Logo

ধর্ম

মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনে যা বলা হয়েছে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪

মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনে যা বলা হয়েছে

মানুষের ভেতরের জগৎ অনেক সময় বাইরের আড়ম্বরের আড়ালে চাপা পড়ে যায়। কেউ মুখে ঈমানের কথা বলে, আবার অন্তরে লালন করে অন্য কিছু। সুরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা এমন কিছু মানুষের কথা বলেছেন, যারা ঈমানের দাবি তো করে, কিন্তু তাদের অন্তর ও কর্মে তার ছাপ পাওয়া যায় না। এরা ভেবেছিল নিজেদের বুদ্ধি ও কৌশলে সবাইকে ফাঁকি দেবে। কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছিল।

পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। কারণ, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তারা মিথ্যা বলত।’ (সুরা বাকারাহ: ৮-১০)

এই আয়াতগুলো আমাদের সামনে মুনাফিকদের এক জীবন্ত ছবি এঁকে ধরে। তারা সমাজে বিশ্বাসযোগ্যতার মুখোশ পরে থাকত, কিন্তু অন্তরে লুকিয়ে রাখত অবিশ্বাস ও স্বার্থপরতা। তারা ভাবত, ঈমানদারদের ঠকিয়ে সুবিধা নেওয়া যাবে। অথচ আল্লাহর দৃষ্টির আড়ালে কিছুই যায় না। তাদের অন্তরের রোগ- অবিশ্বাস, হিংসা, অহংকার ক্রমেই বাড়তে থাকে। আর সেই অন্তরজগতের অসুখই একসময় তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

পবিত্র কোরআনের এই বার্তা আজও আমাদের জন্য বড় শিক্ষা। আমরা কি শুধু মুখে ঈমানের দাবি করি, নাকি অন্তরেও সেই ঈমানের আলোকে জীবন সাজাই? আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস মানে সৎ চরিত্র, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ও ভয়-ভালোবাসায় গড়া জীবন। যারা এ থেকে দূরে সরে যায়, তাদের অবস্থান সেই জাহেলি যুগের মুনাফিকদের মতোই- বাহ্যিক সাজসজ্জায় জ্বলজ্বল করলেও অন্তরে অন্ধকার। 

সুরা বাকারার এই আয়াতগুলো আমাদের সতর্ক করে দেয়, যেন আমরা ঈমানকে মুখের বুলি না বানাই। কারণ, ঈমানের অর্থ হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস, জিহ্বার স্বীকৃতি এবং জীবনের প্রতিটি কাজে তার প্রকাশ। আত্মপ্রবঞ্চনা হয়তো সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু শেষ বিচারের দিনে তা মানুষের জন্য নিয়ে আসবে কেবল যন্ত্রণা। তাই প্রত্যেকেরই উচিত নিজের ঈমানের ব্যাপারে যত্নশীল হওয়া- আমাদের অন্তরে কি সত্যিই ঈমানের আলো আছে, নাকি কেবল মুখোশ? আল্লাহ আমাদের অন্তরকে সুস্থ রাখুন এবং সত্যিকার ঈমানদারদের দলে অন্তর্ভুক্ত করুন, আমীন।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল কোরআন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন