ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব ও মানবিক কল্যাণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রমজান মাস মুসলমানদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সংযমের প্রশিক্ষণের মাস। এই মাসের ইবাদতসমূহের পরিপূর্ণতা আসে একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতের মাধ্যমে, যা হলো সদকায়ে ফিতর। এটি এমন একটি ফরজ সদকা, যা রমজান শেষে ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়। কোরআন ও হাদিসে সদকায়ে ফিতরের গুরুত্ব ও ফজিলত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সদকায়ে ফিতরের পরিচয় ও অর্থ
‘ফিতর’ শব্দটি এসেছে ‘ফুতুর’ থেকে, যার অর্থ রোজা ভঙ্গ করা বা উপবাসের অবসান। রমজান মাস শেষে ঈদের দিনে রোজা শেষ হওয়ার আনন্দের সঙ্গে সঙ্গে যে সদকা আদায় করা হয়, তাকে সদকায়ে ফিতর বলা হয়। এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর ওয়াজিব। নিজের পক্ষ থেকে এবং অধীনস্থদের [স্ত্রী, সন্তান] পক্ষ থেকেও এই সদকা আদায় করতে হয়।
সদকায়ে ফিতরের গুরুত্ব
যদিও কোরআনে সরাসরি ‘সদকায়ে ফিতর’ শব্দটি উল্লেখ নেই, তবে দান-সদকা ও আত্মশুদ্ধির বিষয়ে বহু আয়াত রয়েছে, যা সদকায়ে ফিতরের উদ্দেশ্য ও তাৎপর্য স্পষ্ট করে। আল্লাহ তাআলা বলেন- ‘নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পবিত্র করেছে।’ [সুরা আলা : ১৪] মুফাসসিরগণ বলেন, এখানে আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হলো ফরজ সদকা ও দান। সদকায়ে ফিতর মূলত রোজাদারের আত্মশুদ্ধির একটি বাস্তব রূপ।
আরেক আয়াতে আল্লাহ বলেন- ‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে।’ [সুরা তাওবা : ১০৩] এই আয়াত দান-সদকার মাধ্যমে আত্মার পরিশুদ্ধির কথা জানায়, যা সদকায়ে ফিতরের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সদকায়ে ফিতরের ফরজ হওয়ার বিষয়টি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। রাসুল সা. সদকায়ে ফিতর ফরজ করেছেন-এ মর্মে হাদিসে এসেছে- ‘রাসুলুল্লাহ সা. সদকায়ে ফিতর ফরজ করেছেন- ‘এক সা’ খেজুর বা ‘এক সা’ যব; স্বাধীন ও দাস, পুরুষ ও নারী, ছোট ও বড়-সব মুসলমানের ওপর।’ [সহিহ বুখারি ও মুসলিম] এই হাদিস থেকে বোঝা যায়, সদকায়ে ফিতর একটি সর্বজনীন ইবাদত, যা সমাজের সকল স্তরের মুসলমানকে অন্তর্ভুক্ত করে।
সদকায়ে ফিতরের মূল উদ্দেশ্য
হাদিসে সদকায়ে ফিতরের উদ্দেশ্য অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন- ‘রাসুলুল্লাহ সা. সদকায়ে ফিতর ফরজ করেছেন রোজাদারকে অনর্থক ও অশালীন কথা থেকে পবিত্র করার জন্য এবং দরিদ্রদের আহারের ব্যবস্থা করার জন্য।’ [আবু দাউদ] এ হাদিসে সদকায়ে ফিতরের দুইটি মূল উদ্দেশ্য স্পষ্ট করা হয়েছে- এক. রোজার ত্রæটি-বিচ্যুতি থেকে আত্মশুদ্ধি দুই. গরিব ও অভাবীদের মুখে ঈদের আনন্দ তুলে দেওয়া।
সদকায়ে ফিতর ও সামাজিক ভারসাম্য
ইসলাম চায় সমাজে ধনী-গরিবের ব্যবধান কমে আসুক। সদকায়ে ফিতর সেই লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর মাধ্যম। ঈদের দিনে যেন সমাজের কোনো দরিদ্র মানুষ অভুক্ত না থাকে, কোনো শিশু কষ্ট অনুভব না করে-এটাই সদকায়ে ফিতরের মূল শিক্ষা। ধনীরা যখন দরিদ্রদের হাতে ঈদের আগে ফিতরা পৌঁছে দেয়, তখন সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসা গড়ে ওঠে।
সদকায়ে ফিতরের ফজিলত বহুমাত্রিক। প্রথমত, এটি রোজার পরিপূর্ণতা দান করে। রমজান মাসে রোজা রাখতে গিয়ে মানুষের কথাবার্তা বা আচরণে যে ত্রæটি ঘটে, সদকায়ে ফিতর তা পূরণ করে দেয়। দ্বিতীয়ত, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। তৃতীয়ত, দরিদ্র মানুষের দোয়া ও ভালোবাসা অর্জনের সুযোগ সৃষ্টি করে।
হাদিসে এসেছে, ঈদের নামাজের আগে সদকায়ে ফিতর আদায় করলে তা কবুল হয়; আর ঈদের নামাজের পর দিলে তা সাধারণ সদকায় পরিণত হয়। এতে সদকায়ে ফিতরের সময়োপযোগিতার গুরুত্ব বোঝা যায়।
সদকায়ে ফিতর ও তাকওয়া
রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। সদকায়ে ফিতর সেই তাকওয়ার বাস্তব প্রকাশ। রোজা মানুষকে সংযম শেখায়, আর সদকায়ে ফিতর শেখায় ত্যাগ ও সহানুভূতি। যে ব্যক্তি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে দান করে, তার অন্তরে তাকওয়া দৃঢ় হয়।
সদকায়ে ফিতর অবহেলার পরিণতি
যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সদকায়ে ফিতর আদায় করে না, সে একটি ওয়াজিব ইবাদত পরিত্যাগ করে গুনাহগার হয়। এতে শুধু আল্লাহর নাফরমানিই হয় না, বরং সমাজের দরিদ্র মানুষের হক নষ্ট করা হয়।
ঈদের হাসি
সদকায়ে ফিতর শুধু একটি আর্থিক দান নয়; বরং এটি রমজানের ইবাদতের পরিপূর্ণতা, আত্মশুদ্ধির মাধ্যম এবং সামাজিক ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত। কোরআন ও হাদিসে বর্ণিত এর গুরুত্ব ও ফজিলত প্রমাণ করে, ইসলাম ব্যক্তি ও সমাজ-উভয়ের কল্যাণকে সমানভাবে গুরুত্ব দেয়। তাই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উচিত যথাসময়ে ও সঠিকভাবে সদকায়ে ফিতর আদায় করা এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রোজার পূর্ণ সওয়াব ও সমাজের দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়ে তোলা।
লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর
বিকেপি/এমএম

