Logo

ধর্ম

কোরআনের নূরেই রমজানের শ্রেষ্ঠত্ব

Icon

মাহফুজ হোসাইনী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭

কোরআনের নূরেই রমজানের শ্রেষ্ঠত্ব

চলছে বরকতময় রমজান মাস। আজ ষষ্ঠ রোজা। বছরের ১২ মাসের মধ্যে এই মাস সর্বশ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ। এই মাসে এমন এক রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও মর্যাদাপূর্ণ। তাছাড়া এই মাসে একটি নফল ইবাদতে মেলে ফরজ আদায়ের সওয়াব। আর ফরজ আদায়ে মেলে সত্তরটি ফরজ আদায়ের সওয়াব।

হাদিসে এসেছে, রসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানে কোনো একটি নফল ইবাদত আদায় করে, সে অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পায়। আর যে ব্যক্তি রমজানে একটি ফরজ আদায় করে, সে অন্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সওয়াব পায়’ (ইবনে খুযাইমা-১৮৮৭)।

রমজান মাসকে আল্লাহতাআলা বিশেষ ফজিলত, বরকত ও রহমত দ্বারা সম্মানিত করেছেন। এ মাসের সর্বশ্রেষ্ঠত্বের প্রধান কারণ হলো- এই মাসেই আল-কোরআন নাজিল হয়েছে।

আল্লাহতাআলা বলেন- ‘রমজান মাস- যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পায়, সে যেন তাতে রোজা রাখে’ (সুরা আল-বাকারা, আয়াত : ১৮৫)।

আর রমজানের যেই রাত তথা লাইলাতুল কদরের রাত, যা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ; এই শ্রেষ্ঠত্বও কোরআনের কারণেই। কেননা রমজান মাসের এই রাতেই কোরআন নাজিল হয়েছে। 

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো- কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ’ (সুরা আল-কদর, আয়াত : ১, ২ ও ৩)।

আমরা স্পষ্টই বলতে পারি- কোরআন নাজিলের কারণেই রমজান মাস বিশেষ মর্যাদা লাভ করেছে। রমজান কোরআনের মাস। তাই এই মাসে কোরআনের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক গড়ে তোলা জরুরি। আমরা এখনো যারা সহিহ করে কোরআন তিলাওয়াত করতে জানি না শিগগিরই শিখে নেওয়া কর্তব্য।

পরিশেষে বলবো, আমাদের প্রত্যেকের জীবন হোক কোরআনময়। কোরআনের রঙে রঙিন হোক জীবনের প্রতিটি ধাপ। কোরআন তিলাওয়াত করা ও কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করাই হোক আমাদের প্রত্যাশা। তাহলেই মিলবে দুজাহানের সফলতা। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

লেখক : আলেম, সাংবাদিক।

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রমজান ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর