চলতি বছরের হজযাত্রা শুরুর চার দিনে বাংলাদেশ থেকে ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন বলেন, বুধবার হজযাত্রার চতুর্থ দিন সকাল ১০টা পর্যন্ত ৫৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে।
বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল যাত্রা করে। ওই দিন ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।
হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান, ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।
এয়ারলাইনভিত্তিক তথ্য বলছে, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬৭৪ জন, সৌদি এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ২৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৫১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
অবশিষ্ট ৫৪ হাজার ৯০৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক লোকমান হোসেন।
এবছর সৌদি আরবে পবিত্র হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। নইম উদ্দীন মন্ডল জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। মোট হজযাত্রীর সংখ্যা ৭৯ হাজার ৫০০ জন।
আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী বহনের ফ্লাইট পরিচালনা চলবে। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

