মাদরাসা শিক্ষার্থীদের আকস্মিক নিখোঁজ ও অপপ্রচার
অভিভাবক ও কর্তৃপক্ষের সতর্কতা জরুরি
লাবীব আব্দুল্লাহ
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২২:০৮
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাদরাসা শিক্ষার্থীদের (তালেবে ইলম) নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে; বিশেষ করে ঈদের পর থেকে এই প্রবণতা বেশি লক্ষণীয়। একই সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে মাদরাসা শিক্ষা ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এক ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা মাদরাসা শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা এবং তথ্য সন্ত্রাসের শামিল।
বর্তমান পরিস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষ, অভিভাবক মহল এবং মাদরাসা শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ সতর্ক থাকা সময়ের দাবি। কেন হঠাৎ এ ধরনের ঘটনা ঘটছে এবং এর পেছনে কী ধরনের চক্র কাজ করছে, তা দ্রুত উদ্ঘাটন করে প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
নিরাপত্তার স্বার্থে, বিশেষ করে বালিকা ও মহিলা মাদরাসার ছাত্রীদের যাতায়াতের পথে অভিভাবকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো অবস্থাতেই অভিভাবকদের তত্ত্বাবধান ছাড়া ছাত্রীদের একা একা মাদরাসায় যাতায়াত করতে দেওয়া সমীচীন হবে না।
মাদরাসা শিক্ষা বোর্ড ও কর্তৃপক্ষের প্রতি:
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপপ্রচার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান:
কেন এবং কাদের মাধ্যমে এই নিখোঁজের ঘটনাগুলো ঘটছে, তা তদন্ত করে অনতিবিলম্বে রহস্য উদ্ঘাটন করা হোক।
অভিভাবকদের প্রতি অনুরোধ:
সন্তানদের মাদরাসায় আসা-যাওয়ার পথে সর্বোচ্চ সতর্ক থাকুন। বিশেষ করে বালিকা ও মহিলা মাদরাসার ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাদের একা ছাড়বেন না; সবসময় পরিবারের কেউ সাথে থাকার চেষ্টা করুন।
লেখক: আলেম, শিক্ষাবিদ, গবেষক; পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট ময়মনসিংহ

