২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় নতুন বিধিমালা ও শ্রেণিবিন্যাসের মানদণ্ড অনুমোদন করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত আবাসন প্রতিষ্ঠানের বিভিন্ন লঙ্ঘনের একটি তালিকাও অনুমোদন করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল-আনসারি বলেন, নতুন নিয়মের লক্ষ্য হলো আবাসন ব্যবস্থাপনার নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো আরও শক্তিশালী করা এবং হজযাত্রীদের গ্রহণের আগে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না, তা নিশ্চিত করা।
নতুন মানদণ্ডে আবাসন প্রতিষ্ঠানের পরিচালনাগত প্রস্তুতি, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ, জরুরি ও প্রয়োজনীয় সেবার ধারাবাহিকতা এবং সংশ্লিষ্ট বিধি মেনে চলার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, হজ মৌসুমে হজযাত্রীদের আবাসন সুবিধা দুটি শ্রেণিতে ভাগ করা হবে- ইকোনমি ও ফার্স্ট ক্লাস। প্রতিটি শ্রেণির জন্য আলাদা মানদণ্ড ও শর্ত নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আবাসন প্রতিষ্ঠানের সাধারণ ব্যবহার্য স্থান, অতিথিকক্ষ, অভ্যর্থনা এলাকা, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও অতিথিসেবার মানও নতুন বিধিমালার আওতায় আনা হয়েছে।
আবাসন প্রতিষ্ঠানগুলোর মান নিশ্চিত করতে একাধিক ধাপে পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। লাইসেন্স দেওয়ার আগে, কার্যক্রম শুরুর আগে এবং কার্যক্রম চলাকালে নিয়মিত পরিদর্শন করা হবে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যবস্থার মাধ্যমে হজযাত্রীদের আবাসনসেবায় নিয়ম মানার প্রবণতা বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে।
২০২৭ সালের হজ মৌসুমের জন্য লাইসেন্স নিতে আগ্রহী আবাসনসেবা পরিচালনাকারীদের নতুন শর্ত পূরণের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। আবেদন জমা দেওয়ার আগেই প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিমূলক কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

