মক্কার জাদুঘরে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ৬০ পৃষ্ঠার বিরল কোরআন
ধর্ম ডেস্ক:
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৮:৩৩
সংগৃহীত
পবিত্র মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা এক বিরল কোরআনের পাণ্ডুলিপি। মাত্র ৬০ পৃষ্ঠার এই অনন্য কোরআনের প্রতিটি পাতায় অত্যন্ত শৈল্পিক বিন্যাসে স্থান পেয়েছে একটি করে পূর্ণ পারা, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে।
রোববার (১০ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, অনন্য নির্মাণশৈলী ও সূক্ষ্ম কারুকাজে সমৃদ্ধ এই পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার একটি প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত হয়েছে। এটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র কোরআনের প্রতি যুগ যুগ ধরে লালিত শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ পাণ্ডুলিপিটি শুধু ধর্মীয় গুরুত্বই বহন করছে না; বরং এতে আরবি ক্যালিগ্রাফি ও আয়াত বিন্যাসের অসাধারণ শৈল্পিক প্রকাশও ফুটে উঠেছে। ক্যালিগ্রাফি ও অলংকরণের সূক্ষ্ম সমন্বয় কোরআনের প্রতিটি পাতাকে করেছে দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী।
কর্তৃপক্ষ আরও জানায়, পবিত্র কোরআনকে নান্দনিক ও বৈচিত্র্যময় শিল্পরূপে উপস্থাপন এবং সংরক্ষণের যে ঐতিহাসিক ধারা মুসলিম সভ্যতায় দীর্ঘদিন ধরে চলে আসছে, এই পাণ্ডুলিপি তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
হেরা কালচারাল ডিস্ট্রিক্ট-এ অবস্থিত এই জাদুঘরে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি আধুনিক ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ফলে দর্শনার্থীরা শুধু বিরল পাণ্ডুলিপিই দেখছেন না, বরং ইসলামের সূচনালগ্ন থেকে কোরআনের লিখনশৈলী ও প্রকাশনার বিবর্তনের একটি জীবন্ত অভিজ্ঞতাও অর্জন করছেন।
মক্কার ঐতিহাসিক গুরুত্ব এবং ওহি অবতরণের স্মৃতিবিজড়িত পরিবেশের কারণে জাদুঘরটি ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসলমান ও পর্যটকদের অন্যতম আকর্ষণস্থলে পরিণত হয়েছে। বিশেষ করে ৬০ পৃষ্ঠার এই বিরল কোরআনটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।
বাংলাদেশেরখবর/আরকে

