Logo

ধর্ম

শিশুদের প্লে-জোন ও বই-সিরিজে জমে ওঠেছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০

শিশুদের প্লে-জোন ও বই-সিরিজে জমে ওঠেছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ এ শুধু বড়দের জন্য নয়, শিশুদের জন্যও থাকছে ভিন্নমাত্রার আয়োজন। শিশুদের বই, সিরিজ, ফ্ল্যাশকার্ড ও বিজ্ঞান বাক্সের পাশাপাশি রয়েছে আনন্দমুখর কিডস প্লে-জোন। ফলে বই পড়ার পাশাপাশি বাচ্চারা পাচ্ছে খেলাধুলার পরিবেশও।

এবার মেলায় শিশুদের জন্য বিশেষভাবে সাজানো স্টলগুলোতে পাঠক-অভিভাবকদের ভিড় বেড়েই চলেছে। সুকুন পাবলিশিং এনেছে তিনটি সিরিজ, আদব-আখলাক নিয়ে গল্প, মসজিদ নিয়ে গল্প ও আল্লাহর ১২ নামের গল্প। সঙ্গে আছে ২৪ কার্ডের সিরাতভিত্তিক ফ্ল্যাশকার্ড। প্রকাশকদের দাবি, এগুলোর উদ্দেশ্য হলো ছোটদের শৈশব থেকেই নবীজী (সা.) ও মসজিদের ধারণা দেয়া।

অন্যদিকে নাশাত পাবলিকেশন শিশুদের জন্য এনেছে একটি সিরিজ ও ২৪টি বই। তাদের উদ্দেশ্য, শিশুরা যেন ইসলামী সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় এবং ভ্রান্ত সাহিত্য থেকে দূরে থাকে।

অন্যদিকে টুন টুন পাবলিকেশন এনেছে ৪ লেভেলের বাংলা ও ইংরেজি সিরিজ। বাংলা সংস্করণে রয়েছে সহানুভূতি সিরিজ ও আরও তিনটি বই। ক্রেতারা বলছেন, বইগুলোর মান ভালো হলেও দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা বলছেন, ‘আমাদের কোয়ালিটিই এমন।’

এছাড়া আতফাল এনেছে বাংলা পাঁচটি ও ইংরেজি চারটি সিরিজ, বিজ্ঞানীদের নিয়ে বিশেষ সিরিজসহ আরও অনেক বই। ক্রেতারা জানিয়েছেন, বাজারে ইসলামী শিশুতোষ বইয়ের অভাব থাকলেও আতফালের বইগুলো সেই শূন্যতা পূরণ করছে।

ফিউচার উম্মাহ বিডি এনেছে পাঁচটি সিরিজ ও প্রায় ৩০টি বই। তাদের উদ্দেশ্য হলো ইসলামের জ্ঞানসম্পন্ন শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলা। অনেক ক্রেতার মতে, সিরিজ আকারে প্রকাশিত বইগুলো বিশেষভাবে আকর্ষণীয়। শিশুদের আগ্রহ বাড়াতে মেলায় রয়েছে মোট ১৭টি বিজ্ঞান বাক্স, যেমন আলোর ঝলক, চুম্বকের চমক, তড়িৎ তাণ্ডব ইত্যাদি। এতে শিশুরা বই পড়ার পাশাপাশি হাতে-কলমে শেখা ও বানানোর আগ্রহ পাচ্ছে।

লিটল উম্মাহ এনেছে নয়টি সিরিজ ও দুটি বই। তাদের বইগুলো শিশুদের ইসলামমুখী করে তুলতে সহায়ক, এমনটাই জানালেন অভিভাবকরা। অন্যদিকে শিশু কানন প্রায় ২০০ বই ও পাঁচটি সিরিজ সাজিয়েছে তাদের স্টলে। ক্রেতাদের মতে, তাদের বইগুলো শিশুদের জন্য মানসম্মত ও শিক্ষণীয়।

এবারের মেলা শিশুদের বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। সেখানে শিশুরা খেলছে, হাসছে, নতুন বন্ধু বানাচ্ছে, এ যেন আনন্দ আর শিক্ষার মিলনমেলা।

উল্লেখ্য, আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। এটি চলবে মাসব্যাপী, আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন