Logo

ধর্ম

হৃদপিণ্ড: আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন

Icon

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৫:১১

হৃদপিণ্ড: আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন

মানবদেহের প্রতিটি অঙ্গ আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন। তবে হৃদপিণ্ড এমন এক বিস্ময়কর অঙ্গ, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তও বিরতি না নিয়ে কাজ করে যায়। এই অঙ্গের মাধ্যমে দেহে রক্ত, অক্সিজেন ও পুষ্টি প্রবাহিত হয়, যা জীবনের ধারাবাহিকতা রক্ষা করে। হৃদপিণ্ড থেমে গেলে মানুষের জীবনও থেমে যায়।

হৃদপিণ্ড: সৃষ্টিকর্তার নিদর্শন

আল্লাহ তাআলা বলেন—নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং তোমাদের সৃষ্টিতে রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য।” (সূরা আল-জাছিয়া: ১৩) মানবদেহের হৃদপিণ্ড এই আয়াতের বাস্তব প্রমাণ। একটি ক্ষুদ্র অঙ্গ আজীবন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।

হৃদপিণ্ডের অবিরাম কর্মযজ্ঞ

একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দন সাধারণত প্রতি মিনিটে ৬০–১০০ বার। গড়ে ৭২ বার ধরা হলে—

* প্রতি মিনিটে: ৭২ বার

* প্রতি ঘণ্টায়: ৪,৩২০ বার

* প্রতিদিন: ১,০৩,৬৮০ বার

* প্রতি বছরে: প্রায় ৩ কোটি ৭৮ লাখ বার

* একজন মানুষ যদি ৬৮–৭০ বছর বেঁচে থাকেন, তাহলে হৃদপিণ্ড * জীবদ্দশায় প্রায় ২৬০ কোটি বার স্পন্দিত হয়। এটি প্রমাণ করে, মানবদেহ একটি অত্যন্ত নিখুঁত ও নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত, যার মূল নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে।

হৃদপিণ্ড ও জীবনের সম্পর্ক

আল্লাহ তাআলা বলেন—আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান।” (সূরা আলে ইমরান:১৫৬)

হৃদপিণ্ডের স্পন্দন থেমে যাওয়া মানেই জীবন সমাপ্তি। তাই জীবন ও মৃত্যুর ধারাবাহিকতা আল্লাহর নির্ধারিত নিয়মের অংশ।

নবী করিম (সা.) বলেন—শরীরে একটি মাংসপিণ্ড আছে; তা ভালো হলে পুরো শরীর ভালো হয়, আর তা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটি হলো হৃদপিণ্ড।” (সহিহ বুখারি: ৫২; সহিহ মুসলিম: ১৫৯৯) এই হাদিস হৃদপিণ্ডের শারীরিক ও আত্মিক গুরুত্ব একসাথে তুলে ধরে।

হৃদপিণ্ড ও অক্সিজেনের নিয়ামত

হৃদপিণ্ড একটি সক্রিয় পেশি, যা অক্সিজেনের ওপর নির্ভরশীল। অক্সিজেনের অভাব হলে এর কার্যক্ষমতা ব্যাহত হয়।

একজন মানুষ গড়ে—

* প্রতিদিন প্রায় ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করে

* বছরে প্রায় ২ লাখ লিটার

* ৭০ বছরে প্রায় ১ কোটি ৪০ লাখ লিটার

আল্লাহ তাআলা বলেন—তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা তোমাদের জন্য রিযিক সৃষ্টি করেন।” (সূরা আন-নাহল: ১০)

এখানে রিযিক বলতে শুধু খাদ্য নয়; অক্সিজেনও আল্লাহর এক অদৃশ্য নিয়ামত।

রক্ত সঞ্চালনের বিস্ময়

একজন সুস্থ মানুষের দেহে গড়ে ৫ লিটার রক্ত থাকে। হৃদপিণ্ড প্রতি মিনিটে প্রায় ৫ লিটার রক্ত সঞ্চালন করে।

এর ফলে—

* প্রতি ঘণ্টায়: ৩০০ লিটার

* প্রতিদিন: ৭,২০০ লিটার

* বছরে: প্রায় ২৬ লাখ লিটার

* ৭০ বছরে এই পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ কোটি ৪০ লাখ লিটার রক্ত সঞ্চালন।

আল্লাহ তাআলা বলেন—নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি।”(সূরা আত-তীন: ৪) এই নিখুঁত অভ্যন্তরীণ ব্যবস্থা তারই প্রমাণ।

হৃদপিণ্ড একটি আমানত

ইসলামে শরীরকে আমানত হিসেবে গণ্য করা হয়েছে। নবী (সা.) বলেন—তোমার শরীরেরও তোমার উপর অধিকার আছে।” (সহিহ বুখারি: ১৯৬৮) অর্থাৎ, শরীরের যত্ন নেওয়া ধর্মীয় দায়িত্বের অংশ।

হৃদরোগ বৃদ্ধির কারণ

বর্তমান সময়ে হৃদরোগ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কারণে—

  • * ধূমপান ও তামাক ব্যবহার
  • * উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস
  • * রক্তে অতিরিক্ত চর্বি
  • * স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা
  • * মানসিক চাপ
  • * অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
  • * পর্যাপ্ত ঘুমের অভাব

আল্লাহ তাআলা বলেন—তোমরা অপচয় করো না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। (সূরা আল-আ‘রাফ: ৩১) স্বাস্থ্যের অবহেলাও এক ধরনের অপচয়।

হৃদপিণ্ড সুস্থ রাখার ইসলামি নির্দেশনা

ইসলাম স্বাস্থ্য রক্ষায় একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা প্রদান করেছে—

১. পরিমিত খাদ্য

তোমরা খাও ও পান কর, কিন্তু অপচয় করো না।” (সূরা আল-আ‘রাফ: ৩১)

২. হালাল ও পবিত্র খাদ্য

হে মানবজাতি! পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু থেকে আহার কর।” (সূরা আল-বাকারা: ১৬৮)

৩. আত্মিক প্রশান্তি

আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।” (সূরা আর-রাদ: ২৮)

৪. শারীরিক সচলতা

নবী (সা.) নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম ও সক্রিয় জীবনযাপন করেছেন।

হৃদপিণ্ড: আত্মিক কেন্দ্র

হৃদপিণ্ড শুধু শারীরিক অঙ্গ নয়; এটি ঈমান ও নৈতিকতার কেন্দ্র। হাদিস অনুযায়ী হৃদয়ের বিশুদ্ধতা মানে মানুষের চরিত্রের বিশুদ্ধতা।

পরিশেষে বলা যায়, হৃদপিণ্ড আল্লাহর এক মহান নিদর্শন, যা জীবনের প্রতিটি মুহূর্তকে সচল রাখে। জীবদ্দশায় প্রায় ২৬০ কোটি বার স্পন্দিত হয়ে, কোটি কোটি লিটার রক্ত সঞ্চালন ও বিপুল পরিমাণ অক্সিজেন ব্যবহারের মাধ্যমে এটি মানবজীবনকে টিকিয়ে রাখে।কোরআন ও হাদিসের শিক্ষা আমাদের জানায়—শরীর একটি আমানত, এবং এর যত্ন নেওয়া ঈমানি দায়িত্ব। তাই স্বাস্থ্যকর জীবনযাপন, হালাল খাদ্য, মানসিক প্রশান্তি ও আল্লাহর স্মরণ হৃদপিণ্ডকে সুস্থ রাখার মূল চাবিকাঠি।তাই সুস্থ হৃদপিণ্ড মানেই সুস্থ জীবন, আর সুস্থ জীবন মানেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বাস্তব প্রকাশ।

লেখক : কলাম লেখক ও ইসলাম বিষয়ক গবেষক; প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। ইমেইল : drmazed96@gmail.com

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন