Logo

ধর্ম

শবেবরাতে করণীয়-বর্জনীয়

Icon

মুফতি উবায়দুল হক খান

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২

শবেবরাতে করণীয়-বর্জনীয়

ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। এ দ্বীন মানুষকে যেমন আল্লাহর ইবাদতে উৎসাহিত করে, তেমনি সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি থেকেও কঠোরভাবে সতর্ক করে। সময়, স্থান ও অবস্থাভেদে আল্লাহ তাআলা কিছু বিশেষ মুহূর্তকে বিশেষ ফজিলত ও বরকতের অধিকারী করেছেন, যাতে বান্দা সে সময়গুলোতে অধিক মনোযোগ ও আগ্রহের সাথে ইবাদতে আত্মনিয়োগ করতে পারে। শবে বরাত এমনই একটি ফজিলতপূর্ণ রাত, যা নিয়ে মুসলিম সমাজে চরম বাড়াবাড়ি ও চরম ছাড়াছাড়ি। উভয় প্রবণতাই পরিলক্ষিত হয়।

শবে বরাত : পরিচয় ও গুরুত্ব

শবে বরাত অর্থ মুক্তির রাত, ক্ষমার রাত। এটি শাবান মাসের পনেরোতম রাত। বহু সহিহ ও হাসান হাদিস দ্বারা প্রমাণিত, এ রাতে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন; তবে কিছু শ্রেণির মানুষ এ রহমত থেকে বঞ্চিত থাকে।

রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন।’

(ইবনে হিব্বান) এই হাদিসসহ একাধিক সাহাবী থেকে বর্ণিত হাদিসসমূহ একত্রে প্রমাণ করে, শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। তবে এ ফজিলত মানে এই নয়, এতে শরীয়তবহির্ভূত আমল বৈধ হয়ে যায়।

শবে বরাতে করণীয় আমলসমূহ

এক. ইখলাসের সাথে তাওবা ও ইস্তিগফার : শবে বরাতের অন্যতম প্রধান করণীয় হলো-খাঁটি অন্তরে তাওবা করা। নিজের অতীতের গুনাহ, অবাধ্যতা ও ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কুরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পার।’ (সুরা নুর : ৩১) এই রাতে তাওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। এটাই এ রাতের মূল শিক্ষা।

দুই. নফল নামাজ আদায় করা (একাকী) : শবে বরাতে একাকীভাবে নফল নামাজ পড়া মুস্তাহাব। সাহাবায়ে কেরাম ও তাবেয়ীনদের একাংশ থেকে এ আমলের প্রমাণ পাওয়া যায়। তবে মনে রাখতে হবে নির্দিষ্ট রাকাআত সংখ্যা নেই, নির্দিষ্ট সূরা নির্ধারিত নয়। ‘শবে বরাতের বিশেষ নামাজ’ নামে প্রচলিত ১২/১৬/১০০ রাকাআতের কোনো ভিত্তি নেই। সঠিক পদ্ধতি হলো- সাধারণ নফল নামাজের মতো দুই রাকাআত করে যতটা সম্ভব পড়া।

তিন. কোরআন তিলাওয়াত

কোরআন তিলাওয়াত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইবাদত। শবে বরাতে কোরআন তিলাওয়াত করলে তা নেক আমলের অন্তর্ভুক্ত হবে। তবে খতম করা জরুরি; এমন ধারণা ভুল।

চার. যিকির, দরুদ ও দোয়া : 

এই রাতে বেশি বেশি ইস্তিগফার, তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাকবির (আল্লাহু আকবার), দরুদ শরিফ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে নিজের, পরিবার, উম্মাহ ও মৃত মুসলমানদের জন্য দোয়া করা উত্তম।

পাঁচ. আত্মশুদ্ধি ও অন্তর পরিষ্কার করা

হিংসা, বিদ্বেষ, অহংকার, শত্রুতা; এই গুনাহগুলো শবে বরাতের মাগফিরাত থেকে মানুষকে বঞ্চিত করে। রাসুল সা. বলেছেন, ‘বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করা হয় না।’ অতএব, এ রাতে অন্তরকে পরিশুদ্ধ করা অত্যন্ত জরুরি।

ছয়. (মাঝে মাঝে) কবর যিয়ারত

শবে বরাতে কবর যিয়ারত জায়েয, তবে সুন্নাতে মুয়াক্কাদা নয়। রাসুল সা. থেকে জীবনে একবার এ রাতে জান্নাতুল বাকীতে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। শর্তসমূহ- একাকী যাবে; কোনো মেলা, সমাবেশ নয়; মৃতদের জন্য দোয়া করবে, মাযারকেন্দ্রিক কোনো কাজ নয়।

সাত. শাবান মাসে রোজা রাখা

শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাহ দ্বারা প্রমাণিত। ১৫ শাবান আইয়্যামে বীযের অন্তর্ভুক্ত হওয়ায় এ দিনে রোজা রাখা নেক আমল হতে পারে, নিয়ত শাবানের রোজা হিসেবে।

শবে বরাতে যেসব কাজ বর্জনীয়

এক. বিদআত ও মনগড়া আমল

নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট সুরা নির্ধারণ, দলবদ্ধ ইবাদত, শবে বরাত উদযাপন সবই বিদআত। রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি দীনে নতুন কিছু সংযোজন করল, তা প্রত্যাখ্যাত।’ (বুখারি, মুসলিম)

দুই. আতশবাজি, আলোকসজ্জা ও উৎসব

এসব কাজ অপচয়, অহেতুক আনন্দ, ইবাদতের পরিপন্থী এবং স্পষ্ট নাজায়েয।

তিন. হালুয়া-রুটি, বিশেষ খাবারের আয়োজন

শবে বরাত উপলক্ষে বিশেষ খাবার রান্না করা বা বিতরণ করার কোনো শরয়ী ভিত্তি নেই। এটিকে ইবাদত মনে করা বিদআত।

চার. মাইক দিয়ে সারা রাত ওয়াজ ও আমল

ইবাদতে ব্যাঘাত, অসুস্থদের কষ্ট, একাগ্রতা নষ্ট এগুলো শরীয়তের উদ্দেশ্যের পরিপন্থী।

পাঁচ. ভুল আকিদা পোষণ

যেমন এ রাতে ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়, মৃত আত্মা বাড়িতে আসে, না জাগলে গুনাহ হয় এসব ভিত্তিহীন ও কুসংস্কার।

মহামূল্যবান সুযোগ

শবে বরাত আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর দিকে ফিরে আসার এক মহামূল্যবান সুযোগ। সঠিক পথ হলো ইখলাস, সুন্নাহ অনুসরণ, বিদআত বর্জন ও ভারসাম্য রক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের সঠিক ফজিলত অনুধাবন করার, বিদআত থেকে বেঁচে থাকার এবং কবুলযোগ্য আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : মুহাদ্দিস, জামিআতুস সুফফাহ আল ইসলামিয়া, চৌরাস্তা, গাজীপুর

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর