সংগৃহীত
পবিত্র হজকে সামনে রেখে মসজিদে নববী-তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে সৌদি সরকার। ‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।
এই কর্মসূচির মাধ্যমে হজ মৌসুমে আগত লাখো মুসল্লি ও হজযাত্রীকে সেবা দেওয়ার সুযোগ পাবেন সৌদি নাগরিক ও দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা।
কারা আবেদন করতে পারবেন
এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতে পারবেন- সৌদি আরবের নাগরিক ও বৈধ ইকামাধারী প্রবাসী।
তবে হজ ভিসায় সৌদি আরবে যাওয়া হজযাত্রী বা বিদেশ থেকে সরাসরি কেউ এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না।
আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া সৌদি জাতীয় পরিচয়পত্র বা ইকামা নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
যেসব ক্ষেত্রে কাজের সুযোগ
নির্বাচিত স্বেচ্ছাসেবীরা মূলত ছয়টি খাতে দায়িত্ব পালন করবেন—
১. ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান
২. নামাজের কাতার সুশৃঙ্খল রাখা
৩. ডিজিটাল পর্দা ও ইলেকট্রনিক যন্ত্র তদারকি
৪. বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা
৫. মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
৬. দর্শনার্থীদের সাধারণ সহায়তা প্রদান
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের সৌদির জাতীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের ওয়েবসাইট nvg.gov.sa-তে গিয়ে আবেদন করতে হবে। পোর্টালে প্রবেশের পর রিলিজিয়াস বা ধর্মীয় ক্যাটাগরি নির্বাচন করে জেনারেল প্রেসিডেন্সি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য প্রফেট’স মস্ক অপশনটি খুঁজে নিতে হবে। এরপর পছন্দমতো পদের জন্য নাম নিবন্ধন করা যাবে।
প্রতি বছর লাখ লাখ হজযাত্রীর ভিড় সামলাতে এবং তাদের ইবাদত নির্বিঘ্ন করতে সৌদি কর্তৃপক্ষ এভাবে স্বেচ্ছাসেবীদের নিয়োগ দিয়ে থাকে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সরাসরি হজ ব্যবস্থাপনার মহতী কাজে অংশ নেওয়ার সুযোগ পান।
বাংলাদেশেরখবর/আরকে

