একজন উসতাদের কাজ শুধু কিতাবের ইবারত পড়িয়ে দেওয়া নয়; বরং শিক্ষার্থীর কাছে বিষয়কে সহজ করে উপস্থাপন করা, বুঝিয়ে দেওয়া, আত্মস্থ করানো, আদায় করা এবং তার জ্ঞান ও চরিত্রের উন্নতি ঘটানো। আর এজন্য পরিকল্পিত ও ফলপ্রসূ পাঠদান পদ্ধতি অনুসরণ করা জরুরি। নীচে এমন কিছু বিষয়ের আলোচনা করা হলো।
১. পাঠ-পরিকল্পনা করুন:
বছরের শুরুতেই পুরো বছরের একটি বাস্তবসম্মত পাঠ-পরিকল্পনা তৈরি করে নেওয়া উচিত। প্রতিদিন কতটুকু পড়ানো হবে, প্রতি সপ্তাহে ও প্রতি মাসে কতটুকু পাঠ সম্পন্ন করতে হবে এবং বিভিন্ন পরীক্ষার আগে কোন অংশ পর্যন্ত পড়ানো হবে—এসব বিষয় শুরুতেই নির্ধারণ করে রাখা দরকার। এতে কখনো অতিরিক্ত পড়া চাপিয়ে দেওয়া কিংবা কখনো অল্প পড়িয়ে সময় নষ্ট করার প্রবণতা কমে যায় এবং পুরো বছরের পাঠ্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। তবে পাঠ-পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত ও নমনীয়। বইয়ের সহজ ও বোধগম্য অংশে তুলনামূলকভাবে একটু বেশি এবং কঠিন বা জটিল অংশে পরিমাণ কিছুটা কম রেখে প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া যেতে পারে। মূল লক্ষ্য হবে—তাড়াহুড়ো করে শুধু কিতাব শেষ করা নয়; বরং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপযোগী গতিতে পাঠ বুঝিয়ে সম্পন্ন করা।
২. দরসের আগে মুতালাআ করুন:
যেকোনো পড়া যতই সহজ মনে হোক, দরসের আগে অবশ্যই মুতালাআ করুন। মুতালাআর উদ্দেশ্য শুধু নিজে পড়ে নেওয়া নয়; বরং শিক্ষার্থীদের কীভাবে সহজে বোঝানো যায়, কোন বিষয়টি কঠিন এবং কোন বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার—তা দরসের আগেই নির্ধারণ করা এবং সে প্রস্তুতিতে পড়ানো।
৩. দরসের লক্ষ্য আগে নির্ধারণ করুন:
দরস শুরু করার আগে নিজের কাছে পরিষ্কার রাখুন—আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কী শিখবে? কোন বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝবে? কোন বিষয় মুখস্থ করবে? কোন বিষয় লিখতে দেওয়া হবে? লক্ষ্য পরিষ্কার থাকলে দরসও অধিক ফলপ্রসূ হয়।
৪. সময়মতো উপস্থিতির ব্যাপারে সচেতন হোন:
নির্ধারিত সময়ের পূর্বেই দরসের জন্য প্রস্তুত থাকুন এবং সময়মতো দরসে উপস্থিত হোন। শিক্ষার্থী হাজিরা নেওয়ার দায়িত্ব থাকলে যথাযথভাবে হাজিরা নিন। উস্তাদের সময়ানুবর্তিতা শিক্ষার্থীদের মধ্যেও সময়ের মূল্যবোধ তৈরি করে।
৫. দরসের সময় ভাগ করে নিন:
নির্ধারিত সময়কে পরিকল্পিতভাবে ভাগ করুন। যেমন—পূর্বের কাজ আদায়, সবক শোনা, প্রয়োজনে লিখিতরুপে পড়া আদায়, নতুন সবক প্রদান, পাঠ থেকে প্রশ্নোত্তর, মূলকথা পুনরাবৃত্তি, পরবর্তী দিনের কাজ দেওয়া। প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করে পাঠদান করুন। মনে রাখতে হবে, একটি অংশের পেছনে অতিরিক্ত সময় ব্যয় করে অন্য অংশকে যেন অবহেলা করা না হয়।
৬. পূর্বের কাজ অবশ্যই আদায় করুন:
গতদিন যে কাজ দেওয়া হয়েছে, তা পরদিন অবশ্যই আদায় করুন। কাজ না করলে কারণ জিজ্ঞাসা করুন এবং প্রয়োজনে সতর্ক করুন। বারবার অবহেলা করলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিন। যে কাজ আদায় করা হয় না, শিক্ষার্থীরা ধীরে ধীরে সেটিকে গুরুত্বহীন মনে করে নিয়মিত করা ছেড়ে দেয়।
৭. সবক আদায়ে সচেতন থাকুন:
প্রতিদিনই সবক শোনার ইহতিমাম করুন এবং এক্ষেত্রে নীচের পদ্ধতিগুলো খেয়াল রাখলে ভালো–
কখনো সবার থেকে পূর্ণ সবক শোনা। কখনো একেকটি পয়েন্ট একেকজনের কাছ থেকে শোনা, কিতাব দেখে প্রশ্ন বের করতে দেওয়া, মাঝ মাঝ থেকে যেকোনো শিক্ষার্থীকে দাঁড় করিয়ে প্রশ্ন করা, কিতাবভেদে প্রয়োজনে লিখিতভাবে সবক আদায় করা। এসব পদ্ধতিতে শিক্ষার্থীদের দরসের প্রতি মনোযোগ বাড়ে।
৮. শুধু পড়া শোনা নয়, বুঝেছেন কি না যাচাই করুন:
কোনো শিক্ষার্থী মুখস্থ পড়ে দিতে পারছে—এটাই যথেষ্ট নয়। সে বিষয়টি বুঝেছে কি না, নিজের ভাষায় বলতে পারে কি না এবং প্রয়োগ করতে পারে কি না—তা যাচাই করুন। প্রয়োজনে পিছনের থেকে সম্পৃক্ত পড়া জিগ্যেস করুন। পারলে বাহবা দিন। পিছন থেকে ইয়াদ রাখতে উৎসাহিত করুন।
৯. নিয়মিত পেছন থেকে পড়তে উৎসাহিত করুন:
শিক্ষার্থীদের শুধু আজকের সবকই নয়; গতকাল, পরশু ও তার আগের দিন এভাবে পেছনের ৩/৫ দিনের পড়া মুতালাআয় রাখতে বলুন। এতে নতুন সবকগুলো বুঝতে সহজ হয় এবং পেছনের পড়া ভুলে যাওয়ার প্রবণতা কমে য়ায়।
১০. কিতাব ফন ও বোর্ডের সিলেবাস অনুযায়ী পাঠদান করুন:
প্রতিটি কিতাব তার নিজস্ব ফন, বিষয়বস্তু ও উদ্দেশ্য অনুযায়ী পড়ানো উচিত। আর বোর্ডের জামাতের ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত সিলেবাস ও প্রশ্নপদ্ধতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে, সে অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দেওয়া এবং সবক আদায়ের ক্ষেত্রেও তার যথাযথ প্রতিফলন রাখা জরুরি। শিক্ষকের নিজের জ্ঞান ও যোগ্যতা অবশ্যই কাজে লাগাতে হবে; তবে নিজের পছন্দের পদ্ধতি বা অতিরিক্ত বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয়ভাবে চাপিয়ে দেওয়া উচিত নয়। লক্ষ্য হবে—শিক্ষার্থীরা যেন নির্ধারিত পাঠ ভালোভাবে বুঝে, আত্মস্থ করে এবং পরীক্ষায় যথাযথভাবে উপস্থাপন করতে পারে।
১১. নতুন সবক মূল কথা ও প্রশ্নের মাধ্যমে শুরু করুন:
দরসের শুরুতে কী পড়ানো হবে, মাঝখানে কী গুরুত্বপূর্ণ এবং শেষে কী শিখবো—এ তিনটি বিষয় শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করুন এবং পাঠ থেকে পরীক্ষায় সাধারণত কী কী প্রশ্ন হতে পারে, শুরুতেই শিক্ষার্থীদের জানিয়ে দিন। এরপর একেকটি প্রশ্ন সামনে রেখে তার উত্তর হিসেবে বিষয়টি বুঝিয়ে দিন। এতে শিক্ষার্থীরা উদ্দেশ্য বুঝে পড়ে এবং মনোযোগের সঙ্গে দরস শুনতে আগ্রহী থাকে।
১২. কঠিন বিষয় ও শব্দ আগে চিহ্নিত করুন:
দরসের মধ্যে জটিল কোনো বিষয়, শব্দ, ইবারত বা মাসআলা থাকলে তা আগে থেকেই চিহ্নিত করুন। দরসের সময় বিশেষভাবে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করুন এবং সহজ ভাষায় বুঝিয়ে দিন।
১৩. উদাহরণ ও উপমার ব্যবহার করুন:
কঠিন বিষয়কে সহজ করার জন্য প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উদাহরণ, তুলনা ও বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয় ব্যবহার করুন। তবে উদাহরণ যেন মূল বিষয়কে আড়াল না করে–সেদিকে সজাগ দৃষ্টি রাখুন।
১৪. দরসকে একমুখী বক্তৃতায় পরিণত করবেন না:
শুধু উস্তাদই কথা বলবেন—এমন পদ্ধতি পরিহার করুন। মাঝেমধ্যে শিক্ষার্থীদের প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান এবং কিতাব থেকে উত্তর বের করতে দিন। এতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে দরসে অংশগ্রহণ করবে।
১৫. দুর্বল শিক্ষার্থীর প্রতি বিশেষ নজর দিন:
সব শিক্ষার্থী একই গতিতে শিখে না। যারা পিছিয়ে আছে, তাদের চিহ্নিত করুন। প্রয়োজনে আলাদাভাবে বুঝিয়ে দিন, অতিরিক্ত অনুশীলন দিন এবং সামান্য উন্নতিকেও প্রশংসা করুন। একজন আদর্শ উস্তাদ শুধু মেধাবীদের নিয়ে কাজ করেন না; দুর্বল শিক্ষার্থীকেও এগিয়ে নেন।
১৬. লিখিত পড়া আদায় করুন:
যেসব বিষয় লিখে আদায় করা প্রয়োজন, সেখানে নিয়মিত লিখিত অনুশীলনের ব্যবস্থা করুন।
এক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখুন—নির্দিষ্ট সময় বেঁধে দিন। পড়ার পরিমাণ অনুযায়ী সময় নির্ধারণ করুন। খাতা জমা নিয়ে নিজে দেখুন। অথবা প্রয়োজনে পারস্পরিক খাতা দেখার ব্যবস্থা করুন। হয়ে যাওয়া সাধারণ ভুলগুলো সবার সামনে আলোচনা করুন। প্রয়োজনে নম্বর দিন ও সামান্য পুরস্কারের ঘোষণা দিন। এতে শিক্ষার্থীদের লেখার দক্ষতা ও পরীক্ষার প্রস্তুতি দুটোই বৃদ্ধি পায়।
১৭. দরসের মূলকথাগুলো শেষে আবার বলুন:
দরসের শুরুতে কী পড়া ছিল, মাঝখানের গুরুত্বপূর্ণ বিষয় এবং শেষে শিক্ষণীয়—এ তিনটি বিষয় শিক্ষার্থীদের সামনে আবার পরিষ্কার করুন। এভাবে সবক শেষ করার পর আবার পাঠের মূল কথাগুলো সংক্ষেপে পুনরাবৃত্তি করুন। পুনরাবৃত্তি জ্ঞানকে দৃঢ় করে।
১৮. আকর্ষণীয় প্রশ্ন ও তাৎক্ষণিক পরীক্ষা নিন:
দরস শেষে আজকের পাঠ থেকে হঠাৎ প্রশ্ন করুন। সঠিক উত্তরদাতাকে প্রশংসা বা উপযুক্ত পুরস্কার দিন। এতে শিক্ষার্থীদের মনোযোগ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পায়।
১৯. শাসন ও স্নেহের মধ্যে ভারসাম্য রাখুন:
অতিরিক্ত শিথিলতা যেমন শিক্ষার্থীদের বেপরোয়া করে, তেমনি অতিরিক্ত কঠোরতা তাদের ভীত ও নিরুৎসাহিত করতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী শাসন করুন, কিন্তু শাসনের উদ্দেশ্য যেন হয় সংশোধন—অপমান নয়। একই সঙ্গে ভালো কাজের জন্য প্রশংসা ও উৎসাহ দিন।
২০. আগামী দিনের কাজ স্পষ্ট করে দিন:
দরসের শেষে শুধু "এটা পড়ে আসবে" বলবেন না। বরং—কোন অংশ কীভাবে পড়বে, কোন অংশ মুখস্থ করবে, কোন প্রশ্ন প্রস্তুত করবে, কী লিখে আনবে, কোন বিষয় বিশেষভাবে খেয়াল করবে।
এসব স্পষ্টভাবে বুঝিয়ে দিন। সম্ভাব্য সমস্যাগুলোও আগে বলে দিন, যাতে শিক্ষার্থীরা ভুলভাবে প্রস্তুতি না নেয়।
২১. নির্ধারিত সময়ের মধ্যেই দরস শেষ করুন:
একটি দরস অযথা দীর্ঘায়িত করবেন না। নির্ধারিত সময়ের মধ্যে সবক শেষ করার চেষ্টা করুন। সময়ের অতিরিক্ত ব্যবহার করলে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ কমে যেতে পারে এবং পরবর্তী ক্লাসও ক্ষতিগ্রস্ত হয়। সময় ব্যবস্থাপনাও একজন দক্ষ উস্তাদের অন্যতম যোগ্যতা।
২২. পেছনের পড়া নিয়মিত মুতালাআয় রাখতে উৎসাহিত করুন:
শিক্ষার্থীদের শুধু আজকের সবক প্রস্তুত করার প্রতি গুরুত্ব না দিয়ে পেছনের পড়া নিয়মিত মুতালাআয় রাখার অভ্যাস গড়ে তুলুন। গতকাল, পরশু এবং তার আগের দিনের পড়া—অন্তত পেছনের ৩/৫ দিনের সবক নিয়মিত ঝালাই করতে উৎসাহিত করুন। এতে নতুন সবক বুঝতে ও আত্মস্থ করতে সহজ হয়, আগের পড়া ভুলে যাওয়ার প্রবণতা কমে এবং ধারাবাহিকভাবে পড়াশোনার একটি সুন্দর অভ্যাস তৈরি হয়। বিশেষত প্রতিদিনের নতুন সবকের সঙ্গে পেছনের পড়ার সমন্বয় করে দিলে শিক্ষার্থীর পড়া অধিক মজবুত ও স্থায়ী হয়।
২৩. সাপ্তাহিক পরীক্ষাকে গুরুত্বের সঙ্গে পরিচালনা করুন:
সাপ্তাহিক পরীক্ষা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষার্থীর সাপ্তাহিক অগ্রগতি যাচাইয়ের অন্যতম কার্যকর মাধ্যম। তাই সপ্তাহের শুরুতেই পরীক্ষার সময় ও পদ্ধতি নির্ধারণ করে রাখা উচিত। যেমন—শনিবার বা সপ্তাহের নির্দিষ্ট কোনো দিন সবক আদায়ের জন্য প্রয়োজনীয় সময় রেখে অবশিষ্ট সময়ে শিক্ষার্থীরা যতটুকু লিখতে পারে, সে পরিমাণে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। পরীক্ষা শেষে খাতা জমা নিয়ে শিক্ষকের অবসর সময়ে তা যাচাই করা, ভুলত্রুটি চিহ্নিত করা এবং যথাযথ নম্বর দেওয়া উচিত। এতে শিক্ষার্থী নিজের দুর্বলতা বুঝতে পারে, নিয়মিত লেখার অভ্যাস গড়ে ওঠে এবং শিক্ষকও প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
২৪. প্রতিদিন নিজের দরসের মূল্যায়ন করুন:
দিন শেষে নিজের কাছে কয়েকটি প্রশ্ন রাখুন— আজকের দরস কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে?শিক্ষার্থীরা বিষয়টি বুঝেছে কি? কারা পিছিয়ে আছে? কোন অংশ তাদের কাছে কঠিন হয়েছে? আমি কোথায় সময় বেশি ব্যয় করেছি? আগামীকাল কীভাবে দরসকে আরও সুন্দর করা যায়?
যে উস্তাদ নিজের দরসের হিসাব নেন, তিনি প্রতিদিনই নিজেকে উন্নত করার সুযোগ পান।
২৫. দরসের জন্য ফিকির, মেহনত ও দুআ করুন:
সবশেষে মনে রাখতে হবে—দরস শুধু একটি চাকরি বা দায়িত্ব নয়; এটি একটি আমানত।
শিক্ষার্থীদের ইলম শেখানো, তাদের চরিত্র গঠন করা এবং ভবিষ্যতের জন্য যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে সর্বদা ফিকির করুন। নিজের মেহনত ও যোগ্যতার পাশাপাশি আল্লাহ তাআলার সাহায্য কামনা করুন এবং নিয়মিত দুআ করুন।
লেখক: শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ।

