শাওয়াল মাস: ঈদের আনন্দ, ঐতিহাসিক ঘটনা ও ৬ রোজার ফজিলত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:৪০
সংগৃহীত
ইসলামী বর্ষপঞ্জির দশম মাস শাওয়াল। পবিত্র রমজানের সমাপ্তির পরপরই এ মাসের সূচনা হয়, যা মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ইবাদত ও আত্মশুদ্ধির এক নতুন অধ্যায়। বিশেষ করে শাওয়ালের প্রথম দিন পালিত হয় পবিত্র ঈদুল ফিতর—যা ত্যাগ ও সংযমের মাস শেষে পুরস্কারের দিন হিসেবে বিবেচিত।
নামের উৎপত্তি ও প্রেক্ষাপট
‘শাওয়াল’ শব্দের অর্থ উত্তোলন বা বিরতি। ইসলামপূর্ব আরব সমাজে এ মাসকে ঘিরে কিছু কুসংস্কার প্রচলিত ছিল—বিশেষ করে এ মাসে বিয়ে করলে তা সফল হয় না বলে মনে করা হতো। ইসলাম এসে এসব ভ্রান্ত ধারণা দূর করে। ঐতিহাসিকভাবে ‘শলা’ শব্দ থেকে শাওয়ালের নামকরণ হয়েছে, যার অর্থ উটের গর্ভধারণ; কারণ সে সময় উট সাধারণত এই মাসেই গর্ভবতী হতো।
শাওয়াল মাসের উল্লেখযোগ্য দিবস ও ঘটনা
ইসলামী ইতিহাসে শাওয়াল মাসে সংঘটিত হয়েছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য—
১ শাওয়াল: পবিত্র ঈদুল ফিতর
৭ শাওয়াল: ঐতিহাসিক ওহুদ যুদ্ধ
১৩ শাওয়াল: প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম বুখারীর জন্ম
২৫ শাওয়াল: ইমাম জাফর আস-সাদিক (রা.)-এর শাহাদাত
শাওয়ালের ৬ রোজা: গুরুত্ব ও ফজিলত
ঈদুল ফিতরের পরদিন (২ শাওয়াল) থেকে শুরু করে পুরো মাসে যেকোনো সময় ছয়টি নফল রোজা রাখা যায়। ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ হলেও পরবর্তী দিনগুলোতে এই আমল অত্যন্ত ফজিলতপূর্ণ।
হাদিসে এসেছে, রমজানের রোজার সঙ্গে শাওয়ালের ৬ রোজা যুক্ত করলে পুরো বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। কারণ, ইসলামে প্রতিটি নেক আমলের প্রতিদান দশগুণ বৃদ্ধি করা হয়—সে হিসেবে ৩০+৬ রোজা মিলিয়ে ৩৬০ দিনের সওয়াব অর্জিত হয়।
টানা না বিরতি দিয়ে- কিভাবে রাখবেন?
শাওয়ালের ৬ রোজা টানা রাখা বা বিরতি দিয়ে রাখা- উভয় পদ্ধতিই গ্রহণযোগ্য।
শাফেয়ী মাজহাব মতে: ঈদের পর টানা ছয় দিন রাখা উত্তম
হানাফি ও হাম্বলি মাজহাব মতে: বিরতি দিয়ে রাখলেও পূর্ণ সওয়াব পাওয়া যায়
মালেকি মাজহাবও উভয় পদ্ধতিকে অনুমোদন করে
শাওয়ালের আধ্যাত্মিক তাৎপর্য
শাওয়াল মাস কেবল ঈদের আনন্দেই সীমাবদ্ধ নয়; বরং এটি রমজানের শিক্ষাকে জীবনে ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ সময়। এক মাসের সিয়াম সাধনার পর এই মাস মুমিনদের জন্য আত্মশুদ্ধি বজায় রাখার অনুশীলন।
শাওয়াল মাস মুসলিম জীবনে আনন্দ, ইতিহাস ও ইবাদতের সমন্বয়। রমজানের পর এই মাসই হয়ে ওঠে ঈমানি চেতনা ধরে রাখার এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।
বাংলাদেশেরখবর/আরকে

