পটিয়া মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের ভর্তি সমাচার
মুহাম্মদ হেদায়ত উল্লাহ
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০০:৪৭
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-এর ২০২৬-২৭ খ্রিষ্টাব্দ (১৪৪৭-৪৮ হিজরি) শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ৮ই শাওয়াল থেকে ২৩শে শাওয়াল পর্যন্ত মোট ১৫ দিনব্যাপী এ ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি বিভাগসমূহ: জামিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ভর্তি কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কিরাত বিভাগ, উচ্চতর দাওয়া ও তাহাফফুজে খতমে নবুয়্যত বিভাগ, উলুমুল হাদিস বিভাগ, আদব বিভাগ, হিফজ বিভাগ, নুরানি বিভাগ এবং মুতাফাররিকাহ থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত নিয়মিত জামাতসমূহ।
ভর্তির যোগ্যতা ও নীতিমালা: কর্তৃপক্ষ জানিয়েছে, জামিয়ার আদর্শ, শৃঙ্খলা ও মূল্যবোধের প্রতি অটল থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশেষভাবে মেধাবী, চরিত্রবান এবং দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তিচ্ছুদের আহলে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারী হওয়া এবং আকাবিরে দেওবন্দের আদর্শ অনুযায়ী জীবনযাপনে অভ্যস্ত থাকা আবশ্যক।
তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধ: শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে স্মার্টফোন, ল্যাপটপ-সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য প্রদান কিংবা কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার নিয়মাবলী: নতুন শিক্ষার্থীদের জন্য শাশুম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ও উচ্চতর বিভাগসমূহে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক। দাওরায়ে হাদিস ও উচ্চতর জামাতসমূহে ভর্তির ক্ষেত্রে মেশকাত, হেদায়া নাহু-সরফের মৌলিক জ্ঞান ও তরজুমায়ে কোরআনসহ মৌলিক কিতাবের ওপর পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, মুতাফাররিকাহ থেকে হাফতুম জামাত পর্যন্ত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রাথমিক দক্ষতাও মূল্যায়ন করা হবে।
আবাসন ও সুযোগ-সুবিধা: মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য খোরাকীর সুব্যবস্থা রয়েছে। মুমতাজ ও জয়্যিদ জিদ্দান বিভাগে উত্তীর্ণ দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় বা বিনামূল্যে খোরাকীর সুযোগ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মচারীদের সন্তান, এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য আবেদন ও সুপারিশের ভিত্তিতে বিশেষ সুবিধা প্রদান করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ভর্তির সময় জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে।
যোগাযোগ: ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি মাদরাসার অফিসে যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে: িি.িলধসরধযরংষধসরধযঢ়ধঃরুধ.পড়স
লেখক: প্রভাষক, ইসলামিক স্টাডিজ, দশমিনা ইসলামিয়া কামিল মাদরাসা পটুয়াখালী বরিশাল

