কোরআনের নির্দেশনা হলো, ‘যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যে জীবনোপকরণ তাদেরকে দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে।’ (সুরা বাকারা, আয়াত ৩)
এখানে তিনটি মৌলিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে- ১. গায়েবের প্রতি ঈমান: অদৃশ্য বিষয় যেমন আল্লাহ, আখিরাত, ফেরেশতা- এসবের প্রতি দৃঢ় বিশ্বাস ছাড়া ঈমান পূর্ণ হয় না। ২. নামাজ প্রতিষ্ঠা করা: নামাজ হলো আল্লাহর সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। ৩. আল্লাহর পথে ব্যয়: সম্পদে প্রকৃত মালিক আল্লাহ। তাই দান-সদকা ও জাকাতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করাই প্রকৃত কল্যাণ।
অস্থির এই পৃথিবীতে মানুষ খুঁজে ফিরছে শান্তি ও নিরাপত্তা। সেই শান্তির স্থায়ী উৎস কোরআনুল কারিমের হিদায়াতেই নিহিত। মুত্তাকীরা যেভাবে গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর পথে ব্যয় করে, সেভাবেই আমাদের জীবনকেও আলোকিত করতে হবে।
আইএইচ/

