সংগৃহীত
হজ পালনের ক্ষেত্রে বিদেশি মুসল্লিদের জন্য শুধুমাত্র ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হজ পালনের জন্য অনুমোদিত একমাত্র বৈধ ভিসা হলো হজ ভিসা- অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য হবে না।
সৌদি গেজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
তবে সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের জন্য সব ধরনের বুকিং ও রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই করতে হবে। কোনো ভুয়া বা অননুমোদিত চ্যানেলের মাধ্যমে বুকিং থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। প্রতিবছরই অসাধু চক্রের মাধ্যমে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা হয়, যা ঠেকাতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
২০২৬ সালের হজ সামনে রেখে সৌদি সরকার ইতোমধ্যে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে, যাতে বিশ্বজুড়ে আগত লাখো হজযাত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা যায়।
বাংলাদেশেরখবর/আরকে

