মরহুম শিক্ষকের মেয়ের হিফজ সম্পন্ন, গওহরডাঙ্গা মাদ্রাসার দারুণ উদ্যোগ
বেলায়েত হুসাইন
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
ছবিতে মরহুম শিক্ষক, গওহরডাঙ্গা মাদ্রাসা ও নায়েবে মুহতামিম (বা থেকে)
হিফজ সম্পন্ন করেছেন মরহুম এক শিক্ষকের মেয়ে। এ উপলক্ষে প্রশংসনীয় একটি কাজ করেছে দেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা)।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির শিক্ষক ও জনপ্রিয় বক্তা মাওলানা সৈয়দ মাকসূদুল হক জানিয়েছেন, আমাদের মাদ্রাসার মহিলা শাখার হিফজ বিভাগের ওই শিক্ষার্থী হিফজ সম্পন্ন করায় সকল ছাত্রী ও শিক্ষিকাকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন। একই সঙ্গে ওই ছাত্রী ও তার শিক্ষিকাকেও বিশেষ উপঢৌকন দেন তিনি।
হিফজ সম্পন্নকারী ওই ছাত্রী গওহরডাঙ্গা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মরহুম মুফতি আব্দুল হাই (রহ.)-এর মেয়ে। যিনি মাদ্রাসায় ‘আলফাডাঙ্গা হুজুর’ নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন মাদ্রাসাটির আরেক শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান।
তিনি জানান, দুই বছরেরও কম সময়ে ওই ছাত্রী এ বিরল গৌরব অর্জন করেছেন। তার বাবা মরহুম আলফাডাঙ্গা হুজুর ইন্তেকালের পর মাদ্রাসা কর্তৃপক্ষ তার তিন মেয়ে ও দুই ছেলের পড়ালেখার দায়িত্বভার গ্রহণ করে। আজ তার সাফল্যে নায়েবে মুহতামিমের এই দায়িত্বশীলতাও তার এই মহান অর্জনকে আরও স্মরণীয় ও উৎসাহব্যঞ্জক করে তুলবে।
বিএইচ/

