কোরআনের যে দোয়া পাঠে আল্লাহ বান্দার গোনাহ ক্ষমা করে দেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১
মানুষ স্বভাবতই দুর্বল এবং তার ভেতরে পাপ প্রবণতা বিদ্যমান। এ কারণেই মানুষ অনেক সময় সচেতন কিংবা অসচেতনভাবে পাপ করে ফেলে। এ বিষয়ে হাদিসে এসেছে- রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে।’ (বুখারি, হাদিস : ২৪৫৫) অর্থাৎ মানুষ স্বভাবত সহজ ও আকর্ষণীয় কাজের প্রতি ঝুঁকে পড়ে, যা অনেক সময় পাপের পথে নিয়ে যায়। তবে আল্লাহ তায়ালা অসীম দয়ালু। বান্দা যখন পাপ করে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করে, তখন তিনি তা ক্ষমা করে দেন। কেননা, পাপী বান্দাকে ক্ষমা করতে তিনি ভালোবাসেন।
পাপ থেকে মুক্তির জন্য মানুষকে সর্বদা তওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে বান্দাদের এভাবে দোয়া করতে শিক্ষা দিয়েছেন। সূরা আল ইমরানে একটি দোয়া এসেছে- আরবি দোয়া:
رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَ اِسۡرَافَنَا فِیۡۤ اَمۡرِنَا وَ ثَبِّتۡ اَقۡدَامَنَا وَ انۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ
উচ্চারণ: রাব্বানা-গফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়াংছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।
অর্থ: ‘হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং আমাদের দৃঢ়পদ রাখুন, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।’ (সূরা আল ইমরান, আয়াত : ১৪৭)
মানুষ যতই পাপের প্রতি প্রবণ হোক না কেন, আল্লাহর দরবারে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে তিনি অবশ্যই ক্ষমা করেন। তাই আমাদের উচিত প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করা এবং তাঁর নিকট দোয়ার মাধ্যমে ক্ষমা চাইতে থাকা। কোরআন ও হাদিসে বর্ণিত এ ধরনের দোয়াগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত লাভে সহায়ক।
আইএইচ/

