Logo

ধর্ম

বন্যায় বিপন্নদের পাশে দাঁড়াই

Icon

মুফতি ইসমাইল সিদ্দিক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:২৬

বন্যায় বিপন্নদের পাশে দাঁড়াই

চট্টগ্রামসহ দেশের ২০ জেলায় বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত ৫১ জন মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে দেশের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। গবাদি পশু নিয়ে বন্যা কবলিত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। 

এ দুর্যোগময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। 

আল্লাহ তাআলা বলেন, “তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো।" (সূরা মায়িদা: ২)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে-ই, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।’ (তাবারানি: ৫৭৮৭)

অন্যত্র রাসুল সা. ইরশাদ করেন, “যার কাছে অতিরিক্ত বাহন আছে, সে যেন যার বাহন নেই তাকে তা দিয়ে সহযোগিতা করে। আর যার কাছে অতিরিক্ত পাথেয় আছে, সে যেন যার পাথেয় নেই তাকে তা দিয়ে সহযোগিতা করে।” এরপর সাহাবি আবু সাঈদ খুদরি রা. বলেন: রাসুলুল্লাহ সা. বিভিন্ন সম্পদের কথা এভাবে উল্লেখ করতে থাকলেন। তখন আমাদের মনে হলো, অতিরিক্ত কোনো জিনিসের ওপর আমাদের ব্যক্তিগত অধিকার থাকা উচিত নয়। (সহিহ মুসলিম: ১৭২৮) 

বন্যাকবলিত মানুষের দিকে তাকালে এই হাদিসের আবেদন আরও সুস্পষ্ট হয়ে ওঠে। কারও ঘরে পর্যাপ্ত খাবার আছে, অথচ বন্যার্ত মানুষ অনাহারে ভুগছে। কারও কাছে বিশুদ্ধ পানি আছে, অথচ তারা পানিবাহিত রোগের ঝুঁকিতে আছে। কারও নিরাপদ আশ্রয় আছে, অথচ অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে অনিশ্চিত জীবন যাপন করছে । 

এমন পরিস্থিতিতে আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ালে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

 আমাদের উচিত, এ দুর্যোগকালীন সময়ে ধৈর্য ধারণ করা এবং বিপদ থেকে মুক্তির সম্ভাব্য সব উপায় খুঁজে বের করার চেষ্টা করা। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)

তাই হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ও সাহসের সঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। পাশাপাশি বন্যাকবলিত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আমাদের সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের দুর্ভোগ লাঘবের কারণ হতে পারে।

লেখক: আলেম ও প্রাবন্ধিক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন