দ্বীনি শিক্ষা সংস্কারে শিক্ষক প্রশিক্ষণের অপরিহার্যতা
লাবীব আব্দুল্লাহ
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৮
শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং এটি একটি মহান দায়িত্ব ও আম্বিয়া আলাইহিমুস সালামের অনুসৃত সুন্নাত। সমাজ গঠনে ও আত্মশুদ্ধির প্রসারে শিক্ষকের ভূমিকা চিরকালই সর্বোচ্চ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং আলিয়া ধারার মাদরাসায় শিক্ষক প্রশিক্ষণের নানা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকলেও, যুগের পরিবর্তিত প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী কওমী মাদরাসার শিক্ষা পরিবেশকে আরও বেশি বাস্তবমুখী, কল্যাণমুখী ও ফলপ্রসূ করতে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই।
আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক (‘ইন্নামা বুইছতু মুআল্লিমান’)। তাঁর শিক্ষাদান পদ্ধতি, হেকমত, স্নেহ ও মনস্তাত্ত্বিক দূরদর্শিতাকে আমাদের মৌলিক ‘রোল মডেল’ বা আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে।
একটি দ্বীনি প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে সফল করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, মুহতামিম এবং পরিচালনা কমিটি—সবাইকেই নিজ নিজ অবস্থানে দক্ষ ও সচেতন হতে হবে। যারা আল্লাহর কালামের দাওয়াত দেবেন, সমাজের নেতৃত্ব সামলাবেন এবং আসমানী ইলমের আমানত বহন করবেন, তাঁদের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। এই লক্ষ্যে আমাদের জাতীয় শিক্ষাবোর্ডগুলো এবং দ্বীনি সংস্থাগুলোর উদ্যোগে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা সময়ের অন্যতম দাবি।
বর্তমান যুগে নানা অপপ্রচার, তথ্য-সন্ত্রাস এবং কতিপয় অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মিডিয়াতে মাদরাসা শিক্ষা—বিশেষ করে কওমী ও মহিলা মাদরাসাগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চালানো হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন শিক্ষক যদি যথাযথভাবে প্রশিক্ষিত হন, তবে তিনি যেকোনো তথ্য-সন্ত্রাস ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারবেন।
এখানে উল্লেখ্য যে, শিক্ষক প্রশিক্ষণ কেবল শ্রেণিকক্ষের বিষয়ভিত্তিক জ্ঞানে (Academic Skills) সীমাবদ্ধ থাকলে চলবে না। কারণ, একজন শিক্ষকের হৃদয়ে যদি আত্মশুদ্ধি বা ‘তাযকিয়া’ না থাকে, তবে আত্মিক দুর্বলতার কারণে অবক্ষয় দেখা দিতে পারে। তাই শিক্ষককে তৈরি করতে হবে ত্রিমুখী প্রশিক্ষণের মাধ্যমে:
শারীরিক ও মানসিক প্রস্তুতি: শিক্ষকতার ধকল সহ্য করার সক্ষমতা এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝার দক্ষতা। বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা: পাঠদানের আধুনিক ও কার্যকর পদ্ধতি (Pedagogy) অর্জন।
আধ্যাত্মিক বিকাশ ও তাযকিয়া: আল্লাহভীতি, ইখলাস ও নৈতিক চরিত্রের সর্বোচ্চ উচ্চতায় নিজেকে তুলে ধরা।
একজন আত্মশুদ্ধিপ্রাপ্ত ও আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ শিক্ষকই পারেন দ্বীনি শিক্ষাকে কাঙ্ক্ষিত মর্যাদায় আসীন করতে এবং নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে। এই লক্ষ্যকেই সামনে রেখে নিচে শিক্ষক প্রশিক্ষণের মৌলিক নীতি ও প্রয়োগযোগ্য পরামর্শসমূহ আলোচনা করা হলো।
আদর্শ শিক্ষকতা ও পেশাগত দক্ষতা উন্নয়ন
১. শিক্ষকের আত্মিক চেতনা ও পেশাগত মূল্যবোধ
দাওয়াতি নিয়ত ও নববী দায়িত্ব: শিক্ষকতা কেবল একটি পেশা বা উপার্জনের মাধ্যম নয়; এটি একটি মহান সেবামূলক কাজ এবং নবীদের রেখে যাওয়া আমানত। অর্থের চেয়েও "সুনাগরিক ও সৎ দ্বীনদার প্রজন্ম বিনির্মাণ"ই হওয়া উচিত শিক্ষকের মূল লক্ষ্য।
'বাই চানস' নয়, 'বাই চয়েস': শিক্ষকতা পেশাকে বাধ্য হয়ে বা বিকল্প না পেয়ে নয়, বরং স্বতঃস্ফূর্ত আগ্রহ ও ভালোবাসার সাথে গ্রহণ করতে হবে।
ইলম ও এখলাসের নূর: বর্তমান যুগে ইলম বা তথ্য পাওয়ার মাধ্যম অনেক, কিন্তু শিক্ষকের 'ইখলাস' (আন্তরিকতা) অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন সম্ভব নয়। উস্তাদের ইখলাস ও আল্লাহর সন্তুষ্টির অনুভূতিই তাকে সমাজে প্রকৃত মর্যাদা এনে দেয়।
দাতার ভূমিকা গ্রহণ: শিক্ষকের অবস্থান হবে 'দাতা'র, 'গ্রহীতা'র নয়। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো পার্থিব সুবিধা বা উপহারের আশা না করে প্রতিদান কেবল মহান আল্লাহর কাছেই কামনা করা উচিত।
২. ছাত্র-শিক্ষক সম্পর্ক ও মনস্তাত্ত্বিক যত্ন
পিতৃতুল্য মমতা ও ভালোবাসা: প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো মনে করে লালন-পালনের দায়িত্ব নিতে হবে। ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সিনিয়রদের সহায়তায় তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে।
দ্বীনি শিক্ষার গুরুত্ব উপলব্ধি: বর্তমান সমাজে প্রায় ৯০% শিশু সাধারণ শিক্ষায় এবং মাত্র ১০% দ্বীনি শিক্ষায় পড়াশোনা করে। তাই দ্বীনি শিক্ষার শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নশীল ও আন্তরিক হওয়া প্রয়োজন।
বন্ধুত্বপূর্ণ কিন্তু মর্যাদাপূর্ণ সম্পর্ক: শিক্ষকের সম্পর্ক হবে 'বন্ধুত্বপূর্ণ', তবে 'সাধারণ বন্ধু'র মতো নয়। অতিমাত্রায় ব্যাকগ্রাউন্ড বা ব্যক্তিগত বিষয় প্রকাশ করলে সম্মান ক্ষুণ্ন হতে পারে। বন্ধুত্বপূর্ণ স্নেহ বজায় রাখলে ভালোবাসা ও শ্রদ্ধা দুটোই অর্জিত হয়।
জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রদান: বইয়ের অক্ষরের পাশাপাশি জীবনের বাস্তব পাঠ দেওয়া শিক্ষকের মূল দায়িত্ব। কেবল বই নয়, যারা জীবনের শিক্ষা দেন এবং জীবন গড়ে দেন, তারাই প্রকৃত ‘গুরু’ বা ‘মুর্শিদ’।
৩. মানসিক স্বাস্থ্য, শারীরিক কড়া শাস্তি ও ইতিবাচক শৃংখলা
শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্ণ পরিহার: শিক্ষার্থীদের সংশোধন করতে গিয়ে বেত্রাঘাত বা কড়া শারীরিক/মানসিক শাস্তি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শাসন হবে স্নেহ ও হেকমতের আশ্রয়ে; রাগের বশে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।
শিক্ষার্থীদের মেজাজ ও সাইকোলজি বোঝা: প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক গঠন এক নয়। কোনো শিশু লাজুক, কেউ চঞ্চল, কেউ বা ধীরগতির। শিক্ষকের উচিত মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তাদের বুঝে সে অনুযায়ী আচরণ করা।
ভীতিমুক্ত পরিবেশ তৈরি: মাদরাসার পরিবেশ এমন হতে হবে যেন ছাত্ররা ওস্তাদকে ভয় না পেয়ে সমীহ করে এবং যেকোনো সমস্যা বা ভুল নির্দ্বিধায় শিক্ষকের কাছে এসে প্রকাশ করতে পারে।
৪. শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষাদান পদ্ধতি
দুর্বল শিক্ষার্থীদের অগ্রাধিকার: শ্রেণিকক্ষে সবক বোঝানোর সময় তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। ক্লাসের দুর্বল শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারলে তবেই শিক্ষকের সফলতা।
প্রশ্ন করার সুযোগ ও সৃজনশীলতা: শিক্ষক একমুখী বক্তব্য না দিয়ে শিক্ষার্থীদের ভেতর থেকে প্রশ্ন তৈরির সুযোগ দেবেন। শিক্ষার্থীকে কথা বলতে ও প্রশ্ন করতে দিলে তার সৃজনশীলতা বাড়বে এবং সে আগামী দিনের সফল ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠবে।
পাঠ পরিকল্পনা ও তদারকি: শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ পরিকল্পনা (Lesson Plan) তৈরি করতে হবে—কোন কিতাবের কতটুকু অংশ কীভাবে এবং কতদিনে পড়ানো হবে। মাদরাসা বা প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ থেকে এর নিয়মিত তদারকি থাকতে হবে।
শিক্ষা উপকরণের আধুনিক ব্যবহার: ক্লাসরুমে মানচিত্র ও শিক্ষাসামগ্রী রাখা এবং পাওয়ার পয়েন্ট ও প্রজেক্টরের মাধ্যমে পাঠ রঙিন ও আকর্ষণীয় করে তোলা জরুরি।
৫. পেশাগত উৎকর্ষ, ভাষা সাহিত্য ও আধুনিক দক্ষতা
বিষয়ে বিশেষায়ন (ইখতেছাছ): যেকোনো একটি প্রিয় বিষয়ে নিজেকে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চস্তরের প্রাসঙ্গিক বই পাঠ করে বিষয়ে অভিজ্ঞতা ও গভীরতা অর্জন করা প্রয়োজন।
মাতৃভাষা (বাংলা) ও আন্তর্জাতিক ভাষার দক্ষতা: দ্বীনের সঠিক দাওয়াত ও তথ্যভিত্তিক আলোচনার জন্য আরবি ও উর্দুর পাশাপাশি বিশুদ্ধ বাংলা ভাষায় সাবলীল কথা বলা ও লেখার দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া মৌলিক ইংরেজি জ্ঞানও অত্যন্ত প্রয়োজনীয়।
প্রযুক্তির বহুমুখী দক্ষতা: বর্তমান যুগে টিকে থাকতে কম্পিউটার চালনা, টাইপিং, স্মার্টবোর্ড বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভিজ্যুয়াল ক্লাস প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে।
অখণ্ড মনোযোগ ও একনিষ্ঠতা: শিক্ষকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পেশার বাইরে গিয়ে হজ কাফেলা পরিচালনা, জমির দালালি বা অনিয়ন্ত্রিত অন্য ব্যবসায় মনোযোগ দিলে শিক্ষকতার মান দিন দিন ক্ষুণ্ন হয়।
প্রতিনিয়ত নতুন বই পাঠ (مطالعة): শিক্ষককে অবশ্যই নিয়মিত অধ্যয়নশীল হতে হবে। কেবল পাঠ্যবই নয়, সমসাময়িক সাহিত্য, ইতিহাস ও ইসলামি গবেষণামূলক বই পড়ার অভ্যাস রাখতে হবে।
৬. শিক্ষক ও ব্যক্তিত্বের ভারসাম্য (প্রাইভেসি)
শিক্ষক একজন রোল মডেল (আইডল): ছাত্ররা শিক্ষককে তাদের 'হিরো' বা অনুকরণীয় ব্যক্তিত্ব মনে করে। তাই শিক্ষকের পোশাক-পরিচ্ছদ, হাঁটাচলা ও পরিচ্ছন্নতা যেন সুন্নাহসম্মত এবং মার্জিত হয়।
ব্যক্তিগত দুর্বলতা ও পারিবারিক বিষয় গোপন রাখা: শিক্ষার্থীদের কাছে নিজের পারিবারিক সমস্যা বা দুর্বলতা প্রকাশ করা অনুচিত। এতে শিক্ষকের প্রতি তাদের অমূল্য শ্রদ্ধা কমে যেতে পারে।
আর্থিক সংকটের কথা না বলা: ছাত্রদের সামনে নিজের আর্থিক অসচ্ছলতার কথা বলা অনুচিত। এতে সাময়িক সমাধান মিললেও দীর্ঘমেয়াদে শিক্ষকের মর্যাদা নষ্ট হয়।
৭. প্রাতিষ্ঠানিক পরিবেশ, প্রশাসন ও ভবিষ্যৎ প্রস্তুতি
যোগ্য শিক্ষক নিয়োগ: প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও মুহতামিম সাহেবের প্রধান দায়িত্ব হলো মেধাবী, দক্ষ ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া।
কোয়ালিটি বনাম কোয়ান্টিটি (শিক্ষার্থী-শিক্ষক অনুপাত): প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যার চেয়ে শিক্ষার মানের ওপর জোর দিতে হবে। প্রতি শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী অনুপাত ১:২০, ১:৩০ বা সর্বোচ্চ ১:৪০-এর মধ্যে রাখা উচিত।
আধুনিক ক্লাসরুম ও পরিবেশ উন্নয়ন: পরিষ্কার-পরিচ্ছন্ন, সুসজ্জিত ও আধুনিক সুবিধা সম্বলিত ক্লাসরুম তৈরি করা। শিক্ষার্থীদের বসার উপযুক্ত ব্যবস্থা এবং ব্ল্যাকবোর্ড/হোয়াইটবোর্ডের সঠিক স্থান নির্ধারণ করা।
কর্মমুখী শিক্ষা ও পরিবেশবান্ধব উদ্যোগ: প্রতিষ্ঠানের খালি জায়গায় বৃক্ষরোপণ এবং জলাশয়/পুকুর থাকলে সেখানে মৎস্য চাষের মাধ্যমে পরিবেশ সুন্দর করা। শিক্ষক নিজে কাজ করলে শিক্ষার্থীরা তা দেখে উৎসাহিত হবে এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হবে।
সহ-শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা: পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা, খেলাধুলা, বক্তৃতাসভা ও হাতের লেখা সুন্দর করার বিশেষ ব্যবস্থা থাকা চাই। একইসাথে তাদের পুষ্টিকর খাবার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখা জরুরি।
সুনির্দিষ্ট 'ভিশন ও মিশন' এবং ক্যালেন্ডার: বছরের শুরুতেই সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, যেন শিক্ষার্থীরা পুরো বছরের পরিকল্পনা বুঝতে পারে। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য (Vision & Mission) শিক্ষক ও ছাত্র সবার কাছে স্পষ্ট হতে হবে।
ত্রিভুজীয় মেলবন্ধন (অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী): শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে নিয়মিত তথ্যের আদান-প্রদান থাকতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর শিক্ষার্থী জীবন গড়ে তোলা সম্ভব।
লেখক: পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট ময়মনসিংহ

