সংগৃহীত
অর্থ উপার্জন এবং সঞ্চয় করাই জীবনের শেষ কথা নয়, উপার্জিত অর্থ কতটুকু নৈতিক ও ধর্মীয় বিধান মেনে ব্যয় করা হচ্ছে, তা নিশ্চিত করাই ইসলামী অর্থব্যবস্থাপনার মূল কথা। সাধারণ অর্থনৈতিক ধারণায় বাজেট বলতে শুধু আয়-ব্যয়ের হিসাব বোঝানো হলেও, ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব আরও গভীর। এটি মানুষের জীবনে শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং মিতব্যয়িতার চর্চা শেখায়। সঠিক বাজেট পরিকল্পনার মাধ্যমে একজন মুসলিম যেমন সুদমুক্ত জীবন গড়তে পারেন, তেমনি যাকাত ও সদকার মতো ধর্মীয় দায়িত্বগুলোও সহজে পালন করতে পারেন।
ইসলামী ব্যক্তিগত অর্থব্যবস্থাপনার মূল ভিত্তি
প্রচলিত অর্থব্যবস্থা যেখানে কেবল বৈষয়িক লাভ ও মুনাফাকেন্দ্রিক, সেখানে ইসলামী অর্থব্যবস্থা নৈতিকতা, সামাজিক কল্যাণ এবং ধর্মীয় অনুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এই ব্যবস্থার প্রধান স্তম্ভগুলো হলো—
সুদ বা রিবা পুরোপুরি বর্জন: ইসলামে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এটি শোষণের একটি হাতিয়ার হওয়ায় যেকোনো ধরনের আর্থিক লেনদেনে সুদের সম্পৃক্ততা থাকা যাবে না।
ঝুঁকি ভাগাভাগি বা রিস্ক শেয়ারিং: যেকোনো ব্যবসায়িক অংশীদারিত্বে লাভ ও ক্ষতি—উভয় দিকই দুপক্ষকে বহন করতে হবে। এটি সমাজে ন্যায্যতা নিশ্চিত করে।
অস্পষ্টতা বা ধোঁকা পরিহার: যেকোনো চুক্তি বা লেনদেন অবশ্যই স্বচ্ছ হতে হবে। কোনো ধরনের জুয়া বা অতিরিক্ত অনিশ্চয়তা এর মধ্যে থাকতে পারবে না।
হালাল উপার্জন ও বিনিয়োগ: কেবল অনুমোদিত বা হালাল খাতেই বিনিয়োগ ও ব্যবসা করা যাবে। মাদক, জুয়া বা শুকরের মাংসের মতো হারাম ব্যবসায় অর্থ খাটানো সম্পূর্ণ নিষিদ্ধ।
ইসলামী অর্থনীতিতে বাজেট কেন প্রয়োজন
ইসলামী অর্থব্যবস্থাপনায় বাজেট শুধু টাকা জমানোর হাতিয়ার নয়, বরং শরীয়াহ অনুযায়ী জীবন পরিচালনার একটি অন্যতম মাধ্যম। এটি বিভিন্নভাবে মানুষের অর্থনৈতিক জীবনকে সহজ করে তোলে।
যেমন, একটি পরিকল্পিত বাজেট থাকলে মানুষকে হুট করে সুদে ঋণ নিতে হয় না। আয়-ব্যয়ের সঠিক হিসাব থাকলে আর্থিক অনিশ্চয়তা বা ঋণের ঝুঁকি থেকে বেঁচে থাকা যায়। এছাড়া ইসলামে অপচয় ও বিলাসিতাকে পছন্দ করা হয় না। বাজেট মানুষের খরচের লাগাম টেনে ধরে মিতব্যয়ী হতে সাহায্য করে, যা ইসলামে অন্যতম প্রশংসনীয় গুণ। একইসঙ্গে এর মাধ্যমে নিজের আসল সম্পদের হিসাব রাখা যায়, যা বছর শেষে নিখুঁতভাবে যাকাত গণনার কাজটিকে সহজ করে দেয়।
সম্পদ উর্পাজন ও ব্যয়ের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি
ইসলামে সম্পদকে আল্লাহর নিয়ামত বা আমানত হিসেবে দেখা হয়। হালাল উপায়ে সম্পদ অর্জন ও ধনী হওয়াতে কোনো বাধা নেই, তবে তা যেন মানুষকে লোভী বা সমাজবিমুখ না করে তোলে। ইসলাম মানুষকে কঠোর পরিশ্রম ও ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে উৎসাহিত করে। তবে একই সঙ্গে মনে করিয়ে দেয়, সম্পদ এক ধরনের পরীক্ষা। তাই সম্পদকে মিতব্যয়িতার সঙ্গে ব্যবহার করতে হবে। কোরআনের নির্দেশনা অনুযায়ী, নিজের জীবনযাত্রাকে কষ্টকর না করে, আবার অপচয়ও না করে একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ।
ইসলামী পদ্ধতিতে বাজেট তৈরির পাঁচ ধাপ
আপনার ব্যক্তিগত বা পারিবারিক বাজেটকে ইসলামী নীতি অনুযায়ী সাজাতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন—
প্রথমত, আয় ও ব্যয়ের হিসাব রাখুন: আপনার প্রতি মাসের নিশ্চিত আয় কত এবং কোথায় কত টাকা খরচ হচ্ছে, তার একটি নিখুঁত তালিকা তৈরি করুন।
দ্বিতীয়ত, ব্যয়ের খাত নির্ধারণ করুন: খরচগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিন; যেমন—বাসা ভাড়া, খাবার, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা এবং দাতব্য কাজ।
তৃতীয়ত, খরচের সীমা নির্ধারণ করুন: আপনার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিটি খাতের জন্য সর্বোচ্চ খরচের একটি সীমা বেঁধে দিন। বিলাসিতা পরিহার করে প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিন।
চতুর্থত, যাকাত ও সদকার তহবিল আলাদা করুন: বছরের শুরুতেই আপনার যাকাতের সম্ভাব্য পরিমাণ হিসাব করে প্রতি মাসের বাজেটে তার জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখুন। সাধারণ দান বা সদকার জন্যও কিছু অর্থ আলাদা রাখতে পারেন।
পঞ্চমত, নিয়মিত পর্যালোচনা করুন: মাসের শেষে আপনার তৈরি করা বাজেটের সঙ্গে বাস্তব খরচের মিল কতটুকু হলো, তা খতিয়ে দেখুন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী মাসের পরিকল্পনা সাজান।
বাজেটের ওপর যাকাতের প্রভাব
ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হলো যাকাত। নিসাব পরিমাণ বা নির্দিষ্ট সীমার বেশি সম্পদ থাকলে বছর শেষে তার আড়াই শতাংশ (২.৫%) গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা বাধ্যতামূলক। এটি কেবল দান নয়, বরং সম্পদের পবিত্রতা অর্জনের মাধ্যম।
ব্যক্তিগত বাজেটে যাকাতকে অন্তর্ভুক্ত করতে হলে প্রথমে নিজের মোট সঞ্চয়, সোনা-দানা বা বিনিয়োগের মূল্য থেকে ঋণ বাদ দিয়ে যাকাতযোগ্য সম্পদ হিসাব করতে হবে। এরপর প্রতি মাসে কিছু কিছু করে টাকা আলাদা করে রাখলে বছরের নির্দিষ্ট সময়ে এককালীন বড় অঙ্কের যাকাত দেওয়াটা আর বোঝা মনে হয় না।
শেষ কথা
বাজেট করা মানেই জীবনকে সংকীর্ণ করা নয়, বরং এটি হলো সচেতনভাবে সম্পদ ব্যবহারের একটি শৈল্পিক মাধ্যম। আপনি ছাত্র, চাকরিজীবী বা ব্যবসায়ী—যা-ই হোন না কেন, আয়ের পরিমাণের চেয়ে খরচের নিয়মানুবর্তিতাই আপনার জীবনে বরকত এনে দিতে পারে। তাই আজই আপনার আর্থিক পরিকল্পনাকে ইসলামের আলোয় নতুন করে সাজিয়ে নিন, যা আপনার ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথকে সুগম করবে।
বাংলাদেশেরখবর/আরকে

