Logo

ধর্ম

যে আমলে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি পায়

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮

যে আমলে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি পায়

হাদিসে বর্ণিত এমন অনেক আমল রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন এবং তাঁর কাছে মর্যাদা বুলন্দ করেন। এর মধ্যে বিশেষ তিনটি আমলের কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে- সঠিকভাবে অজু করা, অধিক পরিমাণে মসজিদে যাওয়া এবং এক ওয়াক্তের নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষা করা। 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের উদ্দেশে বললেন, ‘আমি কি তোমাদেরকে এমন আমলের সংবাদ দিব না, যা করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে?’ সাহাবায়ে কিরাম বললেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ তখন তিনি বললেন, ‘তা হলো-কষ্টকর সময়েও অজু সম্পূর্ণ করা, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ নেওয়া এবং এক নামাজ শেষ করার পর অন্য নামাজের অপেক্ষায় থাকা।” (সহিহ মুসলিম, হাদিস : ২৫১)

অজুর ফজিলত

অজুর বিশেষ ফজিলতের কথা একাধিক হাদিসে এসেছে। নুআইম মুজমির (রহ.) বর্ণনা করেন- তিনি আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠেছিলেন। তখন আবু হুরায়রা (রা.) অজু করে বললেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে অজুর প্রভাবে ডাকা হবে, তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের যে এ উজ্জ্বলতা বাড়াতে পারে, সে যেন তা করে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৩৬)

মসজিদে গমনকারীর মর্যাদা

যে ব্যক্তি অধিক পরিমাণে মসজিদে আসে, তার ঈমানদার হওয়ার সাক্ষ্য দিতে বলা হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন-রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমরা কাউকে বারবার মসজিদে যেতে দেখ, তার ঈমানের সাক্ষ্য দাও।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯৩)

উল্লিখিত হাদিসগুলো দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি অজু সুন্দরভাবে করে, মসজিদের দিকে অধিক পদক্ষেপ নেয় এবং এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষা করে- আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন