Logo

ধর্ম

যে আমল বান্দার জীবনে কল্যাণ বয়ে আনে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪০

যে আমল বান্দার জীবনে কল্যাণ বয়ে আনে

মানুষের জীবন যাত্রা শুধু দুনিয়াদয় সীমাবদ্ধ নয়, বরং তা দেহ, মন এবং আত্মার সম্মিলিত সাধনা। ইসলাম মানুষের প্রতিটি দিকেই ভারসাম্যের শিক্ষা দিয়েছে। অতিরিক্ততা বা অবহেলা—দুটিই শরীর, মন ও আত্মার জন্য ক্ষতিকর। এ বিষয়ে ইমাম হাফিজ ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ) তাঁর অমূল্য গ্রন্থ যাদ আল-মায়াদ–এ জীবনবিধানের কিছু অমূল্য উপদেশ তুলে ধরেছেন। এসব নির্দেশনা আমাদের দৈনন্দিন জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে এবং স্বাস্থ্য, মানসিক শান্তি ও রিযিকে বরকত আনতে সাহায্য করবে।

শরীরের ক্ষতি ও ধ্বংসের কারণ 

ইবনুল কাইয়িম (রহ.) উল্লেখ করেছেন, তিনটি বিষয় শরীরকে অসুস্থ করে তোলে- অকারণে অতিরিক্ত কথা বলা, অধিক ঘুম ও বিশ্রামে ডুবে থাকা এবং অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত আহার করা। অন্যদিকে চারটি বিষয় শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায়- দুঃশ্চিন্তা ও পেরেশানি, দুঃখ ও হতাশা, অতিরিক্ত ক্ষুধা এবং অনর্থক রাত জাগরণ। এ উপদেশগুলো আমাদের মনে করিয়ে দেয়, শরীরের সুস্থতা জীবনযাপনের অভ্যাসেও এর বড় ভূমিকা রয়েছে।

চেহারার দীপ্তি ও সম্মানের ভিত্তি 

মানুষের চেহারা ও ব্যক্তিত্ব কেবল বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, বরং চরিত্র ও আচরণের প্রতিফলনও এতে প্রকাশ পায়। চারটি জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়- মিথ্যা বলা, ঔদ্ধত্য ও অহংকার, ইলমি বিষয়ে ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা এবং লজ্জাহীনতা ও অশ্লীলতা। বিপরীতে চারটি গুণ মানুষকে সম্মান ও আনন্দ ফিরিয়ে দেয়- তাকওয়া, সত্যবাদিতা, দানশীলতা এবং আত্মসম্মান রক্ষা। 

রিযিকে বরকত ও সংকীর্ণতার কারণ

রিযিকের ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম (রহ.) চারটি উপায় উল্লেখ করেছেন যা রিযিক বৃদ্ধি করে- রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায় করা, সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর যিকির করা, নিয়মিত দান করা এবং দিনের শুরু ও শেষে যিকির করা। অন্যদিকে চারটি বিষয় রিযিক কমিয়ে দেয়- ফজরের পর সকাল বেলা ঘুমিয়ে থাকা, সালাতে অবহেলা করা, অলসতা এবং প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।  

মানবজীবনের সব দিকেই ইসলাম মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। ইমাম ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ)-এর এই উপদেশগুলো আমাদের জীবনকে পরিশুদ্ধ করার পথ দেখায়। শরীরের সুস্থতা, চেহারার দীপ্তি এবং রিযিকের প্রশস্ততা- সবমিলেই এক সুন্দর ও অর্থবহ জীবন গড়ে তোলে। তাই প্রয়োজন আত্মশুদ্ধি, পরিমিত জীবনযাপন এবং আল্লাহর স্মরণে অবিচল থাকা। 

সূত্র : যাদ আল-মাআদ; চিকিৎসা অধ্যায় : ৪/৩৭৮

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন