মাত্র ৫ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে আট বছরের ছোট্ট একটি শিশু।
শিশুটির নাম মানসুরা। তার বাড়ি পটুয়াখালী। সে রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের মাদ্রাসাতুল কুরআন লিল বানাতের হিফজ বিভাগের শিক্ষার্থী।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি সাইদ আহমাদ বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে মানসুরা এই কীর্তি অর্জন করেছে।
হিফজ করতে মানসুরা প্রতিদিন প্রায় আধা পারা করে সবক শোনাত এবং শেষের দিকে এক পারা সবক দেওয়ার অনন্য কীর্তিও দেখিয়েছে সে। তার সফলতার জন্য মাদ্রাসার তরফ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মাদ্রাসাতুল কুরআন লিল বানাত রাজধানীতে অবস্থিত মেয়েদের দ্বীনি শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান। ৬ জন হাফেজা শিক্ষিকার তত্ত্বাবধানে এখানের হিফজ বিভাগে অন্তত ১২০ জন ছাত্রী পবিত্র কোরআনের হিফজ পড়ছে। আর পুরো মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৩৫০ জনের মতো।
বিএইচ/


