Logo

ধর্ম

আমেরিকাকে খুশি করলে আপনাদের ঠিকানা হবে জাহান্নাম : মুফতি আব্দুল মালেক

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৭

আমেরিকাকে খুশি করলে আপনাদের ঠিকানা হবে জাহান্নাম : মুফতি আব্দুল মালেক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল শুক্রবার (৩ অক্টোবর) জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়ে আমাদেরকে হিন্দুত্ববাদ শিখাতে চায় সরকার। বিদ্যালয়ে সঙ্গীতের নামে হিন্দুয়ানি সংস্কৃতি শিক্ষা দেওয়া এর চেয়ে বড় প্রতারণা আর কী হতে পারে। সংস্কারের নামে এটা বড় কুসংস্কার। খতিব বলেন, গান, নাচ, বাদ্যযন্ত্র বাজানো কুশিক্ষা। এটা জাতির জন্য অকল্যাণকামিতা। এটার ঠিকানা জাহান্নাম। মনে রাখতে হবে, দ্বীন ও ইসলাম হারানোর জন্য জনগণ সন্তানদের স্কুলে পাঠায় না। 

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের ধর্ম শিক্ষা দেওয়া হয় না, কুরআন শিক্ষা দেওয়া হয় না। সন্তানদের নৈতিকতা ধ্বংসের অসৎ উদ্দেশ্যে স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবিলম্বে বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। খতিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আল্লাহকে ভয় করুন। মোদিকে ও আমেরিকাকে খুশি করলে আপনাদের ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ ও তাঁর রাসূলকে খুশি করুন। 

খতিব আরও বলেন, পবিত্র কুরআনে ইরশাদ করা হয়েছে, 'আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরাহ করার জন্য কিছু লোক আছে বাদ্যযন্ত্র ও গায়িকা খরিদ করে। এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে।'

খতিব বলেন, নবী করীম (সা.) বলেন, শাসককে নিয়মিত খাঁটি ও কল্যাণকামী হতে হবে। শাসনকার্য ইনসাফপূর্ণ হতে হবে। ন্যায়পরায়ণ শাসক আরশের নীচে ছায়া পাবেন। খতিব বলেন, আল্লাহ বলেন, তোমার অধিনস্তরা তোমার হাতের মুঠায়। অধিনস্তদের হক পুরোপুরি আদায় করছো কি না হাশরের ময়দানে জিজ্ঞেসিত হতে হবে। অধিনস্তদের প্রতি কল্যাণকামী হতে হবে। কল্যাণকামিতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

খতিব বলেন, ইসলামের মৌলিক শিক্ষা জনগণের জন্য কল্যাণকামীতা। শাসককে জনগণের জন্য কল্যাণকামী হতে হবে। যে সেবা দেওয়ার কথা ছিল জনগণ তা' পাচ্ছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। শাসক যদি কল্যাণকামিতায় ধোঁকা দেয় তার ঠিকানা হবে জাহান্নাম। নবী (সা.) বলেছেন, কেউ মুসলিম হয়ে খাদ্যে দ্রব্যে ভেজাল দেয় সে আমাদের দলভুক্ত নয়। খতিব বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিশাল ঘাটতি রয়েছে। বিদ্যালয়ে মূল শিক্ষকের হাজার হাজার পদ খালি। খালি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ নাচ গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটা লুঙ্গি খুলে পাগড়ি পড়ার ন্যায়। নাচ গান বাদ্যযন্ত্র হারাম। নবী (সা.) বলেছেন, এমন সময় আসবে রেশমি কাপড়, বাদ্যযন্ত্র ও মদকে হালাল করে নিবে। উপদেষ্টারা কি নাচুন্না বুড়ি হয়ে গেছেন নাকি? এসব সংস্কারের নামে কুসংস্কার।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন