রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য সময়। এই মাসে রোজা পালনের মাধ্যমে মানুষ আল্লাহভীতি ও তাকওয়ার শিক্ষা লাভ করে। আর এই তাকওয়া ও আত্মসংযমের শিক্ষাকে বাস্তব জীবনে কার্যকর করে তোলে জাকাত। জাকাত শুধু একটি আর্থিক ইবাদত নয়; বরং এটি রমজানের নৈতিক ও সামাজিক শিক্ষার বাস্তব প্রতিফলন।
রমজানের মতো জাকাতও ইসলামের পাঁচ ভিত্তির একটি। ইমান ও নামাজের পরেই জাকাতের অবস্থান। রসুল (সা.) বলেন, “ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি: (১) এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসুল; (২) নামাজ কায়েম করা; (৩) জাকাত আদায় করা; (৪) সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ পালন করা; (৫) রমজান মাসে রোজা রাখা” (সহিহ বুখারি-৮)।
রমজান আমাদের শেখায় সংযম ও আত্মনিয়ন্ত্রণ। রোজার মাধ্যমে মানুষ নিজের প্রবৃত্তিকে দমন করে এবং ভোগবিলাস থেকে বিরত থাকে। এই সংযমের শিক্ষাকে আরও সুদৃঢ় করে জাকাত। কারণ, নিজের প্রিয় সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা আত্মত্যাগের বাস্তব অনুশীলন। আল্লাহতায়ালা বলেন, “তোমরা কখনোই পূর্ণ নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করো” (সুরা আলে ইমরান-৯২)।
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সহমর্মিতা ও মানবপ্রেম। সারা দিন উপবাস থাকার ফলে ধনীরা দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুভব করতে পারে। জাকাত সেই অনুভূতিকে বাস্তব কর্মে পরিণত করে। সঠিকভাবে জাকাত প্রদান করলে দরিদ্র ও অভাবগ্রস্তদের অভাব লাঘব হয়।
রমজান মানুষকে আত্মশুদ্ধির পথে আহ্বান জানায়, আর জাকাত সম্পদের পবিত্রতা নিশ্চিত করে এবং কৃপণতা ও লোভ থেকে মানুষকে মুক্ত রাখে। নিয়মিত জাকাত আদায়ে অন্তরে কৃপণতা ও অতিরিক্ত লোভ জন্মায় না; বরং আত্মত্যাগ ও উদারতার চর্চা গড়ে ওঠে।
পরিশেষে বলা যায়, রমজানের শিক্ষায় জাকাতের ভূমিকা অপরিসীম। রোজা মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে, আর জাকাত সেই প্রস্তুতির বাস্তব প্রয়োগ ঘটায়। সুতরাং জাকাত ছাড়া রমজানের শিক্ষায় পূর্ণতা আসে না। তাই প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য ব্যক্তি ও সমাজের কল্যাণে রমজান মাসে আন্তরিকতার সঙ্গে জাকাত আদায় করা উচিত।
লেখক : আলেম, সাংবাদিক
বিকেপি/এমবি

