ইসলাম কেবল কয়েকটি ইবাদত বা কিছু বিশ্বাসের সমষ্টি নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ও সমন্বিত জীবনদর্শন। মানুষের ইহকাল ও পরকাল—উভয় জীবনের জন্যই ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে। আকিদা, ইবাদত, মুআমালাত (লেনদেন), মুআশারাত (সামাজিকতা), নৈতিকতা, অর্থনীতি, রাষ্ট্রনীতি ও বিচারব্যবস্থা—জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামের রয়েছে নিজস্ব নীতিমালা।
ইসলামে রাষ্ট্র ও রাজনীতির (সিয়াসত) একটি সুস্পষ্ট ধারণা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবন ছিল প্রধানত তাওহীদের দাওয়াত, ঈমান গঠন ও চরিত্র নির্মাণের অধ্যায়; আর মাদানী জীবন ছিল ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব রূপায়ণ। বদর থেকে তাবুক পর্যন্ত সংঘটিত গাজওয়া ও সারিয়াগুলো সেই রাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিষ্ঠার ইতিহাসের অংশ। রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর খেলাফতে রাশেদার যুগে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়, যার প্রভাবে ইসলামের বার্তা সুদূর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
ইসলামী বিচারব্যবস্থার সোনালি ঐতিহ্য
ইসলামী রাষ্ট্রে আইন বাস্তবায়নের জন্য সুসংগঠিত বিচারব্যবস্থা ছিল। বিচারকার্য পরিচালনা করতেন 'কাজী'। বর্তমান উপমহাদেশে প্রচলিত অর্থে কাজী বলতে যাঁরা কেবল বিবাহ নিবন্ধনের দায়িত্ব পালন করেন, ইসলামী ইতিহাসে 'কাজী' বলতে মূলত বিচারককেই বোঝানো হতো। যেমন, ইমাম আবু ইউসুফ (রহ.) ছিলেন তৎকালীন রাষ্ট্রের প্রধান বিচারপতি (কাজীউল কুযাত)।
ইসলামী শাসনব্যবস্থার বিভিন্ন রূপ ইতিহাসের নানা পর্যায়ে ১৯২৪ সাল পর্যন্ত বিদ্যমান ছিল। এর লক্ষ্য ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন কায়েম করা। ইসলামে জিহাদের মূল উদ্দেশ্য শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ রক্ষা; এটি নির্বিচার সহিংসতা বা আধুনিক সন্ত্রাসবাদের সঙ্গে কখনোই একাকার করা যায় না।
ইসলামী আদালতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নিরপেক্ষতা ও ইনসাফ। শাসক থেকে সাধারণ নাগরিক—আইনের দৃষ্টিতে সবাই সমান বলে বিবেচিত হতেন।
ইসলামী আইনের উৎস ও ইজতিহাদের গুরুত্ব
ইসলামী আইনের চারটি মৌলিক উৎস হলো—কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। এ ছাড়া ইস্তিহসান, ইস্তিসলাহ, মাসালিহে মুরসালাহ এবং উরফের মতো গৌণ উৎসও রয়েছে, যা মূলত এই চার উৎসের আলোকে বিকশিত হয়েছে।
ইসলামী আইন কোনো স্থবির ব্যবস্থা নয়; বরং এটি সময়োপযোগী ও গতিশীল। পরিবর্তিত বাস্তবতায় নতুন নতুন সমস্যার সমাধানে ইজতিহাদ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তবে ইজতিহাদ কখনো ব্যক্তিগত খেয়ালনির্ভর নয়; বরং উসুলুল ফিকহের নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতেই তা সম্পন্ন হয়।
রাসূলুল্লাহ (সা.) হযরত মুআয ইবনে জাবাল (রা.)-কে ইয়ামানে পাঠানোর সময় কুরআন ও সুন্নাহতে সরাসরি সমাধান না পাওয়া গেলে ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের যে নীতির অনুমোদন দিয়েছিলেন, তা ইসলামী আইনচিন্তার এক গুরুত্বপূর্ণ ভিত্তি। হাদিসে এসেছে, একজন মুজতাহিদ সঠিক সিদ্ধান্তে পৌঁছালে দুটি সওয়াব এবং ভুল করলেও আন্তরিক প্রচেষ্টার জন্য একটি সওয়াব লাভ করেন। বর্তমান যুগের জটিল অর্থনৈতিক, চিকিৎসা, প্রযুক্তিগত ও আন্তর্জাতিক নানা বিষয়ে সমসাময়িক আলেম ও বিশেষজ্ঞদের সম্মিলিত গবেষণা (Collective Ijtihad) সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
খেলাফতে রাশেদা ও বিচারব্যবস্থার বিকাশ
রাসূলুল্লাহ (সা.) নিজেই মসজিদে নববী থেকে বিচারকার্য পরিচালনা করতেন। খেলাফতে রাশেদার যুগে বিচারব্যবস্থা আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। ফকীহ সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে বিচারকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ফতোয়া, কাজা ও ফিকহশাস্ত্রের বিস্তৃত বিকাশ ঘটে এবং ইসলামী আইন বিষয়ে অসংখ্য কালজয়ী গ্রন্থ রচিত হয়।
বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও উত্তরণের পথ
বর্তমান মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে ইসলামী আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায় না। কোথাও কোথাও ব্যক্তিগত বা পারিবারিক আইনের ক্ষেত্রে আংশিক প্রয়োগ থাকলেও সামগ্রিক রাষ্ট্রীয় কাঠামোয় এর উপস্থিতি সীমিত। ইসলামী আইন কেবল দণ্ডবিধির সমষ্টি নয়; বরং এটি ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক ভারসাম্য, মানবাধিকার, নৈতিকতা ও জবাবদিহিতার একটি সমন্বিত ব্যবস্থা। ইসলামী ফৌজদারি আইনে কিসাস, হুদুদ ও তাআযীরের বিধান রয়েছে, যেগুলোর লক্ষ্য প্রতিশোধ নয়; বরং অপরাধ প্রতিরোধ, ন্যায় প্রতিষ্ঠা এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করা। তবে এসব বিধান কার্যকর হওয়ার জন্য কঠোর প্রমাণ, ন্যায়সঙ্গত বিচারপ্রক্রিয়া এবং উপযুক্ত সামাজিক পরিবেশ নিশ্চিত করা ইসলামী শরিয়তের অপরিহার্য শর্ত। অর্থনৈতিক ক্ষেত্রে সুদমুক্ত লেনদেন, যাকাত, ওয়াকফ ও ন্যায়ভিত্তিক সম্পদ বণ্টনের নীতিমালা বাস্তবায়িত হলে বৈষম্য কমানো এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে আধুনিক আইনব্যবস্থার পাশাপাশি ইসলামী আইনচর্চা মূলত শিক্ষা ও গবেষণার পরিসরে সীমাবদ্ধ। ফলে রাষ্ট্রীয় আইন প্রণয়ন ও বিচারব্যবস্থায় ইসলামী আইন বিশেষজ্ঞদের কার্যকর অংশগ্রহণও অনেক ক্ষেত্রে সীমিত।
একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামী আইন, সংবিধান, সমকালীন বাস্তবতা এবং জনগণের কল্যাণ—সবকিছুর সমন্বিত বিবেচনা প্রয়োজন। এ জন্য সংসদ সদস্য, আইনবিদ, আলেম ও বিশেষজ্ঞদের মধ্যে ফলপ্রসূ সংলাপ ও সমন্বয় অপরিহার্য।
মুসলিম বিশ্বের বর্তমান অস্থিরতা, দুর্নীতি ও ন্যায়বিচারের সংকটের পেছনে বহু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে। ইসলামী আইনের ন্যায়, জবাবদিহিতা ও নৈতিকতার মূলনীতিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে সমাজে সুবিচার, স্থিতিশীলতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেখক: শাইখুল হাদীস, শিক্ষাবিদ, গবেষক; পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট ময়মনসিংহ

