মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী | ছবি : সংগৃহীত
১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী। আজ শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন আলী ওমর। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি ওয়াজ মাহফিলে অংশ নিয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নেন শায়খ আলী ওমর। সবশেষ বৃহস্পতিবার ফেনীর সোনাগাজীতে আল–হাসনাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।
সফরের বাকি দিনগুলোতে ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন ইমামে আকসা। এর মধ্যে ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসার মাহফিলে অংশ নেবেন।
আগামী ৮ জানুয়ারি আলী ওমর ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন মাওলানা ফরিদ আহমদ খান। তার ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে শায়খ আলী ওমর ইয়াকুব ২০১৮ সাল থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশে আসছেন।
এটিআর/

