Logo

ধর্ম

ইসলামে স্ত্রীর প্রশংসা সম্পর্কে যা বলা হয়েছে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

ইসলামে স্ত্রীর প্রশংসা সম্পর্কে যা বলা হয়েছে

স্বামী-স্ত্রী পরস্পরের সবচেয়ে নিকটতম ও আপনজন। তাদের সম্পর্ক এতই গভীর যে পবিত্র কোরআনে স্ত্রীকে স্বামীর এবং স্বামীকে স্ত্রীর জন্য পোশাকস্বরূপ আখ্যায়িত করা হয়েছে। যেমন পোশাক দেহকে আচ্ছাদিত করে, রক্ষা করে এবং দেহের সঙ্গে নিবিড়ভাবে লেগে থাকে- তেমনি স্বামী-স্ত্রীও একে অপরের অন্তরঙ্গ সঙ্গী।

আল্লাহ তায়ালা বলেন, ‘তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৭)

দাম্পত্য জীবনের ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও প্রশংসা এই সম্পর্ককে আরও দৃঢ় ও সুন্দর করে তোলে। ইসলাম একজন মুমিন ব্যক্তিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর ব্যবহার ও প্রশংসা করার শিক্ষা দিয়েছে। আর স্ত্রীর ভালো গুণ ও কাজের প্রশংসা করাও সুন্নত। প্রিয় নবী (সা.) নিজেও এ শিক্ষা বাস্তবে পালন করেছেন।

হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রীদের মধ্যে খাদিজা (রা.)-এর প্রতি সবচেয়ে বেশি ঈর্ষা করতাম। কারণ, রাসুলুল্লাহ (সা.) প্রায়ই তাঁকে স্মরণ করতেন এবং তাঁর প্রশংসা করতেন। আর ওহীর মাধ্যমে তাঁকে জান্নাতে একটি মুক্তার প্রাসাদ দেওয়ার সুসংবাদও জানানো হয়েছিল।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২২৯; সহিহ মুসলিম, হাদিস: ২৪৩৯)

আরেকটি হাদিসে হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে। তবে নারীদের মধ্যে পূর্ণতা অর্জন করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারইয়াম। আর আয়েশার মর্যাদা অন্য সব নারীর ওপর যেমন, তেমনি সারিদের (তৎকালীন শ্রেষ্ঠ খাদ্য) মর্যাদা অন্যান্য খাদ্যের ওপর।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৪১১)

সুতরাং, দাম্পত্য জীবন পারস্পরিক অধিকার আদায়ের সম্পর্কের পাশাপাশি ভালোবাসা, সম্মান, প্রশংসা ও আত্মত্যাগের এক অপূর্ব বন্ধন। আর কোরআন ও হাদিস আমাদের এই শিক্ষা দেয় যে, স্বামী-স্ত্রী একে অপরের পোশাকস্বরূপ। তারা পরস্পরের জন্য আড়াল, নিরাপত্তা ও সৌন্দর্যের মাধ্যম।

যেহেতু প্রিয় নবী (সা.)-এর জীবন আমাদের সামনে সর্বোত্তম দৃষ্টান্ত। সেই তিনিই স্ত্রীদের প্রশংসা করেছেন, তাদের মর্যাদা দিয়েছেন এবং সম্পর্ককে ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে দৃঢ় করেছেন। তাই আজকের যুগেও প্রতিটি মুসলিম স্বামী-স্ত্রীর কর্তব্য হলো একে অপরকে সম্মান করা, ভালো গুণকে স্বীকৃতি দেওয়া এবং ভালোবাসার মাধ্যমে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা।

এভাবেই দাম্পত্য জীবন হবে শান্তির নীড় এবং আল্লাহর রহমতে ঘেরা ছায়াময় আবাস।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন