বাংলাদেশের পত্রিকা থেকে
ঋণের টাকায় ‘দুবাই সাম্রাজ্য’
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:৩৩
সমকাল প্রধান শিরোনাম করেছে, ঋণের টাকায় ‘দুবাই সাম্রাজ্য’
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো রকম পুঁজি খাটাননি। শুধু কইয়ের তেলে কই ভেজেছেন আশিকুর রহমান লস্কর। বন্দরনগরী চট্টলার এই ‘অখ্যাত’ ব্যবসায়ীর কাছে জালিয়াতি যেন এক শিল্প। চাতুরী করে দেশের ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের টাকা কৌশলে পাচার করে তা দিয়ে বিদেশে গড়েছেন বাহারি সম্পদ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর দুবাইয়ে কিনেছেন বিলাসবহুল ৬২টি অ্যাপার্টমেন্ট ও ভিলা। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক এখন তিনি। শুধু দুবাইয়ে নয়, কানাডায়ও আছে তিনটি অ্যাপার্টমেন্ট। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে দেশের বাইরে তিনি এসব সম্পত্তি কেনেন।
পুরোনো জাহাজ আমদানির আড়ালে অর্থ পাচারের চাঞ্চল্যকর এই অপরাধ উদ্ঘাটিত হয়েছে সমকালের অনুসন্ধানে। পাচারের ডলার প্রথম নেওয়া হয় অর্থ পাচারের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, লাইবেরিয়া এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে নিবন্ধিত বিভিন্ন কোম্পানিতে। এসব দেশ করের স্বর্গ হিসেবে পরিচিতি। এর পর এসব দেশ থেকে স্থানান্তর হয় দুবাই ও কানাডায়। কয়েক বছর ধরে তিনি যে অর্থ পাচার করেছেন, তা হয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংকের কয়েক কর্মকর্তার যোগসাজশে। ঋণখেলাপির মামলায় গ্রেপ্তার এড়াতে বছর দুয়েক আগে ওই ব্যবসায়ী কানাডায় পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সিফোরএডিএস) এক প্রতিবেদনে দুবাইয়ে লস্করের সম্পদের বিবরণ রয়েছে।

প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, ‘যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ’
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-জেলেনস্কির নজিরবিহীন বাগ্বিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান তাঁরা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

চার দফা পরিকল্পনা
ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি।
ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি আলোচনায় কিয়েভকে রাখা।
ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করবে ইউরোপ।
ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন ও দেশটিতে শান্তি নিশ্চিত করা।
ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন।
আমার দেশ প্রধান শিরোনাম করেছে, ‘মিথিলা-অপর্ণাকে অবৈধ সহযোগিতা পররাষ্ট্রের’
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত মিথিলা ফারজানা এবং অপর্ণা পালকে কানাডায় পালিয়ে থাকতে সহযোগিতা করেছে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা উৎখাত হওয়ার পর নজিরবিহীন দ্রুততায় বেআইনিভাবে আলোচিত এই দুই কর্মকর্তার কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নির্দেশে এই দুই কর্মকর্তার ফাইল প্রস্তুত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনি সে ফাইল অনুমোদন করেন।

সংশ্লিষ্ট নথিতে দেখা গেছে, ২০২৪ সালের ৮ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক (প্রশাসন) ডিএম সালাউদ্দিন আহমেদ, মিথিলা ফারজানা, অপর্ণা পাল এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের জন্য ফাইল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে উপস্থাপন করেন। পররাষ্ট্র সচিব ফাইলটি তাৎক্ষণিকভাবে অনুমোদন দেন। অর্থাৎ ৮ আগস্ট সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই বিতর্কিত দুই কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে থাকা ৪টি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।
মানবজমিন প্রধান শিরোনাম করেছে, ‘ইফতার পণ্যের দাম কমেনি, ক্রেতাদের অস্বস্তি’
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবারে রমজানের আগে বাজারের চিত্র কিছুটা ভিন্ন দেখা গেছে। গত বছরের চেয়ে রমজানে প্রয়োজনীয় অনেক পণ্যের দাম বাড়েনি। কিছু কিছু পণ্যের দাম কমেছে। তবে এই কমার প্রভাব পড়েনি ইফতারির বাজারে। গত বছরের দামেই বিক্রি হয়েছে বেশির ভাগ ইফতার সামগ্রী। কিছু কিছু আইটেম বিক্রি হয়েছে বাড়তি দামে। এ ছাড়া ফলের বাজারে বাড়তি দামে ক্রেতাদের অস্বস্তি দেখা গেছে। রমজানের প্রথম দিন গতকাল বাজার ঘুরে এমন চিত্র মিলেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর ইফতার সামগ্রীর দাম খুব একটা বাড়েনি। তবে কমেওনি খুব একটা। কারণ যেসব পণ্য দিয়ে ইফতার আইটেম বানানো হয় তার দাম কমলেও ইফতার আইটেম আগের দামেই বিক্রি হতে দেখা গেছে। শশা, লেবু, বেগুনসহ কিছু কাঁচা পণ্য রমজান সামনে রেখে গত দুইদিনে অনেকটা বেড়ে যাওয়া ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বেড়েছে ফলের দামও। কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আপেল, মাল্টা, আঙ্গুর ও কমলা। রমজানকে কেন্দ্র করে বাজারে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, রমজানে চাহিদার তুলনায় পণ্যের জোগান কম থাকলে দাম বাড়ে বাজারে। ইফতার কিনতে আসা বেশির ভাগ ক্রেতাই অস্বস্তির কথা জানিয়েছেন।
নয়া দিগন্তে প্রধান শিরোনাম করেছে, ‘এ মাসে হাসিনার তদন্ত প্রতিবেদন’
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার নাম এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং এটি এই মাসেই পাওয়ার আশা রয়েছে।
তদন্তকারীরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তাজুল ইসলাম আরও বলেন, সব ঘটনার পেছনে শেখ হাসিনার নির্দেশ ছিল এবং তার বিরুদ্ধে আলাদা তদন্ত প্রতিবেদন তৈরি হবে। এছাড়া, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই ঘটে যাওয়া আবু সাঈদ হত্যার ঘটনায় চার আসামিকে ৯ই এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং প্রতিবেদনটি এপ্রিলের মধ্যে আদালতে দাখিল করা হবে। আবু সাঈদ হত্যার ঘটনায় তার পরিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে, এবং এই ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়।
কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, ‘যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ’
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর নিকুঞ্জ এলাকায় অবস্থিত মারজান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে চলছিল রাশিয়া গমনেচ্ছু ব্যক্তিদের বাচাই পরীক্ষা। গত ৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষায় অন্যদের সঙ্গে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের সদর থানার রেহাইচর এলাকার নির্মাণ শ্রমিক নিয়ামত আলী। মাস শেষে টেনেটুনে পকেটে জোটে মাত্র ২০ হাজার টাকা। সেখানে একই ধরনের কাজ রাশিয়ায় করলে পাবেন এক লাখ টাকার বেশি।
থাকা-খাওয়া, চিকিৎসাসহ আনুষঙ্গিক সব দায়িত্ব কম্পানির। এই সুযোগ হাতছাড়া করে কে! তাই স্থানীয় দালালের এক প্রস্তাবেই রাজি হতে দুইবার চিন্তা করেননি এই তরুণ। যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদপরীক্ষা দিতে আসা বেশির ভাগই দিনমজুর কিংবা স্বল্পবিদ্যায় ধাতস্থ। স্থায়ী কোনো চাকরি জোটে না বিধায় দৈনিক কিংবা মাসিক চুক্তিতে বিভিন্ন ধরনের কাজে যুক্ত।

রাশিয়ায় বেশি অর্থ আয়ের প্রলোভনে রাজি হয়ে যান প্রথম ভাবনাতেই। নিকুঞ্জের এই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত প্রায় ৪০০ ব্যক্তিকে রাশিয়ায় পাঠাতে চায় আল-সৌরভ ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সি। তবে সম্প্রতি কর্মী ভিসায় পাঠানোর কথা বলে রাশিয়ায় মানবপাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়ার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে আল-সৌরভ ওভারসিজের তরফে রাশিয়ায় কর্মী পাঠানোর এই তোড়জোড় সন্দেহ জাগায়।
দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে, ‘মধ্যপন্থা প্রতিষ্ঠাই দলের বড় চ্যালেঞ্জ’

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশে নিজেদের মধ্যপন্থার দল বলে দাবি করেছে। শুক্রবার দল ঘোষণার সময় বলা হয়েছে, সবার মতকে প্রাধান্য দিয়ে মধ্যপন্থার ভিত্তিতে দলের কার্যক্রম চলবে। ‘সেকেন্ড রিপাবলিক’ও ‘গণপরিষদ নির্বাচন, সংবিধান পরিবর্তনসহ অনেক বিষয়ই এসেছে দলের আত্মপ্রকাশের সময়। আত্মপ্রকাশের সময় দলটির প্রায় সব শীর্ষ নেতাই তাদের বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। তবে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো বা কর্মকৌশল কোনোটাই এখনও চূড়ান্ত করা হয়নি।’
এদিকে নতুন দলের আত্মপ্রকাশের অপেক্ষায় যেমন সব মহলে আগ্রহ ছিল, দল ঘোষণার পর তার সঙ্গে যুক্ত হয়েছে আলোচনা সমালোচনাও। শিক্ষার্থীদের নতুন দলকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রায় সবকটি রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। পাশাপাশি তারা এরইমধ্যে দলের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট নয় বলেও সমালোচনা করেছে।
এমবি

