সংগৃহীত
হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখার ভিত্তিতে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবসহ অধিকাংশ দেশে ঈদ ২৭ মে
সৌদি আরব–এর রাজকীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগের দিন ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র হজ ও আরাফা দিবস।
সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত ও ওমান একই দিনে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
পাকিস্তান, ভারত ও অন্যান্য মুসলিম দেশে একই দিন
দক্ষিণ এশিয়ার পাকিস্তান থেকেও ২৭ মে বুধবার ঈদুল আজহা পালনের ঘোষণা এসেছে। পাশাপাশি ভারতেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং তিউনিসিয়া–তেও আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত হয়েছে।
ব্রুনাইয়ে ঈদ ২৮ মে
অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার পালিত হবে। সেখানে আরাফা দিবস পালিত হবে ২৭ মে বুধবার।
বাংলাদেশে কবে হতে পারে ঈদ
সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশ–এ ঈদুল আজহা উদযাপিত হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

