পৃথিবী মগ্ন ছিল নগ্ন আভায় পাপিষ্ঠতায়
পিশাচী খুনের হাসি ভাসছিল খুব রক্ত খেলায়
মানবিক গুণাবলি কাফন পরায় শোষণ লীলায়
জুলুমের জাতাঁকলে বেদন বীণায় আকাশ কাঁপায়।
সৃষ্টি স্রষ্টা সাজে জাহিল সকল যায় পূজে যায়
মূর্তির প্রেমে নাচে শির সঁপে দেয় কপাল ছুঁয়ায়
আহারে চায় নারীকে ভোগের পণ্য রং তামাশায়
জমিনে ঢুকরে কাঁদে অত্যাচারের বিভৎসতায়।
আঁধারী গিলাফ ছিঁড়ে জ্বললো মশাল আরব কাবায়
কোরেশি প্রদীপ হয়ে আব্দুল্লা'র ওরশ রাঙায়
আমেনা মায়ের কোলে খোদার হাবিব আসলে ধরায়
খুশিতে জোয়ার ভাসে সৃষ্টি রাজির দিল কিনারায়।
কিসরা প্রাসাদ ধসে তাশরিফে তাঁর পাপের বিদায়
ইরানে জ্বলতে থাকা অগ্নি কুন্ড যায় নিভে যায়
নূরেতে ভুবন রাঙে নতুন আশায় স্বপ্ন সাজায়
প্রেমেতে আকুল হয়ে ফুটন্ত ফুল সুবাস ছড়ায়।

