Logo

ধর্ম

রমজানের আগমনে মুমিন প্রফুল্ল শয়তান জব্দ

Icon

মাহফুজ হোসাইনী

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০

রমজানের আগমনে মুমিন প্রফুল্ল শয়তান জব্দ

দুনিয়া অস্থায়ী-অল্প ক’দিনের আবাস। নির্ধারিত সময় শেষে প্রত্যেক মানুষকেই পাড়ি জমাতে হয় চিরস্থায়ী ঠিকানায়। পরকালের সফলতা ও স্থায়ী শান্তির জন্য তাই দুনিয়াতেই আল্লাহর হুকুম মেনে চলা এবং নেক আমলে আত্মনিয়োগ করা অপরিহার্য।

রমজান মাস এলে ইবাদত-বন্দেগিতে মুমিনের আগ্রহ বহুগুণে বৃদ্ধি পায়। এ মাসে প্রতিটি নেক কাজের সওয়াব বাড়িয়ে দেওয়ার ঘোষণা রয়েছে। দোয়া কবুল ও গোনাহ মাফের সুসংবাদ মুমিন হৃদয়কে ভরে তোলে অনাবিল আনন্দে। একজন সচেতন মুমিনের লক্ষ্য থাকে- ঈমানের আলোয় আলোকিত হয়ে গোনাহমুক্ত জীবন গড়ে তোলা এবং জান্নাতের পথে অগ্রসর হওয়া।

হাদিসে রমজানের বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “রমজান মাস এলে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দি করা হয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১০৭৯)

উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, “শয়তানকে শিকলে বন্দি” করার অর্থ- তাদের কুমন্ত্রণা ও প্রভাব সীমিত হয়ে যায়। ফলে মুমিনদের জন্য ইবাদত সহজতর হয় এবং গোনাহ থেকে দূরে থাকা তুলনামূলকভাবে স্বচ্ছন্দ হয়।

সিয়ামের ফজিলত সম্পর্কেও হাদিসে এসেছে অনন্য ঘোষণা। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা বলেছেন: “সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য; কিন্তু সিয়াম আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেব। সিয়াম ঢালস্বরূপ। তোমাদের কেউ সিয়ামের দিনে অশ্লীলতায় লিপ্ত হবে না এবং ঝগড়া-বিবাদ করবে না। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করে, সে যেন বলে-আমি একজন সায়িম। যাঁর হাতে মুহাম্মদের (সা.) প্রাণ, তাঁর শপথ! সায়িমের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধের চেয়েও অধিক প্রিয়। সায়িমের জন্য রয়েছে দুটি আনন্দ- ইফতারের সময়ের আনন্দ এবং রবের সঙ্গে সাক্ষাতের সময়ের আনন্দ।”
(সহিহ বুখারি, হাদিস: ১৯০৪)

রমজান তাই সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ধৈর্য, সৌজন্য ও আত্মনিয়ন্ত্রণের চর্চা মুমিনকে আধ্যাত্মিক উৎকর্ষের পথে এগিয়ে নেয়। ইবাদতের এ সোনালি সুযোগকে কাজে লাগিয়ে গোনাহমুক্ত জীবন গড়াই হোক সবার প্রত্যয়।

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর