কওমিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি : সচেতনতা প্রস্তুতি ও করণীয়
আমীনুর রহমান নড়াইলী
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:৪৮
নতুন শিক্ষাবর্ষ মানেই নতুন লক্ষ্য, নতুন পরিবেশ এবং নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে নতুন কোনো মাদরাসায় ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা না থাকলে অনেক সময় ভালো সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যায় না। তাই ভর্তিপূর্ব ও ভর্তি-পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরা হলো।
ভর্তিপূর্ব প্রস্তুতি
মাদরাসার ভর্তি পরীক্ষা শুধু জ্ঞান যাচাইয়ের বিষয় নয়; এটি একজন শিক্ষার্থীর মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নিয়মানুবর্তিতারও পরীক্ষা। অনেক সময় দেখা যায়- যোগ্যতা থাকা সত্ত্বেও মানসিক প্রস্তুতির অভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভালো করতে পারে না। তাই ভর্তি পরীক্ষার আগে কিছু বিষয় মনে রেখে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি।
১. উদ্দেশ্য পরিষ্কার রাখা: প্রথমেই শিক্ষার্থীকে বুঝতে হবে- সে কেন মাদরাসায় ভর্তি হতে চায়। তালিবুল ইলমদের ইলমে দ্বীন অর্জন, চরিত্র গঠন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত মনে রাখলে মনোযোগ ও আগ্রহ বাড়ে। তখন পড়াশোনা ও সব কিছুতে খোদা প্রদত্ত বরকত লাভ হয়।
২. আত্মবিশ্বাস তৈরি করা: পরীক্ষা নিয়ে অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা না করে নিজের প্রস্তুতির উপর ভরসা রাখতে হবে। গত শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ পাঠগুলো অল্প অল্প করে পুনরাবৃত্তি করতে থাকা উচিত। এতে পরীক্ষার সময় আত্মবিশ্বাস বাড়ে এবং মনে এক ধরনের শক্তি কাজ করে।
৩. নিয়মিত দোয়া ও তাওয়াক্কুল: একজন মাদরাসা শিক্ষার্থীর জন্য আল্লাহর উপর ভরসা ও দোয়া খুব গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার আগে নিয়মিত দোয়া করা, নফল নামাজ পড়া এবং আল্লাহর সাহায্য কামনা করলে মনে প্রশান্তি আসে।
৪. ভয় ও চাপ নিয়ন্ত্রণ করা: অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে লিখতে বা ভাইবাতে গিয়ে অকারণে ভয় পায়। তাই নিজেকে বোঝাতে হবে- এটি একটি সাধারণ পরীক্ষা, যার মাধ্যমে নিজের যোগ্যতা ও প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে গভীরভাবে শ্বাস নেওয়া, ধীরস্থির থাকা- এসব অভ্যাস চাপ কমাতে সাহায্য করে।
৫. বাস্তব অনুশীলন করা: ভর্তি পরীক্ষার ধরণ কেমন হতে পারে, সে অনুযায়ী কিছু নমুনা প্রশ্ন অনুশীলন করলে মানসিক প্রস্তুতি হয়। এজন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার বিষয়ে ধারণা নিয়ে পড়াশোনা করলেও ভালো ফল পাওয়া যায়।
৬. ইতিবাচক চিন্তা রাখা: মনে সব সময় ভালো ধারণা রাখতে হবে। আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ ভালো হবে-এমন ইতিবাচক ধারণা রাখতে হবে। নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আর ইতিবাচক চিন্তা মনকে শক্ত রাখে।
৭. অভিভাবক ও উস্তাদের পরামর্শ নেওয়া: শিক্ষার্থীরা যদি কোনো বিষয়ে দুশ্চিন্তা বা দ্বিধায় থাকে, তাহলে অভিভাবক বা উস্তাদের সাথে কথা বলা উচিত। তাদের পরামর্শ শিক্ষার্থীর মানসিক শক্তি বাড়ায়।
৮. ওভার কনফিডেন্স পরিহার করুন: নিজেকে একজন ভালো ছাত্র মনে করা অবশ্যই ইতিবাচক বিষয়-এতে আত্মবিশ্বাস বাড়ে, মনোযোগ সৃষ্টি হয় এবং এগিয়ে যাওয়ার প্রেরণা জাগে। কিন্তু এই আত্মবিশ্বাস যখন অতিরিক্ত হয়ে যায়, তখন তা অজান্তেই বড় ক্ষতির কারণ হতে পারে।
অনেক সময় দেখা যায়, কেউ নিজের প্রস্তুতিকে যথেষ্ট মনে করে আর নতুন করে পড়াশোনা বা পুনরাবৃত্তির প্রয়োজন অনুভব করে না। ফলে ছোট ছোট ভুল, অমনোযোগ বা অসতর্কতার কারণে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হতে হয়। তাই আত্মবিশ্বাস রাখুন, কিন্তু বাস্তবতাকে ভুলে নয়।
৯. বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন: লক্ষ্য স্থির করা সফলতার প্রথম ধাপ। তবে সেই লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত ও নিজের সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অনেক সময় আমরা শুধু দেশের সেরা মাদরাসাগুলোকেই টার্গেট করি, কিন্তু নিজের প্রস্তুতি, যোগ্যতা ও বর্তমান অবস্থান বিবেচনা করি না- ফলে হতাশা তৈরি হয়।
তাই বুদ্ধিমানের কাজ হলো- নিজের মেধা, প্রস্তুতির স্তর এবং সামর্থ্য অনুযায়ী ভালো মানের মাদরাসাগুলোকে টার্গেট করা। এতে করে একদিকে যেমন চাপ কম থাকে, অন্যদিকে সফল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। সঠিক লক্ষ্যই সঠিক পথে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সহায়ক।
১০. একাধিক মাদরাসায় চেষ্টা করুন: ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটি মাত্র প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বসে থাকা বুদ্ধিমানের কাজ নয়। কারণ যেকোনো কারণে একটি জায়গায় সুযোগ নাও হতে পারে- তাই বিকল্প পথ খোলা রাখা অত্যন্ত জরুরি।
এজন্য একাধিক ভালো মাদরাসায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করুন। এতে করে যেমন অভিজ্ঞতা বাড়বে, তেমনি সফল হওয়ার সম্ভাবনাও বহুগুণে বৃদ্ধি পাবে। প্রতিটি পরীক্ষাই আপনাকে নতুন কিছু শেখাবে এবং পরবর্তী পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলবে। তাই সুযোগ বাড়াতে একাধিক মাদরাসায় চেষ্টা করুন।
১১. ভর্তির সময়সূচি খেয়াল রাখুন: ভর্তি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সময়সূচি সম্পর্কে সচেতন থাকা। অনেক শিক্ষার্থী একটি নির্দিষ্ট মাদরাসার পিছনে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে অন্য ভালো মাদরাসাগুলোর ভর্তি পরীক্ষা বা আবেদন করার সময় মিস করে ফেলে- যা নিঃসন্দেহে বড় একটি ভুল।
তাই শুরু থেকেই বিভিন্ন মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শেষ তারিখ এবং পরীক্ষার সময় ভালোভাবে খেয়াল রাখুন। প্রয়োজনে একটি তালিকা তৈরি করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তারিখ বাদ না পড়ে।
সংক্ষেপে বলা যায়, মাদরাসার ভর্তি পরীক্ষায় সফল হতে শুধু পড়াশোনা নয়, মানসিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস, নিয়মিত অনুশীলন, দোয়া এবং ইতিবাচক মনোভাব- এই কয়েকটি বিষয় একজন শিক্ষার্থীকে পরীক্ষার পথে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে।
ভর্তি পরীক্ষার সময় করণীয়
ভর্তি পরীক্ষার দিনটি একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সামান্য অসতর্কতা বা অবহেলাও কাঙ্ক্ষিত ফলাফলে প্রভাব ফেলতে পারে। তাই কিছু বিষয় সচেতনভাবে মেনে চলা জরুরি।
১. শারীরিক সুস্থতা বজায় রাখুন: পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম ও সঠিক খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। না খেয়ে বা কম ঘুমিয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে মনোযোগ কমে যায় এবং পারফরম্যান্স খারাপ হয়। তাই পরীক্ষার দিন নিজেকে সতেজ ও সুস্থ রাখা প্রথম করণীয়।
২. মানসিকভাবে স্থির থাকুন: অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা চিন্তাশক্তিকে দুর্বল করে দেয়। এতে সহজ প্রশ্নের উত্তরও ভুল হতে পারে। তাই নিজেকে শান্ত রাখুন, গভীরভাবে শ্বাস নিন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন।
৩. লিখিত পরীক্ষায় লক্ষণীয়: লিখিত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথমেই প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়া অত্যন্ত জরুরি। প্রতিটি প্রশ্নের গুরুত্ব বুঝে সময় অনুযায়ী উত্তর দেওয়া উচিত, বিশেষ করে বেশি নম্বরের প্রশ্নগুলো আগে সমাধান করা সুবিধাজনক। লিখিত পরীক্ষায় উত্তর যত পরিষ্কার, সুগঠিত ও পাঠযোগ্য হবে, পরীক্ষা নিরীক্ষক তত সহজে এবং সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে সংক্ষিপ্ত ও বিন্যাসমতো লেখা সবসময় ফলপ্রসূ হয়। বড় বা জটিল প্রশ্ন থাকলে তা ছোট ছোট অংশে ভাগ করা এবং প্রয়োজনে উপ-শিরোনাম ব্যবহার করা উত্তরের মান আরও বৃদ্ধি করে। যুক্তি এবং উদাহরণ দিয়ে উত্তরকে সমর্থন করলে তা আরও বোধগম্য ও শক্তিশালী হয়। সবশেষে, সময় থাকলে উত্তরগুলো আবার দেখে বানান, হিসাব বা তথ্যগত কোনো ভুল থাকলে তা ঠিক করে যথাসময়ে জমা দেওয়া উচিত।
৪. মৌখিক (ভাইবা) পরীক্ষায় লক্ষণীয়: পরীক্ষায় আগ্রহী ও শান্ত মন নিয়ে প্রস্তুত থাকুন। আপনার সিরিয়াল আসলে সালাম দিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করুন। উপস্থাপক বা পরীক্ষককে সম্মান দেখান এবং মনোযোগ দিয়ে প্রশ্ন শুনুন তারপর চোখে চোখ রেখে নম্রভাবে উত্তর দিন। প্রশ্নের উত্তর স্পষ্টভাবে ও সুসংগঠিতভাবে বলুন। প্রশ্নের প্রাসঙ্গিক অংশে মনোনিবেশ করুন। অপ্রয়োজনীয় বর্ধিত বক্তব্যে সময় নষ্ট করবেন না। তবে পরীক্ষক জানতে চাইলে, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করুন।
৫. পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নিন: পরীক্ষার দিন ভিড়, দেরি, বা ছোটখাটো ঝামেলা হওয়া অস্বাভাবিক কিছু নয়। এসব নিয়ে বিরক্ত বা অস্থির না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতিকে মেনে নিন। মনে রাখবেন, শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
মোট কথা, সুস্থ শরীর, স্থির মন ও ধৈর্যশীল আচরণ- এই তিনটি বিষয়ই আপনাকে ভর্তি পরীক্ষায় সেরা পারফরম্যান্স দিতে সহায়তা করবে। ইনশাআল্লাহ।
ভর্তি পরবর্তী গুরুত্বপূর্ণ করণীয়
ভর্তি পরীক্ষায় সফল হয়ে নতুন মাদরাসায় ভর্তি হওয়া একটি বড় অর্জন। তবে এখান থেকেই শুরু হয় নতুন জীবনের আরেকটি অধ্যায়। শুরুটা সুন্দর ও সচেতনভাবে করতে পারলে পরবর্তী পথ অনেক সহজ হয়ে যায়। তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি।
১. সিট ও কিতাব সংগ্রহে গুরুত্ব দিন: নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সিট নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কিতাব সংগ্রহ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে অবহেলা করলে পরবর্তীতে নানা সমস্যার সম্মুখীন হতে হতে পারে, যা পুরো বছরের পড়াশোনায় প্রভাব ফেলতে পারে।
২. প্রথম দিনের আচরণে সচেতন থাকুন: নতুন পরিবেশে প্রথমে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা অনেক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চুপচাপ থাকাও ঠিক নয়, আবার অযথা বাড়াবাড়ি বা চালাকির আচরণও ভালো নয়। স্বাভাবিক, ভদ্র ও সংযত আচরণই আপনাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলবে।
৩. নতুন পরিবেশে ধৈর্য ধরুন: শুরুতে খাবার, পরিবেশ, রুটিন কিংবা নতুন বন্ধু-সবকিছুই অচেনা ও অস্বস্তিকর লাগতে পারে। কিন্তু এটি একেবারেই স্বাভাবিক। নিজেকে সময় দিন, ধীরে ধীরে সবকিছু সহজ ও স্বাভাবিক হয়ে যাবে।
৪. নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন: কিছু সহপাঠী অযথা সমালোচনা বা হতাশাজনক কথা বলতে পারে, যা মনোবল দুর্বল করে দেয়। এসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্য ও পড়াশোনায় মনোযোগী থাকাই বুদ্ধিমানের কাজ।
৫. অন্তত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকুন: নতুন জায়গায় এসে হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ভালো লাগুক বা না লাগুক- অন্তত কয়েক মাস ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
৬. পড়াশোনা ও লক্ষ্য নির্ধারণ: নতুন মাদরাসায় ভর্তি হওয়া কেবল একটি ধাপ; প্রকৃত সফলতা আসে এরপরের যাত্রায়। তাই পড়াশোনা ও লক্ষ্য নির্ধারণে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
৭. ফোকাস ঠিক রাখুন: নতুন পরিবেশে অনেক সুযোগ, নতুন বন্ধু, বিভিন্ন কার্যক্রম-সবই মনোযোগ ছিনিয়ে নিতে পারে। তাই নিজেকে বিভ্রান্ত না করে মূল লক্ষ্য ও পড়াশোনার উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন।
৮. নিজের দুর্বলতা চিহ্নিত করুন: নিজের কোন বিষয়গুলোতে ঘাটতি রয়েছে তা আগে চিহ্নিত করুন। দুর্বল দিকগুলোতে নিয়মিত অনুশীলন করলে দক্ষতা বাড়বে এবং আত্মবিশ্বাসও তৈরি হবে। এভাবেই আস্তে আস্তে আপনি হয়ে উঠবেন সেরাদের সেরা।
৯. সফল হতে নিয়মিত পরিশ্রম করুন: ভর্তি হওয়াই শেষ নয়; বরং সেখান থেকেই আসল যাত্রা শুরু। প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রম, কিতাবাদির নিয়মিত অনুশীলন ও লক্ষ্যভিত্তিক পড়াশোনা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।
মাদরাসায় ভর্তি হওয়া একটি সূচনা মাত্র। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যেকোনো অবস্থান থেকেই বড় অর্জন সম্ভব। আর ধৈর্য, সচেতনতা ও ইতিবাচক মনোভাব- এই তিনটি গুণই আপনাকে নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে এবং সফলতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে বলে আশা করি। ইনশাআল্লাহ।
পরিশেষে বলবো- সকল মাদরাসা শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষাবর্ষ হোক সুশৃঙ্খল, সচেতন ও সফল জীবনের জন্য এক প্রেরণাদায়ক সূচনা।
লেখক: শিক্ষক, লেখক, প্রশিক্ষক

