প্রথমবারের মতো অনলাইনে ভর্তি নেবে মাদানি নেসাবের সূতিকাগার ও দেশের সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা আবু তাহের মেসবাহ প্রতিষ্ঠিত ‘মাদ্রাসাতুল মাদীনাহ’।
রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে একটি ওয়েবসাইট নিয়ে এসেছে এবং সেটি যে, ‘মাদ্রাসাতুল মাদীনাহ’র ওয়েবসাইট- এ বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন সেখানকার শিক্ষক মুফতি ইউনুস কাসেমী।
তবে অনলাইনে শুধুমাত্র নতুন ছাত্রদের ভর্তির সুযোগ রাখা হয়েছে এবং তারা মক্তব ও কিতাব বিভাগে ভর্তি হতে পারবে। সেখানে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। আগ্রহী ছাত্ররা চাইলে ওই নাম্বারে ফোন দিয়ে ভর্তি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারবে।
আমল-আখলাক ও পড়াশোনায় ‘মাদ্রাসাতুল মাদীনাহ’র সুনাম গোটা দেশজুড়ে। এটি অনেক ছাত্র ও তাদের অভিভাবকদের কাঙ্ক্ষিত কওমি মাদ্রাসা। এখানে কওমি মাদ্রাসার স্বাভাবিক সিলেবাসের সঙ্গে আরবি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির রয়েছে স্বতন্ত্র শিক্ষাসিলেবাস, যা ‘মাদানি নেসাব’ নামে প্রসিদ্ধ। বিগত কয়েক বছরে সারাদেশে ‘মাদ্রাসাতুল মাদীনাহ’র অনুকরণে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। দেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদানি নেসাব মাদ্রাসা হলো- জামিয়া আরাবিয়া বাইতুস সালাম, জামিয়াতুস সালাম, বাইতুর রাসুল (সা.), মাদ্রাসাতুল ইহসান, মাদ্রাসা দারুল কোরআন ইত্যাদি।
অনলাইনে ভর্তির জন্য এখানে ক্লিক করুন
বিএইচ/

