Logo

ধর্ম

মুসলিম ভাইয়ের প্রতি সহানুভূতিশীল থাকার ব্যাপারে হাদিসে যা বলা হয়েছে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪

মুসলিম ভাইয়ের প্রতি সহানুভূতিশীল থাকার ব্যাপারে হাদিসে যা বলা হয়েছে

মানুষ স্বভাবতই একে অন্যের ওপর নির্ভরশীল। জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্তে সে অন্যের সহায়তা কামনা করে। দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কিংবা আনন্দ-উল্লাস; সব ক্ষেত্রেই মানুষ তার পাশে চায় একটি সহানুভূতির হাত। এ জন্যই ইসলামের শিক্ষা হলো সহযোগিতা আর ভ্রাতৃত্ব বজায় রেখে সর্বাবস্থায় মুসলিম ভাইয়ের প্রতি সহানুভূতিশীল থাকা। 

আবদুল্লাহ ইবনু উমার (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। 

অন্য হাদিসে বর্ণিত হয়েছে, যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দুর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। (বুখারি, হাদিস : ২৪৪২)  

এখানে ভাই বলতে কেবল রক্তের সম্পর্ক নয়, বরং ঈমানের বন্ধনে আবদ্ধ সব মুসলিমকে বোঝানো হয়েছে। ইসলামের দৃষ্টিতে ঈমানের বন্ধন রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই।' (সুরা হুজুরাত, আয়াত: ১০)

একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর জুলুম করতে পারে না। অর্থ, মান-সম্মান, সম্পদ কিংবা কোনো অধিকার হরণ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

যালিমের হাতে সোপর্দ না করা। এখানে বোঝানো হয়েছে; যদি একজন মুসলিমকে কোনো যালিম আক্রমণ করে বা তার উপর অন্যায় চাপায়, তবে অন্য মুসলিম চুপচাপ তাকিয়ে থাকতে পারবে না। বরং তার সাহায্যে এগিয়ে আসতে হবে।

নবী (সা.) বলেছেন, যে তার ভাইয়ের প্রয়োজন মেটায়, আল্লাহ তার প্রয়োজন মেটান। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা শুধু দুনিয়াতেই শান্তি আনে না, বরং আখিরাতে আল্লাহর সাহায্য পাওয়ারও মাধ্যম হয়।

যে মুসলিম তার ভাইয়ের দুঃখ-কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনের ভয়াবহ বিপদ থেকে তাকে রক্ষা করবেন। কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বেশি দুঃখ-ভয় থাকবে; তখন আল্লাহ তার জন্য সহজ করে দেবেন।

মানুষের দুর্বলতা আছে। কেউ যদি কোনো মুসলিমের ব্যক্তিগত দোষ গোপন রাখে এবং সমাজে তা ছড়িয়ে না দেয়, আল্লাহও কিয়ামতের দিন তার দোষগুলো গোপন করবেন। তবে শর্ত হলো- দোষটি এমন হতে হবে যা সমাজের জন্য ক্ষতিকর নয়; সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালে প্রকাশ করা জায়েজ।

ডিআর/আইএইচ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল কোরআন আল হাদিস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন