Logo

ধর্ম

কোরবানির মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া কি জায়েজ?

Icon

ধর্ম ডেস্ক:

প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:৩২

কোরবানির মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া কি জায়েজ?

সংগৃহীত

কোরবানিকে ঘিরে প্রতি বছরই মুসলমানদের মধ্যে বিভিন্ন মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো—জবাইকারী, কসাই কিংবা কোরবানির কাজে সহযোগিতাকারীদের পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস বা চামড়া দেওয়া শরিয়তসম্মত কি না।

অনেকেই প্রচলিত রীতির অংশ হিসেবে কোরবানির গোশত দিয়েই পারিশ্রমিক পরিশোধ করেন। তবে ইসলামি শরিয়তে এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। ইসলামি চিন্তাবিদ ও ফিকহবিদদের মতে, কোরবানির মাংস বা চামড়া পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। তবে নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর সৌজন্য বা হাদিয়া হিসেবে গোশত দেওয়া বৈধ।

মাসিক আল কাউসার–এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কোরবানি পশুর গোশত বিক্রি করা বা বিনিময় হিসেবে ব্যবহার করা বৈধ নয়। একই কারণে জবাইকারী, কসাই বা অন্য কোনো সহযোগীকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত বা চামড়া দেওয়া শরিয়তসম্মত হবে না।

এ বিষয়ে হাদিসে সুস্পষ্ট নির্দেশনার কথাও উল্লেখ করেছেন আলেমরা। হজরত আলী (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, মুহাম্মদ (সা.) তাকে কোরবানির উটের দেখাশোনার দায়িত্ব দিয়ে বলেন, কোরবানির গোশত, চামড়া ও অন্যান্য সামগ্রী সদকা করে দিতে এবং কসাইকে যেন কোরবানির পশু থেকে পারিশ্রমিক না দেওয়া হয়। বরং কসাইয়ের পারিশ্রমিক নিজেদের পক্ষ থেকেই পরিশোধ করতে বলা হয়েছে। (সহিহ মুসলিম: ১৩১৭)

রাজধানীর জামিয়া ইকরা–এর ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, কেউ যদি কোরবানির গোশত বা চামড়া দিয়ে পারিশ্রমিক পরিশোধ করেন, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে; তবে তা ত্রুটিমুক্ত হবে না। এ ত্রুটি দূর করতে হলে যে পরিমাণ অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে, তার সমমূল্য গরিব-মিসকিনকে সদকা করতে হবে।

তিনি আরও বলেন, জবাইকারী, কসাই কিংবা সহযোগিতাকারীদের যথাযথ পারিশ্রমিক দেওয়ার পর স্বেচ্ছায় হাদিয়া হিসেবে কোরবানির গোশত দেওয়া যেতে পারে। হাদিসে যে নিষেধাজ্ঞা এসেছে, তা কেবল পারিশ্রমিক হিসেবে দেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য।

ফিকহের বিভিন্ন গ্রন্থেও একই মতামত উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে—আলমুহীতুল বুরহানী, বাদায়েউস সানায়ে, ফাতহুল বারী এবং আদ্দুররুল মুখতার।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন