Logo

ধর্ম

রমাদান: গুনাহ মাফের মাহেন্দ্রক্ষণ

Icon

মাহফুজ রুমান খান

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ২২:১০

রমাদান: গুনাহ মাফের মাহেন্দ্রক্ষণ

আরবি বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মাহে রমাদান। এই মাসের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দার প্রতিটি আমল সর্বাধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে। আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই পবিত্র মাসকে মুমিনের বসন্তকাল বলে আখ্যায়িত করেছেন। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেন। “যে ব্যক্তি এ মাসে একটি নফল আদায় করবে, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করল।” (ইবনে খুযাইমাহ: ১৮৮৭, শুআবুল ঈমান: ৩৩৩৬)

রমাদান আসে মানুষকে আমূল বদলে দিতে। মরুভূমিতে তৃষ্ণাকাতর পথিক যেমন পানি পেয়ে প্রশান্তি লাভ করে, তেমনি একজন গুনাহগার বান্দাও এই মাসের বরকতে তার হৃদয়কে উর্বর করে তুলতে পারে। তখন প্রতিটি আমলে সে খুঁজে পায় অনন্য প্রশান্তি, হৃদয়ে জাগে এক অপূর্ব শিহরণ এবং কাজে-কর্মে প্রকাশ পায় আল্লাহভীতির গভীর অনুভূতি।সিয়ামের অন্যতম মূল শিক্ষা হলো তাকওয়া ও ধৈর্য। রোজাদার চাইলে লুকিয়ে আহার করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে তা করে না। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলেন, “রোজা আমার জন্যই, তাই এর প্রতিদান আমি নিজেই দেব।” (সহীহ মুসলিম, হাদিস: ১১৫১)

কোরআন নাযিলের মাস: ইসলামের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারিম এই মোবারক মাসেই নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য রমাদান মাসেই কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন -

“রমযান মাসই হলো সেই মাস, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়েত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলিতে সমৃদ্ধ, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয়।” [সূরা বাকারা (০২): ১৮৫]

মহাগ্রন্থ আল-কোরআনের স্পর্শে মানুষের হৃদয় জাগ্রত হয়। কোরআন মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে এবং তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই পবিত্র রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করা উচিত। কেননা কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম নফল ইবাদত। হযরত আবু উমামাহ (রাযিআল্লাহু আনহু) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- “তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে।” [সহীহ মুসলিম: ১৯১০]

শিক্ষার্থী, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা, গাবতলী, নরসিংদী।

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর