Logo

ধর্ম

বদর: ইসলামি রাষ্ট্রচেতনার প্রথম ভিত্তিপ্রস্তর

Icon

সুলতান মাহমুদ সরকার

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ২২:৫৩

বদর: ইসলামি রাষ্ট্রচেতনার প্রথম ভিত্তিপ্রস্তর

ইসলামের ইতিহাসে এমন কিছু ক্ষণ রয়েছে, যা শুধু সময়ের একটি দিন নয়; বরং তা হয়ে উঠেছে যুগযুগান্তরের প্রেরণা, সত্যের পথে চলার এক অবিনশ্বর দিকনির্দেশনা এবং আদর্শের এক উজ্জ্বল মানচিত্র। বদরের যুদ্ধ তেমনই এক অধ্যায়। হিজরি দ্বিতীয় সালের ১৭ রমাদ্বান, আরবের উত্তপ্ত মরুভূমিতে যে সংঘর্ষ সংঘটিত হয়েছিল, তা ছিল বাহ্যিকভাবে একটি সামরিক লড়াই; কিন্তু অন্তরালে তা ছিল সত্য ও অসত্যের, ঈমান ও কুফরের, আত্মসমর্পণ ও ঔদ্ধত্যের এক ঐতিহাসিক সম্মিলন। তাই এই যুদ্ধকে কেবল একটি যুদ্ধ বললে তার মর্যাদা খাটো করা হয়। এটি ছিল দ্বীন বিজয়ের প্রথম সম্মিলন, যেখানে স্বল্পসংখ্যক মুমিন তাদের সীমিত সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এক সুসংগঠিত, শক্তিশালী কুরাইশ বাহিনীর বিরুদ্ধে কেবলমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে।

এই প্রেক্ষাপটে বদরকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হয় সেই মক্কা নগরীতে, যেখানে নবুওয়াতের আলো জ্বলে উঠেছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর দাওয়াত যখন মক্কার প্রথাগত সমাজব্যবস্থাকে নাড়িয়ে দিল, তখন ক্ষমতালোভী কুরাইশ নেতারা বুঝতে পারল, এই বার্তা তাদের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় আধিপত্যের ভিত্তিকে ভেঙে দেবে। ফলে নির্যাতন, বয়কট ও সামাজিক অবরোধ সবই নেমে এলো মুসলমানদের উপর। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে হিজরত হলো মদিনা নগরীতে। কিন্তু হিজরতের পরও কুরাইশদের বিদ্বেষ থেমে থাকেনি। বরং তারা পরিকল্পনা করল, এই নবগঠিত মুসলিম সমাজকে গুঁড়িয়ে দিতে হবে।

বদরের যুদ্ধের সূচনা হয়েছিল একটি বাণিজ্য কাফেলাকে কেন্দ্র করে। কুরাইশদের একটি বড় কাফেলা শাম থেকে মক্কায় ফিরছিল। মুসলমানরা চেয়েছিলেন তাদের দখলে নেওয়া সম্পদের একটি অংশ পুনরুদ্ধার করতে, যা তারা মক্কায় রেখে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ঘটনাপ্রবাহ এমনভাবে মোড় নিল যে, কাফেলাকে রক্ষার অজুহাতে মক্কা থেকে এক হাজার সশস্ত্র যোদ্ধা রওনা হলো। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের হাতে ছিল অল্প কয়েকটি তলোয়ার, কিছু বর্শা এবং মাত্র দুটি ঘোড়া। বাহ্যিক হিসেবে এটি ছিল এক অসম লড়াই। কিন্তু ইসলামের ইতিহাস বারবার দেখিয়েছে সংখ্যা নয়, নিয়ত ও ঈমানই হল শেষ কথা।

