২৮ মার্চ সারাদেশে একযোগে শুরু হচ্ছে কওমি মাদরাসার ভর্তি কার্যক্রম
এম. আজগর সালেহী
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০০:২১
দেশের কওমি মাদরাসাগুলোতে ২৮ মার্চ থেকে একযোগে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। সাধারণ শিক্ষা ব্যবস্থায় যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ষপঞ্জি অনুসরণ করা হয়, সেখানে দরসে নেজামী তথা কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থায় শিক্ষাবর্ষ শুরু হয় পবিত্র রমজানের পরবর্তী শাওয়াল মাস থেকে। এ কারণে ইংরেজি বর্ষপঞ্জির সঙ্গে কওমি শিক্ষাবর্ষের সময়সূচির কিছুটা তারতম্য দেখা যায় এবং অধিকাংশ বছরেই ভর্তি কার্যক্রম বছরের মধ্যবর্তী সময়ে শুরু হয়।
এবারও তার ব্যতিক্রম হয়নি। শাওয়াল মাসকে সামনে রেখে ২৮ মার্চ থেকে সারাদেশের কওমি মাদরাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন মাদরাসা প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি প্রক্রিয়াকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।
দেশের শীর্ষ কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দারুল উলূম হাটহাজারী, পটিয়া মাদরাসা, নানুপুর মাদরাসা, যাত্রাবাড়ী মাদরাসা, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, মাদানি নগর মাদরাসা, মক্কিনগর মাদরাসা, বাবুনগর মাদরাসা, আরজাবাদ মাদরাসা এবং জামিয়া রশিয়া-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দাওরায়ে হাদিস, ইফতা, তাফসীর ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগে মেধার ভিত্তিতে সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয়। এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মুখোমুখি হতে হয়।
বিশেষ করে দারুল উলূম হাটহাজারী, পটিয়া মাদরাসা এবং নানুপুর মাদরাসা-এর ভর্তি কার্যক্রম প্রতি বছরই ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এর মধ্যে হাটহাজারী মাদরাসা সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তির জন্য পরিচিত হলেও আবাসন সংকটের কারণে নির্ধারিত সীমার মধ্যেই শিক্ষার্থী গ্রহণ করা হয়।
শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্র হিসেবে হাটহাজারী মাদরাসা বরাবরই শীর্ষে অবস্থান করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা এখানে তাকমীলসহ উচ্চতর বিভাগে ভর্তি হওয়ার জন্য ছুটে আসেন। সংশ্লিষ্টদের মতে, আগ্রহী শিক্ষার্থীদের উচিত নির্ধারিত তারিখের আগেই মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া।
কারণ অনেক সময় দেখা যায়, বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলির সঙ্গে বাস্তব পরিস্থিতির কিছু পার্থক্য থাকে। নতুন শিক্ষার্থীরা হঠাৎ করে বড় প্রতিষ্ঠানে এসে বিভিন্ন প্রক্রিয়া ও নিয়মকানুন বুঝতে হিমশিম খায়। তাই পূর্ব প্রস্তুতি ও সরেজমিনে খোঁজখবর নেওয়া ভর্তিচ্ছুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, কওমি মাদরাসাগুলোর এবারের ভর্তি কার্যক্রমকে ঘিরে সারাদেশে এক ধরনের উৎসবমুখর ও প্রত্যাশাময় পরিবেশ বিরাজ করছে।

