জিকির-ফিকিরে শেষ হলো বাহিরদিয়া মাদ্রাসার ইসলাহী ইজতেমা
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮
আল্লাহর জিকির ও দ্বীনির ফিকিরের মাধ্যমে সমাপ্ত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদ্রাসার ইসলাহী ইজতেমা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় গত সোমবার (১০ ফেব্রুয়ারি) শুরু হওয়া মহতি এ দ্বীনি ইজতেমা।
আখেরি মোনাজাত করেন বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম ও সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা মোহাম্মদ আকরাম আলী। এ ছাড়াও তিন দিনব্যাপী ইজতেমায় দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।
তারা হেদায়েত, ইসলামের সৌন্দর্য ও শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন। ইজতেমাকে কেন্দ্র করে এলাকায় দ্বীনের ভিন্নরকম একটি আবহ তৈরি হয়। আশপাশের গ্রামগুলো ছাড়াও অনেক মানুষ আলেমদের সোহবত পেতে দূর-দূরান্ত থেকে ইজেতেমায় অংশ নেন।
বাহিরদিয়া মাদ্রাসা দেশের অন্যতম প্রাচীন একটি কওমি মাদ্রাসা। ১৯৪১ সালে মাওলানা আব্দুল আজিজ (রহ.) এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ইলমেদ্বীন শিক্ষাদানের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দ্বীনের সহি জ্ঞান বিতরণ ও শিরক-বিদআত দূরীকরণে বাহিরদিয়া মাদ্রাসার অবদান অপরিসীম। ইসলামবিরোধী নানা কার্যকলাপের বিরুদ্ধে সাহসী ও সুদৃঢ় অবস্থানের কারণেও বাহিরদিয়া মাদ্রাসা স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়।


