Logo

ধর্ম

সবার আগে আত্মশুদ্ধি

Icon

মাওলানা আব্দুর রহমান

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ২২:৪৭

সবার আগে আত্মশুদ্ধি

অবারিত কল্যাণ ও বরকত বর্ষণের মাস রমজান। এ মহিমান্বিত মাসের অন্যতম ফরজ ইবাদত রোজা, যা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুমিনের উপর আবশ্যক। বাহ্যিকভাবে রোজা আমরা সবাই রাখি। সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামচাহিদা পূরণ করা থেকে বিরত থাকি। কিন্তু মন-মস্তিষ্কের রোজার ব্যাপারে আমরা পুরোপুরি উদাসীন, যেন বেখবর।

রাসুল সা.এরশাদ করেন, মানবদেহে বিশেষ একটি গোস্তের টুকরা আছে, এটি পরিশুদ্ধ থাকলে পুরো দেহ সুস্থ থাকে। আর সে গোস্তের টুকরাটির পচন ধরলে পুরোদেহে পচন ধরে। আর সেটি হল ‘কলব’। (বুখারি: ৫০)

হাফেজ ইবনে রজব রহ. বলেন রাসুল সা. হাদিসে আদম সন্তানের সবকাজ শুদ্ধ ও অশুদ্ধ হওয়ার ব্যাপক অর্থ বহন করে এমন একটি বাণী উল্লেখ করেছেন। একজন মানুষ কেমন হবে? তা নির্ভর করে তার মন মস্তিষ্ক ভালো না খারাপ, তার ওপর। আত্মা সৎ হলে ইচ্ছা ও বাকি সব অঙ্গও সৎ হয়ে যায়। ফলে ভালো কাজ ও সৎকর্মে আগ্রহ ও তুষ্টি বোধ হয়। পক্ষান্তরে আত্মা অসৎ হলে এর বিপরীতটা লক্ষ্য করা যায়, ইচ্ছেসহ তার সকল অঙ্গ অসৎ হয়। আর সে আল্লাহর নাফরমানি ও কুকর্মে লিপ্ত হতে অনুপ্রাণিত হয় এবং নিষিদ্ধ কামনা-বাসনা পূরণে মত্ত থাকে।

মোটকথা কলব বা হৃদয় অঙ্গপ্রত্যঙ্গের রাজা। অবশিষ্ট সব অঙ্গ তার আদেশ পালনের অনুগত দাস। রাজা সৎ হলে তাঁর সেনা ও প্রজারাও সৎ হয়। আর রাজা অসৎ হলে তার আনুগত্যে থাকা সবাই অসৎ হবে এটাই স্বাভাবিক।

মানবহৃদয় বহু রূপ নেয়, ছোটাছুটি করে। তাকে স্থির রাখা জরুরী। কারণ কলব স্থির থাকলে পুরো দেহ শান্ত থাকে। এ জন্য রাসুল সা. এভাবে দোয়া করতেন, “ইয়া মুক্বাল্লিবাল ক্বলুব সাব্বিত ক্বলবি আলা দিনিকা।” অর্থ: হে দিলপরিবর্তনকারী আমার কলব আপনার দ্বীনে স্থির রাখুন।

মানবাত্মার রোজা: প্রথমত, লালসা, কুবাসনা, হিংসা, পরনিন্দা, পরশ্রীকাতরতা, পরনিন্দা, আত্মপ্রচার,আত্ম-অহংকার, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত থাকা। অতঃপর আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব জানা। তার কালাম অনুধাবন করা এবং তার শরীয়তের গুরুত্ব অনুধাবনপূর্বক তদানুপাতে জীবন পরিচালনা করা।

রাসুল সা. এরশাদ করেন যখন দুজন মুসলিম পরস্পর তরবারি নিয়ে যুদ্ধ করে তখন হত্যাকারী ও হত্যাকৃত উভয়ই জাহান্নামী। তখন প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসুল, হত্যাকারী এই; তবে হত্যাকৃত ব্যক্তির অপরাধ কী? উত্তরে তিনি বলেন সেও তো তার সাথীকে হত্যা করার প্রচেষ্টাই লিপ্ত ছিল। (সহিহ বুখারি, মুসলিম)

লক্ষণীয়, এখানে নিহত ব্যক্তি নরকে যাবে শুধু তার কলবের ইচ্ছার কারণে।

কলবের হেফাজত ও সংশোধন: মানবহৃদয় শুদ্ধ রাখা বা করার পদ্ধতি হল, সব সময় সবক্ষতিকর বস্তু বের করে দেওয়া এবং উপকারী সব উপাদান দিল- দেমাগে প্রবেশ করানো।

আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একবার রাসুল সা. কে জিজ্ঞেস করা হলো কে মানুষের মাঝে সবচাইতে ভালো? উত্তরে তিনি বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ সেই; যার হৃদয় পরিষ্কার এবং জিভ সত্যবাদী। প্রশ্ন করা হলো পরিষ্কার হৃদয়ের অর্থ কী? বললেন- যে হৃদয় সংযমী, নির্মল, যাতে কোন পাপ অন্যায় থাকেনা, এবং থাকেনা হিংসা ও বিদ্বেষ। (ইবনে মাজাহ, হাদিস: ৪২১৬) অন্য হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তির অন্তরে অনু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। (জামে তিরমিজি, হাদিস: ১৯৯৯) 

কলবের সুস্থ্য ও সংশোধনে প্রয়োজন আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা, কোরআন পাঠ, কল্যাণের জ্ঞান অন্বেষণ, হালাল খাবার গ্রহণ, সন্দেহজনক বিষয় পরিহার, রবের সুন্দর সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর হৃদয় দ্বারা অধ্যয়ন, নফল নামাজ, বিশেষত শেষ রাতের নফল তাহাজ্জুদ পড়া, জিকিরকে আবশ্যক করে নেওয়া এবং সৎ লোকদের সাহচর্য গ্রহণ করাই পারে দেহ-মন ও দিল-দেমাগকে সংশোধন করতে।

আসুন এই রমজানে আত্মাকে শুদ্ধ করে আত্মিক উন্নতি ও চারিত্রিক উৎকর্ষ সাধন করে সফলতা লাভ করে ধন্য হই। কারণ, একজন মুমিনের প্রকৃত সাফল্য আত্মশুদ্ধির ওপরই নির্ভর করে। কেননা আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সফল তারাই যারা আত্মশুদ্ধি অর্জন করেছে। (সূরা: শামস ৯)

লেখক: মুহাদ্দিস, কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদরাসা, শ্রীপুর, গাজীপুর 

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর