Logo

ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪,৩২৩ হাজি, মোট মৃত্যু ৫০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৭:৪২

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪,৩২৩ হাজি, মোট মৃত্যু ৫০

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে মোট ১২৩টি ফ্লাইটে, সর্বমোট ৫৪ হাজার ৩২৩ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।‎

শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ‘হজ বুলেটিনের’ তথ্য সূত্রে এসব জানা গেছে। ‎হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫০,০১০ জন হাজি।‎

‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি ফ্লাইটে ২২ হাজার ৯৫২ জন, সৌদি এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৯ হাজার ২৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৩ হাজার ৭০৬ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।‎

‎হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬২ হজার ৮৩৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৭ হাজার ৬৬৫টি সেবা প্রদান করা হয়েছে।‎

‎এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।


বাংলাদেশের খবর/এইচআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন