পৃথিবীতে জীবিকা অর্জনের পথ অসংখ্য। কেউ চাকরি করেন, কেউ কৃষিকাজ, কেউ কারখানায় শ্রম দেন, কেউবা ব্যবসা করেন। ইসলামের দৃষ্টিতে প্রতিটি হালাল পেশাই সম্মানিত। তবে সব পেশা মানুষকে একইভাবে গড়ে তোলে না।
কিছু পেশা মানুষের দক্ষতা বাড়ায়, কিছু পেশা ধৈর্য শেখায়, আর ব্যবসা—যদি তা হালাল ও শরিয়তসম্মত হয়—মানুষকে প্রতিদিন আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে শেখায়। তাই ব্যবসা কেবল অর্থনৈতিক কর্মকাণ্ড নয়; এটি ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি নির্ভরতার এক চলমান বিদ্যালয়।
আমরা সাধারণত ব্যবসাকে লাভ-লোকসানের অঙ্কে মাপি। কিন্তু একজন ব্যবসায়ীর প্রতিটি সকাল আসলে একটি ঈমানি পরীক্ষার সূচনা। তিনি দোকান খোলেন, পণ্য সাজান, ক্রেতার অপেক্ষায় থাকেন; কিন্তু নিশ্চিত করে বলতে পারেন না, আজ কত বিক্রি হবে, এই মাসে লাভ হবে নাকি লোকসান। সব পরিকল্পনা, হিসাব আর পরিশ্রমের পরও একটি সত্য অপরিবর্তিত থাকে—রিজিকের ফয়সালা মানুষের হাতে নয়; আল্লাহর হাতে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, "আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তাঁর জন্য আল্লাহই যথেষ্ট।" (সূরা আত-তালাক: ৩)
এই আয়াত শুধু বিপদের সময়ের জন্য নয়; প্রতিদিনের ব্যবসায়িক জীবনেও এর গভীর তাৎপর্য রয়েছে। একজন ব্যবসায়ী যত বেশি বাস্তবতার মুখোমুখি হন, তত বেশি উপলব্ধি করেন—বাজার কারণ হতে পারে, কিন্তু রিজিকের মালিক বাজার নয়; আল্লাহ।
তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ইসলাম কখনো অলসতাকে তাওয়াক্কুল বলে না। প্রকৃত তাওয়াক্কুল হলো সর্বোচ্চ পরিকল্পনা করা, যথাসাধ্য পরিশ্রম করা, বৈধ সব উপায় অবলম্বন করা, তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মহান আল্লাহ বলেন, "অতঃপর যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ কর, তখন আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।" (সূরা আলে ইমরান: ১৫৯)
এই শিক্ষা একজন ব্যবসায়ী প্রতিদিন বাস্তবে অনুশীলন করেন।
কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি প্রায়ই এমন দৃশ্য দেখি, যা তাওয়াক্কুলের অর্থকে নতুন করে উপলব্ধি করায়। গভীর রাতে বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি সবজি, ফল কিংবা কৃষিপণ্য রাজধানীর আড়তে পৌঁছায়। কেউ জানে না, ভোরের বাজারে দাম কেমন হবে। কখনো প্রত্যাশার চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি হয়, আবার কখনো কোনো পূর্বাভাস ছাড়াই অল্প সময়ের মধ্যে পুরো চালান শেষ হয়ে যায়। বাজারের এই অনিশ্চয়তা মানুষকে বারবার মনে করিয়ে দেয়—আমরা চেষ্টা করি, কিন্তু রিজিকের ফয়সালা করেন আল্লাহ তাআলা।
কতকিছুর হাট পরিচালনার অভিজ্ঞতায় আমি দেখেছি, কখনো পরিকল্পনার চেয়েও বেশি লাভ এসেছে, আবার কখনো সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও আশানুরূপ ফল পাওয়া যায়নি। এমন অনেক দিন গেছে, যখন হিসাব-নিকাশ মিলছিল না; অথচ আল্লাহ এমন একটি রাস্তা খুলে দিয়েছেন, যা কল্পনাতেও ছিল না। আবার এমন দিনও এসেছে, যখন বাজার অনুকূলে ছিল না, কিন্তু অন্তর ছিল প্রশান্ত। তখন আরও গভীরভাবে উপলব্ধি করেছি—ব্যবসার প্রকৃত শিক্ষা শুধু মুনাফা নয়; বরং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে শেখা।
এ কারণেই রাসুলুল্লাহ ﷺ-এর ব্যবসায়িক জীবন আমাদের জন্য অনন্য আদর্শ। নবুওয়াত লাভের পূর্বে তিনি একজন সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি শাম অঞ্চলে বাণিজ্য সফর করেছেন, মানুষের বিশ্বাস অর্জন করেছেন এবং সততা ও আমানতদারির কারণে 'আল-আমীন' উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি দেখিয়েছেন, ব্যবসার প্রকৃত মূলধন শুধু পুঁজি নয়; চরিত্রও।
সাহাবায়ে কেরামের অনেকেই ছিলেন সফল ব্যবসায়ী। হজরত আবদুর রহমান ইবন আওফ (রা.), হজরত উসমান ইবন আফফান (রা.)-এর মতো মহান সাহাবিরা বিপুল সম্পদের মালিক ছিলেন। কিন্তু তাঁদের সম্পদ কখনো তাঁদের অন্তরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়নি। কারণ তাঁরা সম্পদের ওপর নয়, সম্পদের মালিকের ওপর ভরসা করতেন।
তবে ব্যবসার এই মর্যাদা শর্তহীন নয়। মিথ্যা, প্রতারণা, ভেজাল, সুদ, মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কিংবা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে লাভ করা—এসব ব্যবসাকে বরকতশূন্য করে দেয়। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।" (সহিহ মুসলিম)
আজ ব্যবসার ধরন বদলেছে। অনলাইন প্ল্যাটফর্ম, ই-কমার্স, আন্তর্জাতিক বাণিজ্য, ডিজিটাল পেমেন্ট—সবকিছুই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কিন্তু একটি বিষয় বদলায়নি—রিজিকের মালিকানা। প্রযুক্তি যত উন্নতই হোক, বাজার যত বড়ই হোক, মানুষের হিসাবের ঊর্ধ্বে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত।
ব্যবসা মানুষকে শুধু লাভ করতে শেখায় না; অপেক্ষা করতে শেখায়। শুধু বিক্রি করতে শেখায় না; ধৈর্য ধারণ করতে শেখায়। শুধু মূলধন বাড়াতে শেখায় না; অহংকার কমাতে শেখায়। ক্ষতির দিনে 'আলহামদুলিল্লাহ' বলা এবং লাভের দিনে সিজদায় নত হওয়া—এই দুইয়ের মাঝখানেই একজন ব্যবসায়ীর ঈমানের পরীক্ষা।
আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন ব্যবসায়ীর, যিনি বাজারের হিসাব বোঝেন, আবার আকাশের মালিককেও ভুলে যান না; যিনি পরিকল্পনা করেন, কিন্তু পরিকল্পনার সফলতাকে নিজের কৃতিত্ব মনে করেন না; যিনি লাভে কৃতজ্ঞ থাকেন, লোকসানে ধৈর্য ধরেন এবং প্রতিটি লেনদেনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুযোগ মনে করেন।
আমরা যদি ব্যবসাকে শুধু টাকা উপার্জনের উপায় হিসেবে না দেখে আত্মশুদ্ধি, তাওয়াক্কুল ও ইবাদতের একটি ক্ষেত্র হিসেবে দেখতে শিখি, তাহলে আমাদের ব্যবসায় বরকত বাড়বে, চরিত্র সমৃদ্ধ হবে এবং সমাজে বিশ্বাসের পরিবেশ ফিরে আসবে।
কারণ একজন ব্যবসায়ী প্রতিদিন শুধু বাজারে যান না; তিনি প্রতিদিন নিজের ঈমানেরও পরীক্ষা দেন। আর যে ব্যবসায়ী সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে সঁপে দিতে পারেন, তিনিই প্রকৃত অর্থে তাওয়াক্কুলের স্বাদ পান। তাঁর ব্যবসা তখন শুধু দুনিয়ার জীবিকা থাকে না; হয়ে ওঠে আখিরাতেরও পুঁজি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ব্যবসা করার, ব্যবসায় সততা ও আমানতদারি রক্ষা করার এবং প্রতিটি অবস্থায় তাঁর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখার তাওফিক দান করুন। আমীন।
লেখক : আলেম ও কৃষি উদ্যোক্তা; ফাউন্ডার, কতকিছুর হাট। ই-মেইল: minhazantor10@gmail.com

