Logo

ধর্ম

ভালো ফলাফলের কৌশল ও প্রস্তুতি

পরীক্ষার দিন শিক্ষার্থীর করণীয়—২

Icon

আমীনুর রহমান নড়াইলী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২১

পরীক্ষার দিন শিক্ষার্থীর করণীয়—২

(পূর্ব প্রকাশের পর...)

উত্তরপত্রের লেখা শেষ হলে যা করবেন

পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে উত্তর লেখা শেষ করার চেষ্টা করুন। এরপর পুরো উত্তরপত্র একবার মনোযোগ দিয়ে দেখে নিন। কোথাও কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, রোল নম্বর বা নিবন্ধন নম্বর ঠিক আছে কি না, প্রশ্ন নম্বর সঠিকভাবে লেখা হয়েছে কি না—এসব বিষয় নিশ্চিত করুন।

নজরে সানী (রিভিশন) করুন

অনেক শিক্ষার্থী ভালো উত্তর লেখার পরও সামান্য অসাবধানতার কারণে মূল্যবান নম্বর হারিয়ে বসে। তাই উত্তর লেখা শেষ হওয়ার পর উত্তরপত্রটি অবশ্যই একবার মনোযোগ সহকারে চার ধাপে নজরে সানী বা রিভিশন করুন। কয়েক মিনিটের এই সতর্কতা অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথমত প্রশ্ন নম্বরগুলো ঠিকভাবে লেখা হয়েছে কি না এবং প্রশ্নপত্রে যতগুলো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, সবগুলোর উত্তর দেওয়া হয়েছে কি না– নিশ্চিত করুন।

এরপর লক্ষ করুন, কোনো প্রশ্নের আলিফ, বা, জিম, দাল বা ক, খ, গ কিংবা অন্য কোনো অংশ অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে কি না। যদি বাদ পড়ে থাকে, সময় থাকলে সঙ্গে সঙ্গে তা পূরণ করে দিন।

এরপর উত্তরগুলোর বিষয়বস্তুর দিকে দৃষ্টি দিন। প্রশ্নে যা চাওয়া হয়েছে, উত্তরেও তা যথাযথভাবে এসেছে কি না যাচাই করুন। মনে রাখবেন, উত্তর যত দীর্ঘই হোক না কেন, প্রশ্নের মূল বিষয়বস্তু অনুপস্থিত থাকলে ভালো নম্বর পাওয়া কঠিন।

সবশেষে বানানের প্রতিও বিশেষ গুরুত্ব দিন। কোথাও ভুল থাকলে বারবার দাগ দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। একটিমাত্র সরল দাগ দিয়ে কেটে প্রয়োজন হলে ওপরের দিকে বা পাশে সঠিক বানানটি লিখে দিন।

অতিরিক্ত (লুজ) পৃষ্ঠা ব্যবহারে সতর্কতা

অতিরিক্ত পৃষ্ঠা নেওয়ার প্রয়োজন হলে লেখা শুরু করার আগেই সেই পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর লিখে নিন। এতে পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো সঠিক ক্রমে সাজিয়ে পিন-আপ করতে সুবিধা হবে। অন্যথায় শেষ মুহূর্তে পৃষ্ঠা মিলাতে গিয়ে অপ্রয়োজনীয় সময় নষ্ট হওয়ার পাশাপাশি বিভ্রান্তিরও আশঙ্কা থাকে।

উত্তরপত্র জমা দেওয়ার সময়

অনেক সময় অসাবধানতাবশত প্রশ্ন নম্বর ভুল লেখা বা একটি পৃষ্ঠা বাদ পড়ে যাওয়ার মতো ছোট ভুল বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই শেষ কয়েক মিনিটে শেষ বারের মতো দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিভিশন শেষ হওয়ার পর উত্তরপত্র জমা দিন। উত্তরপত্র জমা দেওয়ার পর উপস্থিতি বা খাতা গ্রহণের নিবন্ধনে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্বাক্ষর করুন। এ ক্ষেত্রে অসাবধানতা ভবিষ্যতে অপ্রত্যাশিত জটিলতার কারণ হতে পারে।

ঘণ্টা বাজা পর্যন্ত ধৈর্য ধরে নিজের আসনে বসে থাকুন। পরীক্ষকের নির্দেশনা মেনে শান্তভাবে উত্তরপত্র জমা দিন এবং আল্লাহ তাআলার কাছে নিজের পরিশ্রম কবুল হওয়ার দোয়া করুন।

সময় শেষ হওয়ার আগে হল ত্যাগ করবেন না

অনেক শিক্ষার্থীর অকারণে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। এটি মোটেও সমীচীন নয়। শেষ মিনিট পর্যন্ত নিজের আসনে অবস্থান করুন এবং উত্তরপত্র বারবার দেখে নিন। কারণ, অনেক ভুল প্রথমবার চোখে পড়ে না; দ্বিতীয় বা তৃতীয়বার দেখলে ধরা পড়ে।

মনে রাখবেন, পরীক্ষার হলের শেষ এক মিনিটও অত্যন্ত মূল্যবান। এই অল্প সময়েই হয়তো একটি বাদ পড়া উত্তর, একটি ভুল প্রশ্ন নম্বর কিংবা একটি বানান সংশোধন আপনার কয়েকটি নম্বর বাড়িয়ে দিতে পারে। তাই অকারণে আগে বের হয়ে যাওয়ার অভ্যাস পরিহার করুন।

নকলকে না বলুন

মনে রাখবেন, নকল করে সাময়িকভাবে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হলেও তা কখনো প্রকৃত সাফল্য নয়। প্রকৃত সফল সে-ই, যে সততা ও তাকওয়ার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে এবং আল্লাহর সন্তুষ্টিকে সর্বাগ্রে স্থান দেয়।

আত্মবিশ্বাসই সফলতার অন্যতম ভিত্তি

পরীক্ষার হলে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস। অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা বা অন্যের প্রস্তুতি নিয়ে অস্থিরতা নিজের ক্ষতিই ডেকে আনে। আল্লাহ তাআলার ওপর পূর্ণ ভরসা রেখে, নিজের প্রস্তুতির প্রতি আস্থা রেখে এবং শান্তচিত্তে উত্তর লিখে আসবেন।

মনে রাখবেন, আপনি যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তার প্রতিদান কখনো নষ্ট করেন না। তাই ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিন; সর্বোচ্চ চেষ্টা করুন এবং ফলাফল মহান আল্লাহর ওপর ছেড়ে দিন। ইনশাআল্লাহ, সততা, পরিশ্রম ও তাওয়াক্কুলের সমন্বয়ই আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। ইনশাআল্লাহ।

সবশেষে রোল নম্বর, নিবন্ধন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আবারও মিলিয়ে নিন। অনেক সময় একটি ছোট ভুলও বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। (চলবে...)

লেখক: শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন