সংগৃহীত
হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ ১৩ জনকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে হজ পালনের চেষ্টা, প্রতারণা এবং অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, প্রথম অভিযানে পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তারা মক্কার দুর্গম পাহাড়ি রাস্তা ও উপত্যকা ব্যবহার করে গোপনে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে তাদের কাছে হজ পালনের প্রয়োজনীয় কোনো বৈধ অনুমতিপত্র ছিল না। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের চার প্রবাসী নাগরিককে আটক করে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
অন্যদিকে তৃতীয় অভিযানে তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। ওই আফগান নাগরিকদের কাছেও বৈধ হজ পারমিট ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে সৌদি নাগরিক ও প্রবাসীদের হজের সব নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সন্দেহজনক কোনো কার্যক্রম বা নিয়ম লঙ্ঘনের তথ্য পেলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
বাংলাদেশেরখবর/আরকে