মরুপ্রান্তরের সেই ময়দানে, বদরের কূপের কাছে, যখন দুই বাহিনী মুখোমুখি হলো, তখন মুসলমানদের অন্তরে ছিল না দম্ভ, ছিল না জয়ের অহংকার; ছিল কেবল আল্লাহর উপর পূর্ণ ভরসা। মহানবী (সা.) সেই রাতে অশ্রুসিক্ত নয়নে দোয়া করেছিলেন- “হে আল্লাহ! যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না।” এই আর্তি ছিল এক নবীর হৃদয়ের আর্তনাদ, যিনি জানতেন- এই লড়াই কেবল ভূখণ্ডের জন্য নয়, বরং আল্লাহর কালিমার উচ্চারণের অধিকার রক্ষার জন্য।

বদরের প্রান্তরে নাজিল হলো কোরআনের আয়াত, যা মুসলমানদের মনোবলকে দৃঢ় করল। কোরআন-এ আল্লাহ ঘোষণা করলেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরে, যখন তোমরা ছিলে দুর্বল।” এই ঘোষণা শুধু একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়; এটি একটি চিরন্তন নীতি- আল্লাহর সাহায্য আসে তখনই, যখন বান্দা নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তাঁর দিকে ফিরে যায়।

বদরের যুদ্ধ ছিল শৃঙ্খলা, নেতৃত্ব ও কৌশলের এক অনন্য উদাহরণ। মহানবী (সা.) সৈন্যদের এমনভাবে সারিবদ্ধ করলেন, যেন তারা এক সুসংগঠিত প্রাচীর। বদরের কূপের নিয়ন্ত্রণ নেওয়া, উঁচু স্থান বেছে নেওয়া- এসব ছিল কৌশলগত সিদ্ধান্ত, যা প্রমাণ করে ইসলাম শুধু আধ্যাত্মিকতার শিক্ষা দেয় না; বরং বাস্তব জীবনের পরিকল্পনা ও সংগঠনেরও দিশা দেয়। এই যুদ্ধের আরেকটি তাৎপর্য ছিল মুহাজির ও আনসারদের একাত্মতা। মক্কা থেকে আগত শরণার্থী ও মদিনার স্থানীয় মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে প্রমাণ করলেন, ঈমানের বন্ধন রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী।

যুদ্ধ শুরু হলে প্রথমে দ্ব›দ্বযুদ্ধ হয়। কুরাইশের অভিজাত নেতারা একে একে বেরিয়ে আসে। তাদের মোকাবিলায় মুসলমানদের সাহাবিরা এগিয়ে যান। সাহস, আত্মত্যাগ ও দৃঢ়তার এক অনন্য চিত্র ফুটে ওঠে সেখানে। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর অদৃশ্য সাহায্যের কথাও ইতিহাসে বর্ণিত আছে। কোরআন ইঙ্গিত করে, ফেরেশতারা মুমিনদের সাহস জোগাতে অবতীর্ণ হয়েছিলেন। এই আধ্যাত্মিক শক্তি মুসলমানদের অন্তরে এমন বল সঞ্চার করল, যা বাহ্যিক অস্ত্রের ঘাটতিকে পুষিয়ে দিল।

বদরের ফলাফল ছিল অভাবনীয়। কুরাইশদের সত্তর জন নিহত হলো, সত্তর জন বন্দি হলো। মুসলমানদের শহীদ হলেন মাত্র চৌদ্দজন। এই বিজয় শুধু সামরিক নয়; এটি ছিল মনস্তাত্ত্বিক বিজয়। আরবের গোত্রগুলো বুঝতে পারল, মদিনার এই নবগঠিত সমাজকে অবহেলা করা যাবে না। বদর মুসলমানদের আত্মবিশ্বাস দিল, তাদের রাষ্ট্রীয় অবস্থানকে সুদৃঢ় করল। এটি ছিল ইসলামি রাষ্ট্রব্যবস্থার প্রথম শক্ত ভিত্তি।

তবে বদরের আসল শিক্ষা লুকিয়ে আছে তার নৈতিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে। বন্দিদের সঙ্গে আচরণে মহানবী (সা.) যে দয়া ও ন্যায়বিচারের পরিচয় দিয়েছিলেন, তা ছিল অনন্য। অনেক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল শিক্ষাদানের শর্তে। এতে বোঝা যায়, ইসলাম প্রতিশোধের চেয়ে সংস্কার ও জ্ঞানের বিস্তারকে প্রাধান্য দেয়। বদরের যুদ্ধ আমাদের শেখায়-বিজয় মানে ধ্বংস নয়; বরং ন্যায় প্রতিষ্ঠা।

আজকের প্রেক্ষাপটে বদরের শিক্ষা আরও তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্ব যখন নানা চ্যালেঞ্জ, বিভাজন ও দুর্বলতায় আক্রান্ত, তখন বদর আমাদের স্মরণ করিয়ে দেয়- ঐক্য, শৃঙ্খলা ও আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া কোনো প্রকৃত বিজয় সম্ভব নয়। বদর আমাদের শেখায়, সংখ্যাগরিষ্ঠতা নয়, আদর্শই আসল শক্তি। এই যুদ্ধ প্রমাণ করেছে, যখন নেতৃত্ব সৎ, উদ্দেশ্য নির্মল এবং লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, তখন সীমিত সম্পদ নিয়েও ইতিহাস সৃষ্টি করা যায়।

বদরের সম্মিলন ছিল দ্বীনের প্রথম প্রকাশ্য শক্তিপরীক্ষা। এটি ছিল এমন এক সন্ধিক্ষণ, যেখানে মুমিনদের ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্য পরীক্ষা দেওয়া হয়েছিল। তারা উত্তীর্ণ হয়েছিল। আর সেই উত্তীর্ণতার ফলেই ইসলাম দ্রুত আরব উপদ্বীপে বিস্তার লাভ করে। বদর ছিল এক সূচনা- যার ধারাবাহিকতায় উহুদ, খন্দক এবং পরবর্তীকালে মক্কা বিজয়ের মতো অধ্যায়গুলো রচিত হয়েছে।

কিন্তু বদরকে কেবল অতীতের গৌরবগাথা হিসেবে স্মরণ করলে চলবে না। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এক মানদণ্ড। পরিবার, সমাজ, রাষ্ট্র- সব জায়গায় সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের বদরের চেতনা ধারণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, বদরের ময়দানে যারা দাঁড়িয়েছিলেন, তারা নিখুঁত মানুষ ছিলেন না; তারা ছিলেন সাধারণ মানুষ, যাদের বিশেষত্ব ছিল তাদের ঈমান। এই ঈমানই তাদের অসাধারণ করে তুলেছিল।

দ্বীন বিজয়ের প্রথম সম্মিলন হিসেবে বদর আমাদের শিখিয়েছে- আল্লাহর পথে সংগ্রাম মানে শুধু অস্ত্রধারণ নয়; বরং আত্মসংযম, ধৈর্য ও নৈতিকতার চর্চা। বদর ছিল আত্মিক পরিশুদ্ধির এক মাইলফলক। রমাদ্বানের পবিত্র মাসে সংঘটিত হওয়া এই যুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয়- সিয়াম শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করা নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করা।

ইতিহাসের পৃষ্ঠায় বদর এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। এটি আমাদের আশ্বাস দেয়- যে জাতি আল্লাহর উপর ভরসা রাখে, ন্যায়কে ধারণ করে এবং ঐক্যবদ্ধ থাকে, তাকে দমিয়ে রাখা যায় না। তাই বদর শুধু অতীতের গল্প নয়; এটি বর্তমান ও ভবিষ্যতের পথনির্দেশ। এটি দ্বীন বিজয়ের প্রথম সম্মিলন, যা প্রমাণ করেছে- আল্লাহর সাহায্য সত্যের পক্ষেই থাকে।

আজ আমাদের প্রয়োজন সেই বদরের চেতনা পুনরুজ্জীবিত করা- নিজের ভেতরে, সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে। কারণ বদর আমাদের শিখিয়েছে, বিজয় আসে তখনই, যখন আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করে আল্লাহর দিকে ফিরে যাই। আর তখনই ইতিহাস নতুন করে লেখা হয়।

লেখক: কলামিস্ট, এমফিল গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শিক্ষক গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

ই-মেইল: [email protected]

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর