Logo

ধর্ম

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১৬

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। এর আওতায় সোমবার (১৩ এপ্রিল) থেকে সরকারি অনুমতি ছাড়া কোনও প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া হজ নয়’ স্লোগানে এ বছর হজ কার্যক্রম পরিচালিত হবে, যাতে হাজীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসীর কাছে মক্কা থেকে ইস্যু করা বৈধ ইকামা (বাসিন্দা অনুমতিপত্র), হজের পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে, কেবল তারাই শহরে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনীয় অনুমতি না থাকলে প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া, ওমরাহ ভিসায় সৌদি আরবে আসা বিদেশি যাত্রীদের জন্য ১৮ এপ্রিল (১ জিলকদ) শেষ সময় নির্ধারণ করা হয়েছে দেশত্যাগের জন্য।

১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র দেওয়া স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত সৌদি নাগরিক, প্রবাসী এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিক- সব শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য।

আরও বলা হয়েছে, ১৮ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া অন্য কোনও ভিসাধারী মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং প্রক্রিয়াগুলো সহজতর করার প্রচেষ্টার অংশ হিসেবে ‘আবশির ইন্ডিভিজুয়ালস’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে হজের অনুমতিপত্র সংগ্রহ করা যাবে।

হজ পরিচালনাকারী বিধিমালাগুলো সম্পূর্ণভাবে মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জোর দিয়ে বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা হাজীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।

এই বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। 

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির অন্যান্য সব পরিষেবা সরবরাহকারী ও সংস্থাকে নতুন বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজের নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুশৃঙ্খল ও নিরাপদ হজযাত্রা নিশ্চিতে সবার সহযোগিতা অপরিহার্য।

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র হজ। চলতি বছর ২০ লাখেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের ১৮ তারিখে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে ২৬ মে, মঙ্গলবার আরাফাত দিবস। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসলিম আরাফাতের ময়দানে সমবেত হবেন। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন