কুরআন শিক্ষা শুধু অক্ষর ও শব্দ পড়তে শেখানোর নাম নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে আদব, শৃঙ্খলা, মনোযোগ, নিয়মিত অনুশীলন ও শুদ্ধভাবে পড়ার অভ্যাস। একজন উস্তাদের দায়িত্ব হলো—শিক্ষার্থীদের এমনভাবে পাঠদান করা, যাতে তারা কুরআন পড়ার পাশাপাশি কুরআনের প্রতি ভালোবাসা, সম্মান ও নিয়মিত পড়াশোনার অভ্যাসও গড়ে তুলতে পারে।
তাই নূরানী বিভাগের ও ইসলামী কিন্ডারগার্টেনের কুরআন শিক্ষার ক্লাসকে সুন্দর, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে।
কুরআন শিক্ষার ক্লাস নেওয়ার পদ্ধতি—
১. ক্লাসে প্রবেশের আগে মানসিকভাবে প্রস্তুত থাকা
শিক্ষককে ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা বা বিরক্তি শ্রেণিকক্ষে না আনার চেষ্টা করতে হবে। ক্লাসে প্রবেশের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে। এজন্য আগেই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম সেরে নিতে হবে। সাথে সাথে এই নিয়ত করতে হবে যে, ক্লাসের সময়টুকু শুধু শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য।
২. নির্দিষ্ট সময়ের আগেই ক্লাসে উপস্থিত হওয়া
ক্লাসের ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষককে শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে। মূলত শিক্ষকের সময়ানুবর্তিতা থেকেই শিক্ষার্থীরা সময়ের মূল্য ও শৃঙ্খলা শেখে।
৩. ক্লাসের শুরুতেই প্রয়োজনীয় বই-খাতা নিশ্চিত করা
শিক্ষার্থীরা বই, কায়দা, খাতা ও প্রয়োজনীয় উপকরণ বের করেছে কি না—ক্লাসের শুরুতেই খেয়াল করতে হবে। এতে সময় নষ্ট কমবে এবং ক্লাসের সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ দ্রুত তৈরি হবে।
৪. দরুদ ও দুআ দিয়ে ক্লাস শুরু করা
প্রথমে উস্তাদজী সবাইকে সমস্বরে উঁচু আওয়াজে দরুদ শরিফ ও পড়া শুরুর অন্যান্য দুআ পড়াবেন। শিশুদের অভ্যাস গড়ে তোলার জন্য প্রতিদিন নিজে পড়ানোর পর আরও এক-দুজন শিক্ষার্থীকে দিয়ে সবাইকে পড়াতে পারেন। এতে তারা ধীরে ধীরে দুআগুলো মুখস্থ ও আমলযোগ্য করে তুলবে।
৫. শিক্ষক পড়ানোর পর শিক্ষার্থীদের দিয়ে পড়ানো
কোনো বিষয় শিক্ষক কয়েকবার শুদ্ধভাবে পড়িয়ে দেওয়ার পর শিক্ষার্থীদের দিয়ে পড়াতে হবে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং কে বুঝেছে বা কে বুঝতে পারেনি, তা সহজেই বোঝা যায়।
৬. নির্দিষ্ট নিয়মে নিজ নিজ পড়া শুরু করা
দুআ শেষে শিক্ষার্থীরা নিজ নিজ পড়া শুরু করবে। নিজে পড়ার সময় কয়েকটি বিষয় কঠোরভাবে খেয়াল রাখতে হবে—
- ক. চোখ থাকবে কুরআন বা কায়দায়: এদিক-ওদিক তাকানোর কোনো সুযোগ থাকবে না। এমনকি উস্তাদের দিকেও তাকাবে না, যতক্ষণ না উস্তাদ তাকে ডাকেন।
- খ. আঙুল থাকবে পড়ার শব্দ বা লাইনের নিচে: ডান হাত দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। কায়দা বা কুরআনে পড়ার স্থানে আঙুল না রেখে পড়াকে নিরুৎসাহিত করতে হবে। এতে চোখ ও মুখের পড়ার মধ্যে সমন্বয় তৈরি হয় এবং ভুলের পরিমাণ কমে।
- গ. আওয়াজ স্পষ্ট ও শ্রুতিযোগ্য হতে হবে: প্রতিটি শিক্ষার্থীর পড়ার আওয়াজ এতটুকু উঁচু হবে, যাতে দায়িত্বশীল উস্তাদের কানে পৌঁছায়। মুখ বন্ধ করে বা অত্যন্ত আস্তে পড়ার সুযোগ থাকবে না। তবে এমন উচ্চস্বরে পড়বে না, যাতে পাশের শিক্ষার্থীর পড়ায় বিঘ্ন ঘটে।
- ঘ. নির্ধারিত পদ্ধতিতে বারবার অনুশীলন করা: কায়দা যারা পড়ে, তারা প্রতিটি শব্দ সঠিক নিয়মে কমপক্ষে ২০ বার বানান করে পড়ে পরবর্তী শব্দে যাবে। আর যারা কুরআন নাজেরা পড়ে, তারাও প্রতিটি শব্দ কমপক্ষে ১০ বার করে পড়ে পরবর্তী শব্দে যাবে। এভাবে একটি আয়াত শেষ হলে পূর্ণ আয়াতটি কমপক্ষে ২০ বার পড়ে পরবর্তী আয়াতে যাবে। শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী প্রয়োজনবোধে উস্তাদ অনুশীলনের পরিমাণ কম-বেশি করতে পারবেন।
- ঙ. সহপাঠীর মাধ্যমে পড়া যাচাই করা: উস্তাদজীকে পড়া শোনাতে আসার আগে অবশ্যই অন্য একজন ছাত্রকে পড়া শুনিয়ে আসতে হবে। এতে শিক্ষার্থীরা একে অপরের পড়ার প্রতি মনোযোগী হবে এবং নিজের ভুল নিজে ধরার অভ্যাস তৈরি হবে।
- চ. গ্রুপে পড়ার ক্ষেত্রে সবার অংশগ্রহণ নিশ্চিত করা: যারা গ্রুপ আকারে বসে পড়ে, তাদের প্রত্যেকেই একে অপরকে পড়াবে। কোনো একজনের পড়া না হলে ধরে নিতে হবে, ওই গ্রুপের পড়া সম্পূর্ণভাবে হয়নি। এতে সবাই দায়িত্বশীল থাকবে এবং কেউ অন্যের ওপর নির্ভর করে বসে থাকার সুযোগ পাবে না।
৭. শিক্ষার্থীদের পড়া শোনাতে কাছে ডাকা
কিছু সময় শিক্ষার্থীরা নিজেরা পড়ার পর, পড়া হয়ে গেছে মনে হলে, তাদেরকে সুশৃঙ্খলভাবে সামনে ডাকা। আর উস্তাদজী যাকে পড়া শোনাতে ডাকবেন, সে-ই কেবল নিজ জায়গা থেকে উঠে এসে পড়া শোনাবে। অন্য কেউ এসে উস্তাদের সামনে ভিড় করবে না। এতে শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় থাকবে এবং উস্তাদ প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যথাযথ মনোযোগ দিতে পারবেন।
৮. প্রতিদিন পড়া দেওয়ার অভ্যাস তৈরি করা
কোনো শিক্ষার্থীর মেধা তুলনামূলক কম হলেও তাকে প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে। প্রয়োজন হলে পড়ার পরিমাণ কম হবে, কিন্তু দৈনিক পড়া দেওয়া বন্ধ করা যাবে না। কারণ নিয়মিত অল্প অল্প অনুশীলনই একসময় বড় অগ্রগতি তৈরি করে।
৯. পরপর দুই দিন পড়া না পারলে কর্তৃপক্ষকে জানানো
কোনো শিক্ষার্থী পরপর দুই দিনের বেশি পড়া না পারলে বিষয়টি অবশ্যই অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে হবে। কারণ দীর্ঘদিনের দুর্বলতা অবহেলা করলে তা পরে বড় সমস্যায় পরিণত হতে পারে।
১০. দৈনিক রিপোর্ট সংরক্ষণ করা
দায়িত্বশীল উস্তাদজী গুরুত্বের সঙ্গে প্রতিদিন শিক্ষার্থীদের পড়ার রিপোর্ট তথ্যবহিতে লিখে দিবেন। একই সঙ্গে দুই দিনের রিপোর্ট না লিখে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিনই সম্পন্ন করতে হবে। এতে শিক্ষার্থীর অগ্রগতি, দুর্বলতা ও অনিয়ম সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
১১. ওয়াশরুম ও ছুটির শৃঙ্খলা
একসঙ্গে দুজনের বেশি শিক্ষার্থী ওয়াশরুমের ছুটি নিতে পারবে না। যারা ছুটি নিয়ে যাবে, তাদের সঙ্গে প্রয়োজনে নির্ধারিত ছুটির কার্ড থাকতে পারে। ছুটির কার্ড ছাড়া কারও বাইরে যাওয়ার অনুমতি থাকবে না। এতে শিশুদের অনর্থক বাইরে সময় কাটানোর প্রবণতা কমে আসবে।
১২. ক্লাসের শেষ কিছু সময় মশক করানো
ক্লাসের শেষ ১৫/২০ মিনিট বোর্ডে তুলনামূলক বড় অক্ষরে লিখে হরফ ও তাজবিদ পরিচিতির জন্য প্রতিদিন একটি করে আয়াত মশক করানো যেতে পারে। পাশাপাশি মুখে মুখে একটি করে সূরা তারতিল ও তাজবিদের সঙ্গে শুদ্ধভাবে পড়ার অনুশীলন করাতে হবে।
১৩. হাদিস–মাসআলা শিক্ষা
হাদিস, মাসআলা বা প্রয়োজনীয় দ্বীনি বিষয় পড়ানোর নিয়ম থাকলে ক্লাসের শেষের দিকে তা পড়ানো যেতে পারে। এসব বিষয়ও শুধু নতুন করে পড়িয়ে শেষ না করে নিয়মিত পেছন থেকে পড়ানোর ব্যবস্থা করতে হবে, যাতে শিক্ষার্থীদের চর্চায় থাকে এবং ভুলে না যায়।
১৪. ক্লাস সুন্দরভাবে শেষ করুন
ক্লাসের শেষ মুহূর্তটিও গুরুত্বপূর্ণ। ছুটির আগে সংক্ষিপ্ত কোনো নসিহত, উৎসাহমূলক কথা, আগামী দিনের পড়ার নির্দেশনা বা আদবের কথা বলে ক্লাস শেষ করা যেতে পারে। এতে শিক্ষার্থীর মনে ক্লাসের একটি সুন্দর আবহ তৈরি হয়।
১৫. ক্লাস শেষে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা
ছুটি হয়ে গেলে প্রত্যেক শিক্ষার্থী নিজের বসার আশপাশ ও রুমের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবে। এরপর নিজ নিজ বইপত্র গুছিয়ে অভিভাবকের সঙ্গে বাসায় রওনা হবে। শিক্ষককে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো শিক্ষার্থী যেন অভিভাবক ছাড়া একাকী গেটের বাইরে চলে না যায়।
শ্রেণিকক্ষনিয়ন্ত্রণের কার্যকর কিছু কৌশল—
শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ মানে শুধু নীরব রাখা নয়; বরং তাদের মনোযোগকে সঠিক কাজে পরিচালিত করা। একজন দক্ষ উস্তাদ শাস্তির চেয়ে নিয়ম, ভালোবাসা, আকর্ষণীয় উপস্থাপন ও ধারাবাহিক নজরদারির মাধ্যমে শ্রেণিকক্ষ পরিচালনা করবেন।
- প্রয়োজনে গল্প দিয়ে ক্লাস শুরু করুন: ক্লাসের শুরুতে সংক্ষিপ্ত কোনো শিক্ষণীয় গল্প, ঘটনা বা সুন্দর কথা বলা যেতে পারে। এতে শিক্ষার্থীদের মনোযোগ দ্রুত ক্লাসের দিকে ফিরে আসে।
- আনন্দদায়ক পদ্ধতিতে পড়ান: শুধু একঘেয়ে পদ্ধতিতে পড়ালে শিশুদের মনোযোগ নষ্ট হতে পারে। তাই বয়স ও সামর্থ্য অনুযায়ী আনন্দদায়ক, প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান করতে হবে।
- লেখার প্রতি গুরুত্ব দিন: কুরআন শিক্ষার পাশাপাশি হরফ, শব্দ ও প্রয়োজনীয় বিষয় লেখার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। লেখার সময় শিক্ষককে শিক্ষার্থীর খাতা ও হাতের লেখা পর্যবেক্ষণ করতে হবে।
- সহকারী শিক্ষকের ভূমিকা নিশ্চিত করুন: বড় ক্লাসে একজন শিক্ষকের পক্ষে একই সঙ্গে পড়ানো ও প্রত্যেক শিক্ষার্থীর ওপর নজর রাখা কঠিন। তাই প্রয়োজন অনুযায়ী সহকারী শিক্ষকের পর্যাপ্ত ভূমিকা থাকতে হবে।
- বোর্ডে বড় ও স্পষ্ট অক্ষরে লিখুন: বোর্ডে এমনভাবে লিখতে হবে, যাতে পেছনের সারিতে বসা শিক্ষার্থীরাও সহজে দেখতে পারে। বিশেষ করে কুরআনের হরফ, মাখরাজ ও তাজবিদের বিষয়গুলো বোর্ডে লিখে শেখালে তা অনেক বেশি কার্যকর হয়।
- শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় দূরত্ব রাখুন: বসার সময় শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব রাখা উচিত। এতে অযথা কথা বলা, দুষ্টুমি ও একে অপরকে বিরক্ত করার প্রবণতা কমে।
- উৎসাহমূলক বাক্য ব্যবহার করুন: শিক্ষার্থীদের ভুল ধরার পাশাপাশি তাদের উৎসাহ দিতে হবে। যেমন—‘মাশাআল্লাহ, আজ আগের চেয়ে ভালো হয়েছে’, ‘তুমি পারবে’, ‘আরেকটু চেষ্টা করো’—এ ধরনের বাক্য শিশুর মনে আত্মবিশ্বাস তৈরি করে।
- সকল শিক্ষার্থীর প্রতি সমান নজর রাখুন: শুধু মেধাবী বা ভালো পড়া শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগ না দিয়ে দুর্বল শিক্ষার্থীদের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। অনেক সময় একজন দুর্বল শিক্ষার্থীর সামান্য উৎসাহই তার বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়।
- পড়ার সময় হাতে কলম-পেন্সিল না রাখা: যে সময় কুরআন বা কায়দা পড়বে, তখন হাতে অপ্রয়োজনীয় কলম, পেন্সিল বা খেলনা রাখা যাবে না। এগুলো শিশুদের মনোযোগ নষ্ট করে এবং অপ্রয়োজনীয় নড়াচড়া বাড়ায়।
- দুষ্টুমি নয়, দুষ্টুমির কারণ খুঁজুন: কোনো শিক্ষার্থী বারবার দুষ্টুমি করলে শুধু তাকে বকাঝকা না করে কেন সে এমন করছে, তা খুঁজে বের করতে হবে। পড়া কঠিন লাগছে কি না, বুঝতে পারছে না কি না, মনোযোগের সমস্যা হচ্ছে কি না—কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে।
- মনোযোগ ধরে রাখতে ছোট ছোট কার্যক্রম যুক্ত করুন: শিশুদের মনোযোগ ধরে রাখতে বয়স উপযোগী ছোট ছোট কুইজ, প্রশ্নোত্তর, হরফ চেনার খেলা বা শিক্ষণীয় প্রতিযোগিতা যুক্ত করা যেতে পারে। তবে এসব কার্যক্রম যেন মূল পাঠের উদ্দেশ্যকে ব্যাহত না করে।
১৬. শাস্তির পরিবর্তে সংশোধনকে গুরুত্ব দিন
শিক্ষার্থী ভুল করলে তাকে অপমান বা সবার সামনে হেয় না করে ভুলটি বুঝিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে অভিভাবক ও কর্তৃপক্ষকে অবগত করে সমন্বিতভাবে সমাধানের চেষ্টা করা উচিত।
১৭. ক্লাস চলাকালে শিক্ষকের মোবাইল না ধরা
ক্লাস চলাকালে শিক্ষক মোবাইল ফোন ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। জরুরি কোনো কল এলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কথা শেষ করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে মোবাইল দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা সম্পূর্ণ পরিহার করতে হবে। সবচেয়ে ভালো হলো ক্লাসের সময়টুকুতে সাথে কোনো ফোনই না রাখা।
মোদ্দাকথা—একজন উস্তাদ যখন নিজে সময়ানুবর্তী, ধৈর্যশীল, পরিচ্ছন্ন, হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল হন, তখন তার আচরণই শিক্ষার্থীদের জন্য নীরব পাঠ হয়ে যায়। তাই সুন্দর কুরআন শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন—সুশৃঙ্খল নিয়ম, ধারাবাহিক অনুশীলন, আন্তরিক তদারকি এবং ভালোবাসাপূর্ণ পাঠদান। এ চারটি বিষয় একত্রিত হলে ইনশাআল্লাহ একটি সাধারণ কুরআন শিক্ষার ক্লাসও হয়ে উঠতে পারে শিশুদের চরিত্র ও ভবিষ্যৎ গড়ার এক শক্তিশালী মাধ্যম।
লেখক: শিক্ষক ও প্রশিক্ষক, নারায়ণগঞ্জ

